একটি প্রেম ও ধর্ষিতাকে হত্যার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বসে আছি একটি চাঞ্চল্যকর মামলার শুনানি শুনতে। সাক্ষ্যের জন্য দিন নির্ধারিত আছে। জবানবন্দি ও জেরার কুশলাদি রপ্ত করার জন্যই মূলত অপেক্ষা। আইনজীবীদের জন্য নির্ধারিত আসনের পেছনের আসনে একজন লোক। ভাঙা চেহারা। রোগামতো। সাদা রঙের দু-একটা বোতামবিচ্ছিন্ন শাট। আধাপাকা চুল। লুঙ্গি পরা। দেখেই বোঝা যায়, খুব সাধারণ পরিবারের লোক।তাঁর চোখের দিকে তাকাই। চোখে জল যেন ছলছল করছে। বারবার মাথায় হাত দিচ্ছেন। এপাশ-ওপাশ করছেন। পৃথিবীর সব অস্থিরতা যেন লোকটিকে ঘিরে ধরেছে। আমি নির্ধারিত আসন ছেড়ে পেছনের সারিতে গিয়ে বসলাম। আদালতের কার্যক্রম শুরু হয়ে গেছে। ফিস ফিস করে তাঁকে বললাম, ‘ভাই, আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে পারি?’ লোকটি হকচকিত হয়ে বললেন, ‘কী কথা ভাই?’ বললাম, ‘চলুন, বাইরে বারান্দায় যাই। এখানে তো কথা বলা যাবে না। আমরা দুজন পেছন থেকে বেরিয়ে এলাম দোতলার বারান্দায়।’লোকজনের ভিড় ঠেলে একটু ফাঁকা জায়গায় দাঁড়ালাম। তাঁকে জিজ্ঞেস করলাম, ‘আপনার কি কোনো মামলা আছে এখানে?’ কিছুটা বিরক্তি নিয়েই বললেন, ‘মামলা-মোকদ্দমা না থাকলে শখে কি বসে থাকে কেউ এখানে?’ তাঁকে পরিচয় দিয়ে বললাম, ‘আপনি বিরক্ত হবেন না। মামলার ঘটনাটা জানতে চাই।’ লোকটি তখন আবেগি গলায় বললেন, ‘ভাই, থানা-পুলিশের ওপরে আমার আর কোনো আস্থা নেই। সবখানেই টাকার খেলা। আমি তো গরিব। গরিবের ছেলে। এত টাকা-পয়সা দিয়ে কিছু ম্যানেজ করতে পারি না। থানা-পুলিশকে পোষাইতে পারি না। আমার বোনের হত্যার বিচার হবে কি না, জানা নেই। আসামিরা অনেক প্রভাবশালী, টাকা-পয়সার জোর বেশি। ওরা টাকার জোরে খালাস পেয়ে যাবে।’‘বোনের হত্যা কীভাবে হলো?’‘আমার বোন সেলিনা। বয়স ২৪ বছর। বোনের সঙ্গে এক লম্পট ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। বোনকে প্রলোভন দেখিয়ে ওর সরলতা কাজে লাগায় ওই লম্পট। একপর্যায়ে বোনটার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। আমার বোন ছেলেটাকে সব সময় বলত বিয়ে করার জন্য। কিন্তু বিয়ে করবে করবে করে করেনি। শেষমেশ এই পরিণতি হলো বোনের।’‘আপনারা কি জানতেন না এ ঘটনা? বোনকে ফেরাননি কেন?’‘না, আমরা জানতাম না। জেনেশুনে কি কোনো মায়ের পেটের বোনকে কেউ এই কাজ করতে দেয়? শেষের দিকে এসে জেনেছি। তখন আর বোনটাকে ফেরানোর উপায় ছিল না।’‘আপনার বোনের সঙ্গে ছেলেটার সম্পর্ক হলো কী করে?’‘আমার বাবা দারোয়ানের চাকরি করতেন ছেলেটার চাচার জাহাজের কারখানায়। এই সূত্রে আমার বোন সেখানে বাবাকে দেখতে যাওয়া-আসা করত। হয়তো একপর্যায়ে ছেলেটা বোনকে প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে।’‘কয় ভাইবোন আপনারা?’‘তিন ভাই, তিন বোন। বোনটা মেজ।’‘ওর হত্যা যে হলো, তা জানলেন কেমন করে? লাশ কোথায় পেলেন?’‘আমরা দোহারে মুকসেদপুর ইউনিয়নে থাকি। ছেলেটাও একই এলাকার। ৫ এপ্রিল ২০১০ সালে রাত ১০-১১টার দিকে ছেলেটা আরও কয়েকজন নিয়ে বাসায় এসে গল্প করতে থাকে। বাবা তখন তাদের চলে যেতে বলেন। বাবার কাছে তারা কিছু টাকা চায়। বলে, টাকা না দিলে তো আপনার মেয়েকে বিয়ে করব না। আমার ছোট বোনকে উদ্দেশ্য করে বলতে থাকে, “ওই শ্যালিকা, এক লাখ টাকা দিতে হবে।” আমি তখন বাড়িতে ছিলাম না। বোনকে একটা মোবাইল ফোনসেট দিয়েছিল ওই ছেলেটা। ওরা একপর্যায়ে চলে যায়। রাত ১২টার দিকে বোনের মোবাইলে একটা ফোন দেয়। আমরা কেউই জানি না কী কথা হলো তখন। পরে রাত দুইটার দিকে ছেলেটা এসে আমার বোনকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। আমার বাবা-মা ঘুমাচ্ছিলেন। আমরাও টের পাইনি। শুধু ছোট বোনটি টের পায়। ও আমার কাছে ঘটনাটা বলে। কিন্তু বোনটা স্বেচ্ছায় বের হয়ে গেছে। আমি কোথায় খুঁজব। