একটি বেওয়ারিশ ডায়েরির কয়েকটি পাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুঁসে ওঠা অজগরের মতো বিরাট মিছিলটা কেঁপে কেঁপে আসছে। কালো কালো মাথাগুলো রোদে চকচক করছে ওর শরীরের আঁশের মতো। সামনে গতকালের শহীদদের রক্তাক্ত কাপড় নিশানের মতো ওড়ানো। আরেকজনের কাঁধে একটা টুকরি। অনেক খালি টিয়ার গ্যাসের খোল দিয়ে তা ভর্তি। হাজারো পায়ের তালে রাজপথ উঠেছে নড়ে। তীরে আছাড় খাওয়া ঢেউয়ের মতো খানখান হয়ে ভেঙে যাচ্ছে একটা আওয়াজ: রাষ্ট্রভাষা বাংলা চাই।মিছিলটা শহরের সদর রেলওয়ে ক্রসিংটার কাছাকাছি আসতেই রাশটানা ঘোড়ার মতো থমকে ওঠে ক্রসিংটার ওপারের বুকে ব্যারিকেড করা পুলিশ আর সৈন্য দেখে। কিছুক্ষণ কেমন থমকে যায়। সামনের সারির লোকগুলোর চলার গতি যেন পিচগলা রাস্তায় আটকিয়ে যায়। পেছন ফিরে তাকায় কেউ কেউ। ভিড় থেকে ঠেলে বেরিয়ে এসে অনেকে দাঁড়ায় রাস্তার ধারে। উত্তেজনায়, কিন্তু দৃঢ় সংকল্পে চকচক করে চোখমুখ। দৃঢ়বদ্ধ শক্ত চোয়ালগুলো ঘামে স্যাঁতসেঁত করে। টুকরো টুকরো কথা আগুনের ফুলকির মতো উড়ে চলে একজনের ঠোঁট থেকে আরেকজনের ঠোঁটে।ওরা গুলি চালাতে পারে।না-ও পারে। কাল চালিয়েছে আজ ভয় দেখাচ্ছে।মুশকিল হলো, আমাদের কিছু অংশ ওরা মধ্যিখান থেকে ভেঙে ছত্রভঙ্গ করে দিয়েছে।তখন সেক্রেটারিয়েটের চাপরাশি, কেরানি—ওরা স্ট্রাইক করে আমাদের সঙ্গে মিলতে আসতেছিল কি না।হু, রেডিও আবার স্ট্রাইক। দারুণ ব্যাপার, কি বলেন? ঝাঁকালো চুলগুলো পেছন দিকে ঠেলে দিয়ে বলে ওঠে একটা বাচ্চামতো ছেলে।খুশিতে কেমন ঝলমল করতে থাকে ওর চোখমুখ।সামনে থেকে ভাঙলে দেখাইতাম। কাপুরুষ। মধ্যেখান। বেঈমান...দূর-অ।গুলি চালাইব, চালাউক না। ডরাই না আমরা। কী কন, ডরান আপনে? আমার কাঁধে ঝাঁকি দিয়ে বলে ওঠে খোঁচা খোঁচা দাড়িওয়ালা চাপাবসা একটা লোক। গেঞ্জিটা দিয়ে মুখ মুছে নিয়ে চোখজোড়া স্থির করে রাখে আমার মুখের ওপর। ঠোঁটের কোণে নিভে যাওয়া বিড়িটা দাঁত দিয়ে চেপে রাখে।কী কন?চালাতে পারে। আমি সামনে ব্যারিকেড করা পুলিশগুলোর শক্ত হাতের মুঠিতে চেপে ধরা রাইফেলের দিকে তাকিয়ে থাকি। ওরা কি আবার গুলি চালাতে পারে, গুলি?নাও ভি পারে, একবার ছাড়ছে, এদফা ডর দেখাইব।যারা এই কাঠফাটা রোদে, মিছিলে শরিক হয়েছি, আমরা ছাত্র-মজুর প্রত্যেকেই একেকটা শব্দের কেন্দ্র হয়ে দাঁড়ালাম। স্কুলের ছাত্র থেকে শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত।থমকিয়ে দাঁড়ানো মিছিলটাকে চিরে যায় একটা কথা—চার্জ।হঠাৎ ভ্যাবচ্যাকা খেয়ে যে যেদিকে পারে দৌড় দেয়। কে যেন মনের ঘৃণামিশ্রিত ক্রোধ চাপতে না পেরে ফেটে পড়েছে, জুলুম শাহি।বাতাসচেরা গুলির আওয়াজে শব্দটা ডুবে যায়।ওরা আবার খুন করেছে। কে যেন ডুকের ওঠে।কান্নার সুর চাপা পড়ে যায় হাজারো পায়ের আওয়াজে।চলতি পথে, গাছতলায় কুড়িয়ে পেয়েছিলাম একটি নীল মলাটের খাতা।এরই ভেতর লেখা ছিল অনেক কিছু। জীবনের দৈনন্দিন পথের টুকরো টুকরো কথা। আর ছিল—২০ ফেব্রুয়ারি ’৫২মানুষের জীবনে বহু আকাঙ্ক্ষিত মুহূর্ত—ছোটবেলার কাল্পনিক খেলায়, কৈশোরের প্রারম্ভে যে কল্পনার বিন্যাসে অহেতুক সারা মুখটাকে লজ্জায় রাঙা করে তুলত, আর যৌবনে যে রঙিন মাদকতা সারা শরীরকে আচ্ছন্ন করে ফেলে—চিন্তায়, স্বপ্নে; আমার জীবনে সেই স্বপ্নায়িত মুহূর্ত দেখা দিতে চলেছে। জানালা থেকে চোখজোড়া মেলে ধরেছি নীল আকাশের বুকে। চোখের মণি দুটোকে তুলে ধরেছি; না, ছুড়ে দিয়েছি। কী সুন্দর জ্যোৎস্না সারা পৃথিবীকে ঢেকে দিয়েছে রুপালি বন্যায়। আকাশ ছাপিয়ে চুইয়ে পড়ছে, পড়ছে বাড়ির ছাদ বেয়ে, গাছের পাতার ফাঁক দিয়ে নিচের লোকদের মাথার ওপর।রাস্তায় দাঁড়ানো লোকগুলো আশ্চর্য রকম নির্জীব। কিছুক্ষণ আগে এ রাস্তাটার ওপর দিয়ে ছাত্ররা ঘোড়ারগাড়ি করে আগামীকালের হরতালের কথা জানিয়ে গেছে। ঘোষণার রেশ মিলিয়ে যেতে না যেতে সরকারি ভ্যানযোগে ১৪৪ ধারা জারির ঘোষণা প্রতিটি লোককে আচ্ছন্ন করে ফেলেছে। এ আচ্ছন্নতা আমারও এসেছে। কেন জানি শিউরে উঠছি। আচ্ছা, জ্যোৎস্না কী সত্যিই; না আমার চোখের মণি ঘোলা? নিষ্প্রভ।২১ ফেব্রুয়ারিসারা শহর থমথমে। দোকানপাট কিছু খোলা, কিছু বন্ধ। ছাত্ররা জড়ো হয়েছে বিশ্ববিদ্যালয়ের মাঠে। রাস্তায় পুলিশ, ট্রাকভর্তি। রোদ তেতে উঠেছে মাথার ওপরে। কপালের দুই ধারে রগ দপদপ করছে। মুখগুলো সবারই উত্তেজনায় চকচকে। চোয়ালগুলো শক্ত হয়ে উঠেছে। চোখেমুখে ঠিকরে পড়েছে প্রশ্নের চিহ্ন। সবাই জানতে চায়, কী হবে, কী করবে এখন।...সরকার ১৪৪ ধারা জারি করেছে। এখন মিছিল করা মানেই এক শ চুয়াল্লিশ ভাঙা। তাতে আমাদের লাভ হবে না, গন্ডগোলের আশঙ্কাই বেশি...।সবাই খেপে উঠেছে শুনে।বিশ্বাসঘাতক।আমরা ফিরব না। ক্রুদ্ধ চিৎকার ও টিটকারিতে থেমে যায় বক্তার আওয়াজ।আমরা মিষ্টি বুলি শুনতে আসিনি। আমরা জানতে চাই, কী করব?জটলার ভেতর থেকে একজন লাফিয়ে ওঠে প্রেসিডেন্টের টেবিলের ওপর, বলে চলে, বন্ধুগণ, সরকার এক শ চুয়াল্লিশ দিয়ে আমাদের অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে। আমরা, বন্ধুগণ এক শ চুয়াল্লিশ ভাঙবই।তাই বলে মিছিল করব না, প্রকাশ্যে বাইরে সভা করব না। দশজন করে যাব অ্যাসেম্বলি হলের দিকে। জানাব আমাদের দাবি: সাড়ে চার কোটি জনতার দাবি...। মাতৃভাষার দাবি। উত্তেজনায়, রোদের তাপে রক্ত ফেটে পড়তে চায় সারা মুখে চোখে।একটা শব্দ মাথার ওপর ভেসে বেড়ায়: চলো অ্যাসেম্বলি।ইতিমধ্যে শুরু হয়েছে লম্বা হয়ে মিছিল বাঁধার সারি। ধাক্কাধাক্কি লেগে গেছে আগে দাঁড়ানোর জন্য।মিছিলের এক পাশে দাঁড়িয়ে ভেবেছি, কী করব? আমি কি এই মিছিলে শরিক হব? যদি কিছু হয়? সামনে ফাল্গুন...। মা তাই চিঠি লিখেছেন তাড়াতাড়ি আসতে। রাস্তার দিকে চেয়ে থাকি। দেখি: ট্রাকভর্তি পুলিশ। তেলে পালিশ করা লাঠির গিঁঠ আর সঙ্গীনের ফলাগুলো সূর্যের আলোয় চকচক করছে।টিয়ার গ্যাস ছাড়বে...একটা আওয়াজ দাঁড়ানো মিছিলের ওপর কেঁপে কেঁপে চলে। প্রতিটি ঠোঁট নড়ে ওঠে। একে অন্যকে জিজ্ঞেস করে। পাশের দাঁড়ানো অচেনা সঙ্গীদের কাঁধে হাত রেখে কথা বলে। পরস্পরের বন্ধুর মতো কথা বলে।সারা মুখ ঘামছে। কান তাতে গরম হয়ে গেছে। সূর্য আজ কী আগুন ছড়াচ্ছে? সবার শিরায়, স্নায়ুতে রক্তে? ভাবছি, কী করব। আমি কী করব? আজ আমাদের শিল্প প্রদর্শনী, আমার ছবি তাতে। বহু দিনের প্রত্যাশিত দিন আজ, শুধু আজ।কী করে কখন চিন্তার সমাধান করে টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য আর সবার সঙ্গে পুকুর থেকে রুমাল ভিজিয়েছি টের পাইনি। যখন পেলাম, দেখি গেটের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আর অন্যের সঙ্গে গলা মিলিয়ে আওয়াজ তুলেছি: রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই-ই।মেঘ না করে বৃষ্টি হওয়ার মতোই লাঠিচার্জ শুরু হয়ে গেল। সামনের কয়েকজন গ্রেপ্তার হলো। যে যেদিকে পারল দৌড়াল। তারপর একসময় দাঁড়িয়ে পরে দেখল রাস্তার দিকে। ট্রাকের মধ্যে বন্দীদের। সঙ্গীদের। ভেবে পাচ্ছে না কী করবে? শুধু ওদের কণ্ঠের সঙ্গে আওয়াজ মিলিয়েই চলেছে: রাষ্ট্রভাষা বাংলা চাই।আবার দশজন করে বের হলো গেট দিয়ে। আওয়াজ তুলেছে: রাষ্ট্রভাষা বাংলা চাই। গ্রেপ্তার। আবার বের হলো। আবার গ্রেপ্তার। কাড়াকাড়ি পড়ে গেছে বের হওয়ার জন্য। প্রত্যেকের মুখে একই প্রশ্ন, দেখি কত জনকে জেলে আটক রাখবে? দেখি কত জায়গা আছে জেলে? কেউ বাদ গেল না কাড়াকাড়ি থেকে। বিশ্ববিদ্যালয়ের এমএ ক্লাসের ছাত্র থেকে শুরু করে ক্লাস ফোরের ছেলেটা পর্যন্তও। শিল্পী, সাহিত্যিক, কবি— সবাই।ওদের বলিষ্ঠ পদক্ষেপে ভিত নড়ে উঠল। ফাটল ধরল জায়গায় জায়গায়। তাই শুরু হলো টিয়ার গ্যাস ছোড়ার পালা। লংরেঞ্জ। শুধু রাস্তায় নয়, বিশ্ববিদ্যালয়ের ভেতরেও।দৌড়াল। বাচ্চা, বুড়ো—সবাই। কাশল সমানে খক্ খক্ খক্। চোখ বেয়ে নেমে আসছে পানি। ঘনিয়ে এল চোখের পাতায় রাত্রির অন্ধকার। বন্ধ হয়ে যাচ্ছে দম।পানি। কারবালার ময়দান হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের ভেতর। সবাই ছুটেছে পুকুরের দিকে। একটু পানি এক টুকরো উজ্জ্বল হিরের চেয়েও দামি। আমিও চলেছি।পালাল সব। কিন্তু নিস্তার নেই। চলেছে তো চলেছেই টিয়ার গ্যাস আর টিয়ার বোম ছোড়ার পালা। নিরস্ত্র ছাত্র আর সশস্ত্র বাহিনী। হটল, কিন্তু দমল না।ছত্রভঙ্গ। পুলিশরা হাঁটছে রাইফেল আলগা করে হাতে রেখে ধরে।ঠোঁট চাটছে জিভ দিয়ে। কপালের ঘাম মুছছে হাতের কর্কশ চেটো দিয়ে। অফিসাররা ঠোঁটের বা কোণে আলতোভাবে সিগারেট চেপে টানছে। ছাড়ছে পেঁচিয়ে পেঁচিয়ে ধোঁয়া।বাতাসের ওপর ভর দিয়ে এল বিষাক্ত সব ধোঁয়া। গ্যাস। ঢুকল জানালা গলিয়ে, দরজার ফাঁক দিয়ে প্রতিটি ঘরে। কাশল। ছাত্র। প্রফেসর। সবাই কাশল খক্ খক্ খক্। একজনের রুমাল চলে গেছে অন্যের কাছে। দিয়ে দিচ্ছে স্বেচ্ছায়। ভ্রুক্ষেপ নেই কারও। ভুলে গেছে নিজেকে নিয়ে শুধু থাকতে। কষ্ট পাচ্ছে। তবুও। অচেনা আজ বন্ধু। বন্ধুর চেয়েও বড়। সাথি।বিশ্বাস করতে পারছে না। একে অন্যের দিকে ঘোলাটে চোখ জোড়া মেলে ধরেছে। আশ্চর্য হয়ে গেছে সব। তারা তো কোনো দিনই ভাবেনি বিশ্ববিদ্যালয়ের ভেতরেও আক্রমণ চলতে পারে? জটলা বেঁধেছে জায়গায় জায়গায়। উত্তেজনায় চোখমুখ চকচক করে ওঠে। ইস্পাতের মতো শক্ত হয়ে যায় ঘামে ভেজা মুখগুলো। কলম ধরা নরম হাতগুলোও জমাট হয়ে ওঠে।সূর্য মাথার ওপর। গন গন করে জ্বলছে আগুনের মতো। তাত ছড়িয়ে পড়েছে নিচে। গরম হয়ে উঠেছে সব। মাঠ। রাস্তা। পানি। মানুষ।ক্রুদ্ধ হয়ে উঠল অনেকেই। খোঁচা খাওয়া গোখরো সাপের মতো ফুঁসল সব।—মার শালাদের।বন্ধুগণ, আপনারা হিংসায় উন্মত্ত হয়ে উঠবেন না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাব। আমরা গন্ডগোল করব না। কিছু ক্রুদ্ধ ছেলেদের দিকে হাত জোড় করে বলে চলল অনেকেই। গলা তাদের বসে গেছে। ঘাম ছুটছে মুখ বেয়ে। ঠোঁটের কোণে জমে উঠেছে ফেনা। ছিটিয়ে পড়ছে ফেনাগুলো শ্রোতাদের দিকে।শান্তিপূর্ণ! রাগে ফেটে পড়ল একজন। বিশ্বাসঘাতক, বেঈমানের দল সব।হ্যাঁ, শান্তিপূর্ণ। আমাদের লক্ষ্য পুলিশের সঙ্গে গন্ডগোল নয়। আমাদের অ্যাসেম্বলি হলের দিকে যেতে হবে। এটাই মনে রাখবেন।দশজন করে আবার চলল গেট থেকে বের হতে। স্লোগান উঠেছে: রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না। ১৪৪ ধারা ভেঙে গেছে। চলল পুলিশ ব্যারিকেড ভেঙে দলে দলে ছত্রভঙ্গ হয়ে মেডিকেল কলেজের দিকে। ওখানে গন্ডগোল বাধে। মেয়েদের দলের ওপরও পুলিশের চার্জ, তারপর গ্রেপ্তার।সবার মনে বিক্ষোভ। শুধু ছাত্র নয়, রাস্তার পাশে দাঁড়ানো কেরানি, চাপরাশি, রিকশাওয়ালা আর সাধারণ মানুষের মনে বিক্ষোভ। ছাত্ররা উন্মত্ত। কিন্তু শান্ত। তারা গালা দিয়ে আটকানোর মতো মুষ্টিবদ্ধ হাতগুলো শরীরের সঙ্গে সেঁটে রেখেছে, গন্ডগোল করবে না। কিন্তু হলো। বাধ্য হলো। পুলিশ টিয়ারগ্যাস ছুড়েছে মেডিকেল কলেজের ছাত্রনিবাসে। খেপে গেল সব। বারুদে দেশলাইয়ের কাঠি পড়েছে। বিক্ষোভ ফেটে পড়ল আগ্নেয়গিরির গলন্ত লাভার মতো। ছড়িয়ে পড়ল একজন থেকে অন্যজনের মধ্যে।সংঘর্ষ হলো উভয়পক্ষের।বারবার চেষ্টা চলেছে হোস্টেলের ভেতরের ছাত্রদের ওপর লাঠিচার্জ করার। ছুটে এল তারা উন্মত্ত নেকড়ের মতো। টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে লাঠির আগায় দেশের ভবিষ্যৎ রত্নদের।বাধা দিল সবাই মরিয়া হয়ে। শার্ট ভিজে গেছে ঘামে। হাতে ফোসকা পড়েছে ঢিল ছুড়ে।টিয়ারগ্যাস ছুড়ছে ওরা। সমানে ছুড়েই চলেছে। বাতাসে ঘনিয়ে এল মৃত্যু। বিষাক্ত গ্যাস। শুধু গ্যাস ধোঁয়াটে হয়ে গেছে মেডিকেল কলেজের হোস্টেলের বাতাস। আকাশ। একটা জলভরা কলসি নিয়ে হুমড়ি খেয়ে পড়ল একটি ছেলে টিয়ার সেলের ওপর।সবাই ছুটে চলল অ্যাসেম্বলি হলের দিকে। পারল না। অ্যাসেম্বলি হলের সামনে পাহারারত সৈনিকের মেশিনগানের নল চকচক করছে সূর্যের আলো পড়ে। কেমন চোখধাঁধানো আলো আসছে ওখান থেকে।স্লোগান দিল ছাত্ররা। বাচ্চারাও। গলার দম বন্ধ হয়ে যাচ্ছে। বুক শুকিয়ে উঠেছে। ফুসফুস ছিঁড়ে যেতে চাচ্ছে। তা-ও মরিয়া হয়ে দিল। ঘৃণা ঠিকরে বের হচ্ছে,এমএলএরা বেরিয়ে আসো।সভ্যপদ থেকে পদত্যাগ করো।পুলিশ অফিসাররা জানাল আবেদন: লোক পাঠাও।আমাদের সঙ্গে আলাপ করো। তোমাদের কী দাবি জানাও।ছাত্ররা থেমে গেল। একে অন্যের মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়।ভাবতে থাকে।কিছুক্ষণ স্তব্ধতা। কেউ ঘাসের বুকে পা ঘসল। সিগারেট টানল।মুখের ঘাম রুমালে মুছল।আমরা যখন সবাই একে অন্যের সঙ্গে কথা বলায় মগ্ন, হঠাৎ কতগুলো তীব্র আওয়াজে চমকে উঠি। কতগুলো ছেলে শুয়ে পড়ল ইটের খোয়া দেওয়া রাস্তায়। ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে সবাই।বাতাস চিরে গুলি চলেছে। আগুনের ফলা। কুরে কুরে চলেছে সিসার গুলি সেরা সেরা ছেলেদের মাথার ভেতর, পেটে, বুকে। ঘাসের বুকে, ইটের খোয়া দেওয়া রাস্তায়, ঘরের বারান্দায় হুমড়ি খেয়ে পড়ে থাকা ছেলেরা হয়তো কারও একই ছেলে, স্বামী, হয়তো আরও, আরও অনেক কিছু।বন্যায় আক্রান্ত পশুর মতো সব পালাল। পেছন থেকে তেড়ে আসছে মৃত্যু। সিসার গুলি। এ যেন এক বিরাট উত্তাল, উদ্দাম ঢেউ, সমুদ্রের সব শক্তি নিয়ে আঘাত হেনেছিল তারের খাড়া পাহাড়ের গায়, কিন্তু পাথরের তীব্র আঘাতে বিন্দু বিন্দু হয়ে ছড়িয়ে পড়েছে আবার ঢেউয়ে ঢেউয়ে। আমরা সেই ছড়ানো বিন্দু, মেডিকেল কলেজের, ব্যারাক—ঢেউয়ের সারি।ফাঁকা আওয়াজ। কে যেন নিষ্প্রাণ গলায় বলে উঠল। গুলি মাথায় অনেকেই আবার চলল আহত ব্যক্তিদের আনতে। বিস্ময়ে হতবুদ্ধি হয়ে ও পরস্পরের কাছে মনের জ্বালা মিটিয়ে দাঁড়িয়ে রইল অনেকে। কী করবে, সে চেতনা, বুদ্ধি অনুভূতি সবই যেন কী এক দুর্বার আকর্ষণে মুছে গেছে। একে অন্যের গা ঘেঁষে দাঁড়াল। ভয় যতটা না পেয়েছে তার চেয়ে আশ্চর্য হয়েছে বেশি। আহত ব্যক্তিদের অনেকেই নিয়ে চলেছে। একজন চিৎকার করে বলে ওঠে, ভাই সব, এ হত্যার প্রতিশোধ নিতে হবে। দাঁড়ানো ছাত্রদের লক্ষ্য করে বলে চলে, দেখুন, বাংলা চাওয়াতে আমাদের উপহার।পাশ থেকে একজন ফিসফিসিয়ে বলে, ওভাবে বলবেন না, উনি ঘাবড়িয়ে যাবেন।না কিছুই হয়নি। না কিছুই হয়নি। সবাই নিজেদের সান্ত্বনা দিচ্ছি। আমরা যেন উপলক্ষ, আহত ছেলেটাই প্রধান। অতি কষ্টে উচ্চারণ করছি আমরা কথাগুলো। দাঁত দিয়ে চেপে ধরেছি নিচের ঠোঁট। কী বেজায় শক্ত নিচের ঠোঁটটি। কী ভীষণ ভারী।কলের পানির মতো ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে সবুজ ঘাসের ওপর; কিছুক্ষণ আগে যেখানে আমরা পরস্পরের আলোচনা চালিয়েছি, গল্প করেছি, সিগারেটের ছাই ঝেড়ে ফেলেছি, সেখানে রক্তগুলো ঘাসের ডগায় ভালো করে বসতে না বসতেই জমে যাচ্ছে আমাদের চিন্তার স্রোতের মতো।পানি। আহত ছাত্রটির গলা ঠেলে অতি কষ্টে বেরিয়ে আসে একটি শব্দ।টিয়ারগ্যাস থেকে আত্মরক্ষা করার জন্য কিছুক্ষণ আগে যে রুমালগুলো ভিজিয়ে ছিলাম প্রত্যেকেই তার মুখে নিংড়িয়ে দিই। ফিস ফিস করে বলে...আমার বাড়িতে খবর দেবেন। নামতা পড়ার মতো বলে চলে...নাম আবুল বরকত, ঠিকানা বিষ্ণুপ্রিয় ভবন...পল্টন লাইন। তাঁর প্রশ্ন কেউ শুনল কি শুনল না সেদিকে কোনো রকম ভ্রুক্ষেপ নেই, আশঙ্কাও নেই।কোনো ভয় নেই আপনার। সান্ত্বনা দিলাম আমরা। সে যেন উপলক্ষ, আসলে আমরাই লক্ষ্য। আমাদের কানগুলোকে সবাই সচেতন করে রেখেছি, ক্লাসে প্রফেসরের জরুরি নোট শোনার মতো।আমরা দমব না, দমব না। অস্পষ্টভাবে জড়ানো গলায় বিড়বিড় করে বলতে থাকে সে।ইতিমধ্যে ইমার্জেন্সিতে এসে গেছি। নার্স ও মেডিকেলের ছাত্ররা টিয়ারগ্যাসে এবং লাঠি চার্জে আহত ব্যক্তিদের নিয়েই ব্যস্ত। আমাদের ঢোকার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ পড়ার মতো ওরা চমকে ওঠে। ফ্যাকাসে চোখ মেলে ধরল আহত ব্যক্তিরা। এ ভয়ংকর সত্য ঘটনা দেখে নিজেরাই আশ্চর্য হয়েছে। নার্সদের ডেকে বলে, আপনারা ওদের দেখুন। ওদের দেখুন। ব্যাকুলতা, হূদয়াবেগে কেউ কেউ নিজেদের সামলাতে না পেরে কেঁদে ফেলে।সমানে আসছে আহত ব্যক্তিরা। পিঁপড়েগুলো যেমন খাবার ঘিরে জটলা বেঁধে আসে, তেমনই এল সবাই। এক-দুই-তিন। কত গুনব? একটা মানুষের স্নায়ুতে কতটা অত্যাচার সইতে পারে?ওয়ার্ডের পালিশ করা মেঝে রক্তে লাল হয়ে উঠল। আজ যেন দোল পূর্ণিমা। রক্তের রঙে সব খেলে এসেছে। কিছুক্ষণ পর স্ট্রেচারে করে যে মৃতদেহটাকে নিয়ে এল, সবাই তাকে দেখে স্তম্ভিত হয়ে গেল। মনের জ্বালা মেটানোর ভাষা ভুলে গেল। সম্মোহিতভাবে তাকিয়ে রইল—মাথার খুলি নেই, মগজটা একধারে পড়ে আছে স্ট্রেচারের।উঃ, কী সাংঘাতিক। মুখ হাত দিয়ে ঢেকে ডুকরে কেঁদে ওঠে স্কুলের একটা ছোট্ট ছেলে। আঙুলের ফাঁকে রক্ত।মাথা নিশানা করতে রাজনৈতিক আন্দোলনকারীদের মারার কথা নয়। প্রশ্ন করছে, না জবাব দিচ্ছে, প্রশ্নকর্তা হয়তো নিজেও জানে না। ওরা খুন করার জন্যই মেরেছে। খুনি-ডাকাত। চোখটাকে দুই হাতে রগড়িয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে সেই ছেলেটা।তোমার ভাই হয়? একজন ছেলেটার মাথার চুলগুলো হাত দিয়ে বুলিয়ে প্রশ্ন করে। উৎসুকভাবে চেয়ে থাকে ছেলেটার ঠোঁটের দিকে।ভাই? না। একই সঙ্গে পাশাপাশি ছিলাম। ওই যে ওর রুমাল—টিয়ারগ্যাস থেকে বাঁচার জন্য আমাকে দিয়েছিল ও। আমরা সবাই তাকিয়ে থাকি ওর হাতের দিকে। যেন ওর হাতের ছোট্ট মুঠিতে ধরা রয়েছে কোনো দামি পাথর। হাতের রুমালটা রক্তে ভেজা। টপ টপ করে চুইয়ে পড়ছে রক্ত মেঝের ওপর। সবার মুখ ইস্পাতের মতো কঠিন হয়ে ওঠে। একে অন্যের দিকে চায়। লাইটের আলোয় মুখগুলো ধারালো ছুরির মতো ঝলসাতে থাকে।সারা শহরে আগুনের মতো ছড়িয়ে পড়েছে খবরটা। হু-হু করে চলেছে বাতাস পাওয়া আগুনের মতো, এ রাস্তা থেকে ও রাস্তায়, এ গলি থেকে ও গলিতে।রাস্তায় জটলা বাঁধে মানুষ। ভুলে গেছে এক শ চুয়াল্লিশ ধারা জারির কথা। ভীষণ এক ঝড়ের তাণ্ডবলীলা যেন প্রতিটি মানুষকে করে তুলেছে আত্মনির্ভরশীল। একে অন্যকে জিজ্ঞেস করে, একঠো রিকশাওয়ালা ভি বলে মরিস গুলিমে?হ, লাশ বলে আবার গায়েব করছে কয়েকজনার। সাতজন এ যাবৎ। আল্লা জানে আর কতটা।লাইন বেঁধেছে। বড় বড় পা ফেলে চলল সব। মানুষের জীবন যেন আজ লাইনের প্রচণ্ড প্যাঁচে আষ্টেপৃষ্ঠে বাঁধা। ঘুম থেকে উঠে শোবার সময় পর্যন্ত অনবরত যে লাইন জীবনের প্রতিটি পদক্ষেপে, তার থেকে এ যেন অন্য।