একটি বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠ, শরীর ও কাজ—আধুনিক নারীর চরিত্র বুঝতে এই তিনটি বিষয় যথেষ্ট নয়, কিন্তু অপরিহার্য বটে। আমাদের এই ভূ-প্রাকৃতিক অঞ্চলে, যেখানে ধর্ম, সংস্কৃতি, রাজনীতি, পারিবারিক ধ্যানধারণা, ঐতিহ্য ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করে নারীর বেড়ে ওঠা, চলাফেরা, মনমানসিকতা ও স্বাধীনতাকে; সেখানে নারীর জেগে ওঠার পেছনে কলকাঠি নাড়ছে এমন মূল বিষয়গুলোর ওপর আলোকপাত করা সহজ কাজ নয়। প্রশ্ন করা যায়, একবিংশ শতাব্দীর আধুনিক নারীদের মধ্যে কী আছে নতুন এবং ভিন্ন? কী কী প্রেরণা নিরন্তর কাজ করে যাচ্ছে নতুন শতকের নারীকে গড়ে তোলার পেছনে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে জানতে হবে, কেন এবং কী পরিবর্তন নারীকে এই পর্যন্ত এনেছে। সেটা কি নারীর ক্ষমতায়ন? নারীর কণ্ঠ ছাড়ার এবং নিজের কথা বলার স্বাধীনতা? নারীর মেধা ও কাজের ক্ষেত্র ক্রমশ বর্ধিত হওয়া? বিশ্বায়ন, গণমাধ্যম ও উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রভাব? সনাতন ধ্যানধারণার শৃঙ্খল ভেঙে নারীর বেরিয়ে আসার সাহস? রাষ্ট্র ও আইনপ্রণেতাদের দৃষ্টিভঙ্গির বদল? কোনটি? উত্তর সহজ নয়। তবে নারী ও নারীর উন্নয়ন নিয়ে গবেষণার জন্য এটি একটি অবশ্যম্ভাবী ও গুরুত্বপূর্ণ বিষয় বটে।‘দক্ষিণ এশিয়ার নারীর ক্ষমতায়নের পথ’—এ নিয়ে একটা গবেষণা কনসোর্টিয়ামের আয়োজন করা হয়েছিল বাংলাদেশে, বছর তিনেক আগে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই কনসোর্টিয়ামে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছিলেন ভারতের কাঞ্চন মাথুর, সানি জোশে, রত্না সুদর্শন, মেধা বিশত; পাকিস্তানের সাবা গুল খাটাক, আয়েশা খান, খাওয়ার মুমতাজ এবং বাংলাদেশের মাহিন সুলতান, আমেনা মোহসীন, সিমিন মাহমুদদের মতো প্রখ্যাত নারী গবেষক ও চিন্তাবিদেরা। তাঁদের গবেষণার মূল বিষয়বস্তু ছিল এই এলাকার নারীর ক্ষমতায়নের যাত্রাপথে বিদ্যমান প্রেরণাগুলো। আর এই প্রেরণা বা সংঘটকগুলোকে তিনটি বিভাগে আলোচনা করেছিলেন তাঁরা—এক. কণ্ঠ. দুই. কাজ, তিন. ক্ষমতায়নের পথে সম্পূর্ণতা। তাঁদের এই গবেষণা প্রবন্ধগুলো নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ম্যাপিং উইমেনস এমপাওয়ারমেন্ট-এক্সপেরিয়েন্স ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বইটি। নারীর ক্ষমতায়নের একটি প্রতীক হিসেবেই বোধ করি বইয়ের প্রচ্ছদে দেখা যায় এক হাস্যোজ্জ্বল তরুণী পোশাকশ্রমিক জোর পায়ে হেঁটে চলেছেন কর্মক্ষেত্রের দিকে, পাশে তাঁরই সমবয়সী এক তরুণ। প্রচ্ছদটি