একটি বানর ও দুই রকম মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন ছেড়ে এক বানর চলে এসেছে ইট-পাথরের জঙ্গলে। তাও একেবারে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে। তবে বানরটি যে মানুষদের কবলে পড়েছে, তারা মোটেই মানবিক ছিল না। তারা বানরটি মেরে দুটি পা ও মেরুদণ্ড জখম করেছে। গুঁতিয়ে পিঠের একটি বড় অংশে ক্ষতও করেছে। তবে ব্যতিক্রমও আছে। কয়েকজন লোক এগিয়ে এসেছেন বানরটিকে বাঁচানোর জন্য। তাঁরা তাকে চিকিৎসা দিয়েছেন। শুশ্রূষা করছেন। খাবার দিচ্ছেন। গত ১৮ অক্টোবর আহত বানরটিকে গুলশান-২ নম্বরের ৬৮/এ নম্বর সড়কের, ১২ নম্বর বাড়ির সামনে থেকে উদ্ধার করেন দুলাল নামের স্থানীয় এক যুবক। এখন বানরটি আছে হোটেল এরিস্টোক্র্যাটের মালিক শরাফত আলী ও তাঁর ছেলে তামীম আলীর তত্ত্বাবধানে।দুলাল প্রথম আলোকে জানান, তিনি দেখতে পান, বানরটিকে ঘিরে বেশ কিছু লোক জড়ো হয়ে আছে। বানরটি হাঁটতে পারছে না। তিনি বানরটিকে নিয়ে যান পশু চিকিৎসকের কাছে। এরপর তার দায়িত্ব নেন হোটেল এরিস্টোক্র্যাটের মালিকের ছেলে তামিম আলী। তাঁদের ধারণা, সম্ভবত পার্শ্ববর্তী সেনানিবাস এলাকা থেকে বানরটি দলছুট হয়ে চলে এসেছে। সেখানে মাঝেমধ্যে বানর দেখা যায়। গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায়, বানরটি পেছনের পা দুটোতে এখনো ভালোভাবে ভর দিতে পারছে না। পিঠের একটি বড় অংশে ক্ষত হয়ে আছে। তবে এ কদিনে সে বেশ মানিয়ে নিয়েছে নগরের মানুষের সঙ্গে। হোটেলের কর্মচারীরা জানান, প্রথমে কেউ সামনে গেলে বানরটি তেড়ে আসার চেষ্টা করত, কখনো ভয় পেত। এখন তা আর হয় না। তামিম আলী বলেন, আহত বানরটি দেখে তাঁর খুব খারাপ লেগেছিল। এখন তাঁরা বানরটির দেখাশোনা করছেন। তিনি বলেন, ‘প্রথমে বানরটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার চিন্তা ছিল। কিন্তু টিভিতে দেখেছি, চিড়িয়াখানার প্রাণীগুলো খুব খারাপ অবস্থায় আছে। এ জন্য সে চিন্তা বাদ দিয়েছি।’ তামিম জানান, বানরটি পুরোপুরি সুস্থ হলে তাকে কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসবেন।