একটি বিধির কারণে আদালতে বাংলা ভাষার ব্যবহার আটকে আছে
আদালতে ভাষার ব্যবহার চলছে যথেচ্ছভাবে। উচ্চ আদালতে ইংরেজির ব্যবহার বাধ্যতামূলক। তবে নিম্ন আদালতে ইচ্ছেমতো বাংলা-ইংরেজি ব্যবহূত হয়। আইনজ্ঞরা বলছেন, দেওয়ানি কার্যবিধির ১৩৭ ধারা সংশোধন না হওয়ায় উচ্চ আদালতে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করা যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে বাংলা ভাষা ব্যবহার না করায় গত ২৪ বছরে কাউকে কোনো সাজার মুখোমুখি হতে হয়নি। যদিও বাংলা ভাষা প্রচলন আইনের (২) ৩ (১) উপধারায় বলা আছে, কোনো কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করেন, তাহলে তা বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। ৩ ধারায় বলা আছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী এ আইন অমান্য করলে তা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে অসদাচরণ বলে গণ্য হবে এবং তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অসদাচরণের সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতি।প্রসঙ্গত, তুলনামূলকভাবে সাম্প্রতিক সময়ে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার আগ পর্যন্ত তাঁদের জন্য (বিশেষ করে নিম্ন আদালতের জন্য) উল্লিখিত শৃঙ্খলা ও আপিল বিধি প্রযোজ্য ছিল।বাংলা ভাষা প্রচলন করার ক্ষেত্রে সংবিধান ও আইনের ৩ ধারার বাধ্যবাধকতা থাকলেও আদালত এই বাধ্যবাধকতার বাইরে রয়েছেন। কারণ, এই প্রশ্নে ১৫টি সিভিল রিভিশন আবেদনপত্রের নিষ্পত্তিকালে ১৯৯১ সালের ৮ নভেম্বর হাইকোর্ট একটি রায় দেন। ওই রায়ে উল্লেখ করা হয়, দেওয়ানি কার্যবিধির ১৩৭ ধারার ১ উপধারা মতে, আদালতে ইংরেজির ব্যবহার অর্থাৎ রায়, আরজি, সওয়াল-জবাব ইত্যাদি লেখা হলে তা আইনবিরুদ্ধ হবে না। কাজেই বাংলা ভাষা প্রচলন আইন প্রণীত হওয়ার আগে আদালতে যেমন ইংরেজি ভাষায় আরজি, সওয়াল-জবাব, দরখাস্ত, রায় লিখিত হচ্ছিল; তেমনটি চলতে পারে।প্রসঙ্গত, ওই রায়ে ভাষার ব্যবহার তিনটি অংশে ভাগ করে তার ব্যাখ্যাও দেওয়া হয়। এগুলো হচ্ছে রাষ্ট্রভাষা, সরকারের ভাষা ও আদালতের ভাষা। রাষ্ট্রভাষার অর্থ, যে ভাষা রাষ্ট্রের সব কাজে ব্যবহূত হয়। সরকারের ভাষা হলো নির্বাহী কার্যক্রমে ব্যবহূত ভাষা এবং আদালতের ভাষা বিচারিক কার্যক্রমে ব্যবহূত ভাষা। এ বিষয়ে জানতে চাইলে বিচারপতি গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, সংবিধানের ৩ অনুচ্ছেদের অধীনে প্রণীত সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইনের উদ্দেশ্য হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করা। কিন্তু বাংলা ভাষা প্রচলন আইনের ৩ ধারা বলবৎ করা হলেও এখনো দেওয়ানি কার্যবিধির ১৩৭ ধারা সংশোধন করা হয়নি। ফলে আদালতে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা যাচ্ছে না। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, দেওয়ানি কার্যবিধির ১৩৭ ধারার সংশোধন দরকার হলে তা করা হবে। সংবিধান অনুযায়ী আদালতে বাংলা ব্যবহারের ক্ষেত্রে ওই কার্যবিধি বাধা হতে পারে না বলে মত দেন তিনি। আইনমন্ত্রীর মতে, সদিচ্ছা আর আন্তরিকতা থাকলেই মাতৃভাষার ব্যবহার নিশ্চিত করা সম্ভব। তবে আইনি বাধা থাকাটাও বাঞ্ছনীয় নয়।