একটি বাল্যবিবাহ এবং...
মেয়েটির বয়স ১৪ বছর সাত মাস সাত দিন। কিন্তু নোটারি পাবলিক এফিডেভিট করে তার বয়স বাড়িয়ে ১৯ করে দিয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রাম থেকে একদল যুবক গত ২০ ডিসেম্বর মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। দুই দিন পর দিনাজপুরে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে অপহরণকারী দলের নেতা সেকেন্দার আলী বিয়ে করেন মেয়েটিকে। পরে কাজির কাছে গিয়ে সেই বিয়ে রেজিস্ট্রিও করা হয়। মেয়েটির বাবা জানান, মামলা করার এক মাস পরও পুলিশ তাঁর মেয়েকে উদ্ধার করতে পারেনি। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলছে, আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের একজন কৃষকের সন্তান এই মেয়েটি। স্থানীয় ধরন্দা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহিদুল ইসলাম জানান, মেয়েটি এ বছর জেএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের দেওয়া সনদ অনুযায়ী তার জন্মতারিখ ১৯৯৬ সালের ১৫ মে। মেয়েটির বাবা জানান, গত ২০ ডিসেম্বর বিকেল তিনটার দিকে তাঁর মেয়ে গ্রামের অপর প্রান্তে বান্ধবীর বাড়ি যাচ্ছিল। বান্ধবীর বাড়ির কাছাকাছি গেলে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের সেকেন্দার আলীসহ (২০) পাঁচ যুবক একটি সাদা রঙের মাইক্রোবাসে করে এসে মেয়ের পথ রোধ করে। তারা মেয়েটিকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় মেয়েটির চিৎকারে বান্ধবী বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর পাড়ার মানুষ বেরিয়ে এলে মেয়েটিকে মাইক্রোবাসে তুলে নিয়ে দ্রুত চলে যায় তারা। পরে অনেক চেষ্টা করেও মেয়েকে উদ্ধার করতে না পেরে অবশেষে ২৪ ডিসেম্বর নবাবগঞ্জ থানায় মেয়েটির বাবা বাদী হয়ে অপহরণকারী সেকেন্দার ও তাঁর দুই ভাইসহ পাঁচজনকে আসামি করে মামলা (নম্বর ১২) দায়ের করেন। অনুসন্ধানে জানা যায়, অপহরণকারীরা ২২ ডিসেম্বর দিনাজপুরের আইনজীবী এবং নোটারি পাবলিক জাহানারা চৌধুরীর কাছে এফিডেভিটের মাধ্যমে (নম্বর ৪৮৬০) সেকেন্দার আলী মেয়েটিকে বিয়ে করেন। সেখানে মেয়ের বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। পরে ২৫ ডিসেম্বর তাঁরা বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের কাজি মজিবুর রহমানের কাছে বিয়ে রেজিস্ট্রি করেন। কাজি মজিবুর রহমান জানান, তিনি নোটারি পাবলিকের এফিডেভিট দেখে বিয়ে রেজিস্ট্রি করেছেন।১৪ বছর বয়সী একটি শিশুকন্যার কীভাবে বিয়ে রেজিস্ট্রি করলেন? প্রথম আলোর এই প্রশ্নের জবাবে কাজি মজিবুর রহমান পাল্টা প্রশ্ন করেন, স্কুলে ভর্তি, বিয়ে রেজিস্ট্রি, পাসপোর্টসহ যাবতীয় প্রয়োজনে জন্মনিবন্ধন সনদ অনুযায়ী বয়সের বিষয়টি গুরুত্ব দেওয়া বাধ্যতামূলক। কিন্তু একজন নোটারি পাবলিকের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় কেন? এফিডেভিট নিয়ে মেয়েছেলে নিজে অথবা তাদের অভিভাবকেরা কাজির কাছে এসে বিয়ে রেজিস্ট্রি করতে বাধ্য করান। সমাজে বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ হিসেবে তিনি নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বয়স বাড়ানোকে দায়ী করেন।১৯ জানুয়ারি দিনাজপুর আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী জাহানারা চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি দিনাজপুর নারী ও শিশুনির্যাতন দমন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি। ২২ ডিসেম্বর কিশোরী একটি মেয়ের বয়স ১৯ বছর উল্লেখ করার এবং এফিডেভিটের মাধ্যমে সেকেন্দার আলী নামের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা তিনি স্বীকার করেন। তিনি বলেন, মেয়েটির অভিভাবকদের অনুরোধে তিনি তা করেছেন। মেয়েটির জন্মনিবন্ধনের সনদ তিনি দেখেননি। তা ছাড়া অন্য একজন আইনজীবীর মাধ্যমে ওই বিয়ে ও এফিডেভিটের দলিল হয়েছে। নোটারি পাবলিক হিসেবে তিনি কেবল এফিডেভিট করে দিয়েছেন বলে জানান।এদিকে মেয়েটির বাবা জানান, মেয়ের বিয়ের সময়যদি তারা উপস্থিত থাকতেন তবে তো মামলা করতেন না।দিনাজপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা কানিজ রহমান বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলিরাও না দেখে এমন কাজ করছেন। এসব কারণেই সমাজ থেকে বাল্যবিবাহ দূর করা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।এদিকে দাউদপুর গ্রামে সেকেন্দারের বাড়িতে গেলে তাঁর বড় ভাইয়ের স্ত্রী নূরজাহান জানান, সেকেন্দার কোনো লেখাপড়া করেননি। তিনি মেয়েটিকে নিয়ে ভারতে বোনের বাড়িতে পালিয়ে আছেন। মেয়ের বাবার করা মামলায় বড় ভাই হোসেন আলী ও চাচাতো ভাই আমিনকে পুলিশ ধরে নিয়ে গেছে। গ্রামবাসী জানান, মামলার পর ওই পরিবারের বাকি পুরুষ সদস্যরা সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।মেয়েটির বাবা জানান, তাঁর মেয়ের কোনো খোঁজ পাননি। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এ কে এম শফিকুল আলম জানান, ২৫ ডিসেম্বর বিরামপুর থানার সহযোগিতায় দুজন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছেন। মেয়েকে উদ্ধারসহ অন্য আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।