একটি বিদেশি সংস্থা দুদকের ওপর চাপ সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী
একটি বিদেশি সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় গতকাল সোমবার প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ওই বিদেশি সংস্থার নাম উল্লেখ করেননি। তবে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকের সঙ্গে কাজ করছে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক। বক্তৃতায় শেখ হাসিনা আরও অভিযোগ করেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পর থেকেই নানা ঘটনা ঘটানো হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক দোসররা এর সঙ্গে জড়িত। তিনি বলেন, রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর আক্রমণ, পোশাক কারখানায় আগুন দিয়ে মানুষ মারা, বিশ্বজিতের মতো হিন্দু সম্প্রদায়ের একটি ছেলেকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা—এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারকে দুর্নীতিবাজ হিসেবে তুলে ধরার জন্য নানা চাপ আর কৌশল করা হচ্ছে। নানাভাবে সরকারের কাজে বাধা দেওয়া হচ্ছে। দুদককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে সরকার। কিন্তু একটি বিদেশি সংস্থা দুদকের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে দুদক কীভাবে স্বাধীনভাবে কাজ করবে? আসলে সরকারকে জনগণের কাছে হেয় করার জন্যই এগুলো করা হচ্ছে। আর সরকারকে হেয় করতে পারলেই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের প্রধান আরও বলেন, ‘দেশে একটি শ্রেণী আছে, যাদের ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে। তাদের অর্থ আছে, পত্রিকা-মিডিয়া আছে। যা ইচ্ছা লিখে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু দল গঠন করে মানুষের সামনে যেতে তারা সাহস পায় না। তারা জনগণের মুখোমুখি হতে ভয় পায়। সে জন্য তারা ফাঁকফোকর খোঁজে। আপনাদের বুঝতে হবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছেন। এর পরিণতি কী, সবাই দেখেছেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে উপদেষ্টাদের একেক দল একেকবার পদত্যাগ করেন। নির্বাচন দিতে পারেননি। যাঁরা নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিলেন, তাঁরাই আবার টেলিভিশনে তত্ত্বকথা বলেন। তাঁদের কাছ থেকে তত্ত্বকথা শোনার অভিপ্রায় তাঁদের নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এক-এগারোর মতো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও বিরোধীদলীয় নেত্রীর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘আপনি যাদের আনতে চাইছেন, তারা কি আপনাকে ছাড়বে? আপনাদের দুর্নীতি দৃষ্টান্ত হয়ে গেছে। তা ছাড়া হাওয়া ভবনের হিসাবের পালাও আছে। আমরা হয়তো একটু ধীরে চলছি। তত্ত্বাবধায়ক সরকার এলে ধীরে চলবে না। হাওয়া ভবনেরও হিসাব নেবে।’ বিএনপির নেতা মওদুদ আহমদের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘যাঁর এক স্বাক্ষরে ২০টি ব্যাংক হিসাব রয়েছে, মৃত ব্যক্তির বাড়ি দখল করেছেন। আবার কখনো এই দল, কখনো বা ওই দল করেন, তাঁদের তত্ত্বকথা, পরামর্শ শুনলে আপনার (খালেদা) কল্যাণ হবে না।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ওয়াদা করেছে, যুদ্ধাপরাধীদের বিচার করবে। তাঁরা ওয়াদা রক্ষা করবেনই। জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা ফতোয়া দেন নারী নেতৃত্ব হারাম। আর বেগম জিয়ার পাশে বসলে খালি আরাম আর আরাম। বেগম জিয়ার পাশে বসলেই রক্ষা পাবেন না।’আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী। আরও বক্তৃতা করেন সুরঞ্জিত সেনগুপ্ত, সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম, মাহবুব উল আলম হানিফ, এ বি তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রমুখ। সভায় নূরলদিনের সারা জীবন নাটক থেকে আবৃত্তি করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর।