পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রী
একটি বদমাশ দেশীয় প্রতিষ্ঠান বিশ্বব্যাংকে মিথ্যে অভিযোগ পাঠায়
পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সবকিছুই এখন নির্ভর করছে সেতু নির্মাণের প্রধান ঋণদাতা বিশ্বব্যাংকের মর্জির ওপর।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, কাল্পনিক বিভিন্ন অভিযোগের কারণে অনেক উন্নয়নকাজ পিছিয়ে যায়। ভেঞ্চার এন্টারপ্রাইজ নামের একটি ‘বদমাশ’ দেশীয় প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের কাছে মিথ্যে অভিযোগ পাঠায়। চীনে এ প্রতিষ্ঠান একটি শাখা কার্যালয় খুলেছে।এ বিষয়ে অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতুর জন্য যে পাঁচ পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে, তার একটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের এখন পর্যন্ত কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ পাওয়া গেলে ওই পরামর্শককে বাদ দিয়ে অন্যদের দিয়েই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।তবে আশাবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতুর নির্মাণকাজ আগামী জানুয়ারি থেকেই শুরু হবে।গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুয়েরেরোর সঙ্গে আগের দিন রোববার অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।কাউকে কালো তালিকাভুক্ত করতে চাইলে নানা প্রক্রিয়া সম্পন্নের পর অন্তত দুই থেকে তিন বছর লাগে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। আর সে কারণেই অভিযুক্তকে বাদ দিয়ে অন্যদের নিয়ে কাজ শুরু করে দেওয়ার পক্ষে তিনি। তবে এ ব্যাপারে বিশ্বব্যাংকের পক্ষ থেকে কোনো মতামত পাওয়া যায়নি বলে জানান তিনি।অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদ্মা সেতুর এক পরামর্শকের ব্যাপারে নালিশ জানাতে বাংলাদেশে এসেছিলেন। প্রধানমন্ত্রীকেও তিনি একই নালিশ করে গেছেন। তবে প্রধানমন্ত্রী গুয়েরেরোকে বলেছেন, ‘তোমার যদি কারও সম্পর্কে কোনো অভিযোগ থাকে, তার সুরাহা হবে অভিযুক্তের দেশে। আর কোনো প্রমাণ থাকলে আমাদের জানাও। একজনের জন্য সবকিছু নাকচ হয়ে যাবে, তা আমরা চাই না।’অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর পরামর্শকদের সঙ্গে বাঙালি ব্যবসায়িক গোষ্ঠীও রয়েছে। শুনেছি, কানাডায় বাঙালি ব্যবসায়িক গোষ্ঠীই উ ৎ কোচ সেধেছিল।’অর্থমন্ত্রী জানান, আগামী ২৩ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অভিযুক্তের বিষয়ে কিছু প্রমাণ উপস্থাপন করার কথা বলে গেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। অর্থমন্ত্রী বলেন, ‘আমি আগেই বলেছি, পদ্মা সেতুর কাজ শুরু হতে দেরি হচ্ছে। এ জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়।’অর্থমন্ত্রী বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে, আমরা তাকে বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানকে কাজ দেব। কিন্তু বিশ্বব্যাংক পরিষ্কার করে কিছুই বলছে না। গুয়েরেরোর কাছে আমি অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণাদি চেয়েছি। তিনি তা দিতে পারেননি। সামান্যতম অভিযোগ প্রমাণিত হলেও আমরা ওই প্রতিষ্ঠানকে বাদ দেব।’ অর্থমন্ত্রী বলেন, জলদি দরপত্র আহ্বান করাই এখন মূল লক্ষ্য। যত তাড়াতাড়ি তা করা যাবে, তত তাড়াতাড়ি সেতু নির্মাণের কাজও শুরু করা যাবে। তবে এটুকু বলা যায়, ওয়াশিংটন বৈঠকে সবকিছুরই একটা সুরাহা হবে।ক্ষোভের সঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনকে সমর্থন করি না। তবে ভেঞ্চার এন্টারপ্রাইজের জন্য এই আইনটি প্রয়োগ করা দরকার।’তিনটি বিষয় সম্পন্ন হলেই সেতু নির্মাণের কাজ শুরু করা যাবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। এগুলো হচ্ছে, সেতু নির্মাণে পরামর্শক নিয়োগ, দরপত্র অনুযায়ী কাজ দেখাশোনার পরামর্শক নিয়োগ এবং নদী শাসন।অনেকেই বলেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন যোগাযোগমন্ত্রী পদে বহাল থাকলে বিশ্বব্যাংক কোনো অর্থায়ন করবে না—এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রমাণ দেওয়ার পর বিশ্বব্যাংক জানাবে, এ ব্যাপারে তাদের কোনো আপত্তি আছে কি না। এর আগে আমি কিছু বলতে পারব না।’ জানা গেছে, বিশ্বব্যাংকের অনুরোধে পদ্মা সেতু প্রকল্পের কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিন গ্রুপের কর্মীদের সম্ভাব্য দুর্নীতি তদন্ত করছে কানাডা।