একটি প্রতারণার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেদা (ছদ্মনাম) অর্থনীতিতে অনার্স পাস করে রংপুর থেকে ঢাকা আসেন কোনো চাকরিবাকরি পাওয়ার আশায় বিসিএস কোচিং করার জন্য। তিনি ফার্মগেটে একটা মহিলা হোস্টেলে থাকেন। আবেদার চেহারা খুব ভালো না হলেও মোটামুটি চোখে পড়ার মতো। ঢাকা এসে ঘটনাক্রমে তিনি তাঁদের কোচিং সেন্টারের কম্পিউটার অপারেটর পলাশের (ছদ্মনাম) প্রেমে পড়ে গেলেন। পলাশের বাড়ি তাঁদের পার্শ্ববর্তী জেলায়, চেহারাও সুন্দর। তিনি আবেদার কাছে নিজেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং কিছুদিনের মধ্যে তাঁর বোনের কাছে ইউএসএ চলে যাবেন বলে পরিচয় দেন। মফস্বলের মেয়ে আবেদা তাঁর এসব কথায় সহজে পটে গেলেন এবং রঙিন মধুর স্বপ্ন দেখতে লাগলেন। প্রেম-ভালোবাসার একপর্যায়ে তাঁরা পরিবারের সদস্যদের অগোচরে ঢাকায় এক কাজি অফিসের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে কিছুদিন সংসারও করলেন। আস্তে আস্তে পলাশের সব প্রতারণা আবেদার কাছে ধরা পড়ে গেল। আবেদা জানতে পারলেন, ইকবাল কোনোমতে এসএসসি পাস করে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে অপারেটর হয়েছেন। ইউএসে তো দূরে থাক, কোনো দেশেই তাঁর কেউ থাকে না। তিনি এক মধ্যবিত্ত গ্রাম্য পরিবারের ছেলে। ইতিমধ্যে ছেলেটি যৌতুকের জন্য মাঝেমধ্যে আবেদাকে চাপও দিতে লাগলেন, তার ওপর নানা শারীরিক-মানসিক নির্যাতনও করতে লাগলেন। অগত্যা আবেদা তাঁর হাত থেকে নিষ্কৃতি লাভের জন্য ঢাকা থেকে আবার রংপুরে মা-বাবার কাছে ফিরে গেলেন এবং তাঁদের সব ঘটনা খুলে বললেন। পরে মা-বাবার পরামর্শে আবেদা তাঁর স্বামীকে তালাকের নোটিশ পাঠালেন।নোটিশ পেয়ে ছেলেটি আবেদার বিরুদ্ধে পারিবারিক আদালতে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করে বসলেন। আদালত সব সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে বুঝলেন, এ বিয়েটা ছিল প্রতারণাপূর্ণ। মুসলিম আইন অনুযায়ী বিয়ে একটা দেওয়ানি চুক্তিমাত্র। আর ১৯৭২ সালের চুক্তি আইন অনুযায়ী মিথ্যা বা প্রতারণার আশ্রয়ে কোনো চুক্তি সম্পাদন করা হলে সেটা শুরু থেকেই বাতিল (Void ab initio)। তাই পলাশের করা মামলাটা খারিজ হয়ে গেল। আবেদা ও তাঁর পরিবারও হাঁপ ছেড়ে বাঁচল।