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে পাইনি। ছেলেটার বাড়িতে যাই। কিন্তু সেখানেও নেই। পরদিন সকালে তাইজুদ্দিন সড়কের বাঁশবাগানে বোনের লাশ পাওয়া যায়।’‘আপনার বোন কি গর্ভবতী ছিল?’‘ময়নাতদন্তের রিপোর্টে গর্ভবতী ছিল, বলা হয়েছে।’‘পরে থানায় গেলেন কখন? পুলিশ এসেছিল খবর পেয়ে?’‘পুলিশ এসেছিল খবর পেয়েই। মামলা দিয়েছে হত্যা মামলার। দণ্ডবিধির ৩৪/২০১/৩০২ ধারায়। কিন্তু আসামি দিয়েছে অজ্ঞাতনামা।’‘আপনারা তো জানতেন, আপনার বোনকে কে ডেকে নিয়ে গেছে?’‘আমরা পুলিশের কাছে বলেছি, সবার নামও দিয়েছি। কিন্তু পুলিশ বলে, আমরা নাকি আন্দাজ করে নাম দিয়েছি। পুলিশ বলে, নামগুলো থাক, তদন্ত করে দেখি আগে। পরে শুনেছি থানায় ৫০ হাজার টাকা দিয়ে আসামিরা নাম যাতে না দেয়, এ ব্যবস্থা করেছে। আমি তো লেখাপড়া জানি না। আমি এখনো জানি না, পুলিশ মামলায় কী লিখেছে।’‘মামলাটির কি তদন্ত চলছে এখন?’‘তদন্ত চলছে।’‘আসামিরা কি পলাতক?’‘না, ওরা তো থানা-পুলিশের সামনেই আমাদের হয়রানি করছে। হুমকি-ধমকি দিচ্ছে।’‘আপনি আদালতে এসেছেন কেন?’‘একটি এনজিও এই মামলা পরিচালনা করতে সহায়তা দিচ্ছে। এনজিওর আইনজীবীর সঙ্গে এসেছি মামলার কাগজপত্র তুলতে।’এখন কি আশা করছেন, প্রকৃত অভিযুক্ত ব্যক্তিদের নাম চার্জশিটে দেওয়া হবে?‘আশা তো দেখি না। পুলিশের ওপর কোনো ভরসা নেই আমার। এমনিতেই অজ্ঞাতনামা লিখেছে। আমার বোনের হত্যার মনে হয় আসল বিচার পাব না আর।’আমি ওই লোকটির কাছ থেকে বিদায় নিয়ে নিচে নেমে আসি। আর আদালতের ভেতর প্রবেশের মানসিক শক্তি খুঁজে পাইনি। সিঁড়ি দিয়ে নামতে নামতে তাঁর জায়গায় নিজেকে প্রতিস্থাপন করতে থাকি। আমার বোন ধর্ষিত হলো, ধর্ষণের পর হত্যা করা হলো, পুলিশ জেনেও ন্যায়বিচারের পথ সুগম করল না। চোখের মধ্যে জলের অস্বচ্ছ ঢেউ শুরু হলো আর ভাবতে থাকলাম বিচারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে কবে মিলবে এই হত্যার ন্যায়বিচার, কে জানে...।মামলাটির সর্বশেষ অবস্থা: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সঙ্গে যোগাযোগ করি মামলাটির খোঁজ নিতে। জানতে পারি, আদালতে বাদী হলফনামা দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের নাম দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে থানাকে পুনরায় তদন্তের জন্য এবং গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে এবং আদালতের বাধ্যতামূলক নির্দেশে মামলাটির চার্জশিট দেওয়া হয় নারী ও শিশু নিযার্তন দমন আইনের ৯(৩) ধারায়। এতে চারজনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে এক নম্বর আসামি জেলহাজতে আছে। দুজন অভিযুক্ত জামিনে এবং একজন পলাতক। ১৭ মে মামলাটির চার্জ শুনানির জন্য আছে ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। পাদটীকা: নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারা অনুযায়ী যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে এবং ধর্ষণের ফলে যদি কারও মৃত্যু হয় বা আহত হয় তাহলে ওই দলের প্রত্যক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অন্যুন এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত হবে। [email protected]