হাসপাতালের প্রাঙ্গণে ভরে গেছে বুড়ো, জোয়ান-বাচ্চায়। হোস্টেলে, ব্যারাকের ওপর শহীদদের রক্তাক্ত কাপড় নিশানের মতো ওড়ানো। রক্তাক্ত জায়গাগুলোয় পবিত্র স্থানের মতো ভিড় জমে উঠেছে।লাশ কই। লাশ দেখমু। সবার গলায় ফেটে পড়েছে ক্রুদ্ধ চিৎকার। কিন্তু দেখতে কেউ পেল না।সন্ধ্যার আবছায়া অন্ধকারে মানুষের ভিড় পাতলা হয়ে এল। দলকে দল আদিম যুগের মতো ফিরে এল। বুকে করে নিয়ে এল ঘৃণা। আগুন। পুড়িয়ে ছাড়খার করে দেবে। ধ্বংস করে ফেলবে সব।রাতটা কি বেজায় হালকা সবুজ। জ্যোৎস্না সারা গায়। জ্যোৎস্না আজ আর মানুষের মাথায় ঝরে পড়বে না। মেডিকেল কলেজের হোস্টেলের রক্তে চাক বাঁধা ঘাসে ঝরে পড়বে। ভিজিয়ে দেবে সব ঘাসের ডগাগুলো, সিগারেটের অর্ধদগ্ধ টুকরোগুলো। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কেন আজ আমার চোখের পাতা নেমে আসে, চোখের কোণ ব্যথা করে? আমার মা কি আজ এ সন্ধ্যায় আমার জন্য উন্মুখ হয়ে ট্রেনের বাঁশির আওয়াজ শুনছেন দেশের বাসায়? ছোট বোন শেফালী কি আজ সন্ধ্যায় তার ভাইয়ের আসার জন্য ছটফট করছে? ভাই তার শহর থেকে তার জন্য কী আনবে এ চিন্তায় কি তার চোখে ঘুম ব্যাহত? মায়ের চিঠিটা টেবিলে খোলা পড়ে রয়েছে—খোকা তাড়াতাড়ি আসিবে। বাসায় জরুরি দরকার!...আজই তার যাওয়ার কথা।সারা মেসটা কী নিঝুম। রুমমেট এখনো ফেরেনি। সে কি ফিরবে না?২২ ফেব্রুয়ারিসারা শহর কবরে চলে গেছে। মিলিটারি ট্রাক চলেছে ক্ষুধার্ত নেকড়ের মতো রাজপথের ওপর দিয়ে। দোকানপাট সব বন্ধ। রিকশা, গাড়ি-বাস কিছুই বাদ যায়নি। রেডিও স্ট্রাইক। সরকারের নিজের অফিসও! এজি অফিস, সেক্রেটারিয়েট সব। ব্যাংকও বাদ যায়নি।রাস্তাগুলো মিলিটারির হেলমেটে বিদ্ধ। সূর্যের তাপে চকচক করে বেয়নেট, মেশিনগান আর ব্রেনগানের নল। সারা শহরের দেয়াল বাংলা ও উর্দ্দু ভাষায় রাতারাতি আঁঁকাবাঁকা হাতে লেখা পোস্টারে ছেয়ে গেছে।... রাষ্ট্রভাষা বাংলা চাই। হত্যাকারীদের ফাঁসি চাই...দেশদ্রোহীর বিচার চাই।রাস্তায় জায়গায় জায়গায় জটলা। মুখগুলো সব দৃঢ়ভাবে চাপা। হাতগুলো মুষ্টিবদ্ধ। চোখের কোণে বিদ্যুৎ চমকায়। দূরে মিছিলের আওয়াজ ভেসে আসছে। সমুদ্রের ক্রুদ্ধ গর্জনের মতো আসছে হাজারো পায়ের আওয়াজ। ইতিমধ্যেই কোনো এক পার্টির প্রতি দোষারোপ করছে সরকারপক্ষ আর তার অনুচররা। কিন্তু জনতার আগ্নেয়গিরিতে যে লাভা জমেছে তা থেকে অগ্ন্যুপাত হবে। হ্যাঁ, হবেই। নিস্তার নেই কারও। জনতার আন্দোলন আজ এগিয়ে চলেছে। মিছিল থেকে এসে...। এরপর আর লেখা নেই। হয়তো ইনি ২২ তারিখের নিখোঁজদের মধ্যে কেউ হবেন। হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারি সংকলন থেকে