প্রতীকী। দক্ষিণ এশিয়ার নারীরা আর ঘরে আটকে নেই, রান্না-সন্তান ধারণ-সন্তান পালন—এর বাইরে তাঁরা জাতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বেরিয়ে এসেছেন বোঝা যাচ্ছে। আর তাঁদের এই বেরিয়ে আসাটা যে সামাজিকভাবে গৃহীত হয়েছে, পুরুষের নেতিবাচক ভূমিকাকে ছাড়িয়ে পুরুষকে পাশে রেখে সমানতালে এগিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে, তাও প্রতীয়মান। কিন্তু তার মানে এটা নয় যে এ অঞ্চলের নারীরা নিরাপদ, অহিংস এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা লাভ করতে সক্ষম হয়েছেন। উদাহরণ, পাকিস্তান থেকে আয়েশা খান বলেছেন, শাহিদ-মুমতাজ (১৯৮১) একটা জরিপে দেখেছেন যে কিশোরী-তরুণীদের একটা বড় অংশ ঘর ছেড়ে, পর্দা ছেড়ে বাইরে কাজ করতে এসেছে কেবল যৌতুকের চাহিদা মেটাতে, দারিদ্র্য তাদের বাধ্য করেছে ভিনদেশের শ্রমবাজারে আসতে। আরেকটি জরিপ, পাকিস্তান ইন্টিগ্রেটেড হাউসহোল্ড সার্ভে ১৯৯৮-৯৯ বলছে, শ্রমবাজারে অংশ নেওয়া নারীদের এই অংশগ্রহণ স্বেচ্ছায় ও সাগ্রহে নয়, বরং পরিবারের অন্যদের আদেশে। এই চিত্র কি বাংলাদেশের ক্ষেত্রে খুব অভিন্ন? একই প্রবন্ধে উল্লিখিত, পাকিস্তানের কর্মজীবী নারীরা শিকার হন মজুরিবৈষম্যের, অদক্ষতাজনিত দুর্ঘটনার এবং ঘরের কাজ ও শিশু পালন করতে গিয়ে দ্বিগুণ পরিশ্রমের (মাহবুবুল হক হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টার ২০০০)। আমাদের বেলায় কি ব্যাপারটা প্রায় একই রকম নয়? ক্ষমতায়নের যে আরেক দৃষ্টান্ত আমাদের এই তিনটি দেশে দৃশ্যমান, তা হলো রাজনীতিতে নারীর অংশগ্রহণ। তিন দেশেই ক্ষমতার শীর্ষে নারীদের অবস্থানের ইতিহাস প্রমাণ করে যে ক্ষমতা ও ক্ষমতায়ন দুটি এক জিনিস নয়। উদাহরণস্বরূপ আমাদের তিনটি শীর্ষস্থানীয় পদে তিনজন নারীর অবস্থান প্রমাণ করে না যে নারীরা এই দেশে বৈষম্যহীন সমাজে বাস করেন; বরং তাঁরাও কখনো কখনো শিকার হন বৈষম্যের ও পুরুষতান্ত্রিকতার। কাজেই হাসিমুখের এই তরুণীর পথে এখনো অজস্র বাধাবিঘ্ন, তাঁর পদতল কণ্টকাকীর্ণ, তাঁর চতুর্দিকে এখনো রয়েছে অনেক কুটিল হাত ও বক্রোক্তি, তরুণীর সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। তবে আশার কথা, তরুণীর চলার ভঙ্গি দৃপ্ত, দৃষ্টি হতাশ নয় এবং আমরা জানি, এই সমাজে একটি আলাদা পরিচয়, একটি নিজস্ব অবস্থান গড়ে তুলতে তাঁর এই প্রচেষ্টা থেমে থাকবে না। এখানেই আমাদের আশা ও ভরসা।বইটি সম্পাদনা করেছেন ফিরদৌস আজিম এবং মাহিন সুলতান, প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এবংব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।