একটি ভালো দ্বিতীয় ইনিংসের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯৬ রানে ৭ উইকেট। উইকেটে টিকে গেছেন মুশফিক ও নাঈম। মুশফিকুর রহিম অপরাজিত ৭৯ রানে, আর নাঈম ইসলাম ৩৮ রানে। এমন সময় ব্যাকওয়ার্ড পয়েন্টে একটি বল ঠেলে দিলেন নাঈম। কারভেরির মিস ফিল্ডিংয়ের সুযোগে ১ রানকে ২ রান বানানোর সময়েই ভুল বোঝাবুঝিতে আউট নাঈম। একটি প্রতিরোধের স্বপ্ন যখন সবার মনে, ঠিক তখনই স্বপ্নের করুণ অপমৃত্যু। এমনটাই হয় বাংলাদেশের ব্যাটিংয়ের সময়। ধারণা করা হচ্ছিল, মুশফিক-নাঈম জুটি ভেঙে গেলে প্রতিরোধের আর কেউ নেই, কিন্তু সেই প্রতিরোধ ভেঙে পড়ার গল্পটা যে মাত্র ৪ বলের, সেটাই ভাবতে পারেনি কেউ। নাঈম আউট হয়ে যাওয়ার পরই বাকি ৩ বলে নেই বাংলাদেশের বাকি ২ উইকেট। এমন অভাবনীয় ‘গল্পগাথা’ কেবল বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ই সম্ভব।৩০৩ রানে পিছিয়ে থেকে ফলোঅনের জন্য মানসিকভাবে প্রস্তুতই ছিল বাংলাদেশ। কিন্তু প্রচণ্ড গরমকে মাথায় রেখে বোলারদের বিশ্রাম দিতে ইংল্যান্ড আজ আর বাংলাদেশকে ফলোঅন করায়নি। নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে সংগ্রহ করেছে ১৩১ রান। সব মিলিয়ে তারা এখন বাংলাদেশের চেয়ে ৪৩৪ রানে এগিয়ে। চট্টগ্রাম টেস্টের শুরুর দিন থেকেই রান-পাহাড়ে চাপা পড়া বাংলাদেশ এখন আক্ষরিক অর্থেই রানের চোরাবালিতে। বাংলাদেশ ক্রিকেট দলের চিরকালীন দুঃখ ব্যাটসম্যানদের কাণ্ডজ্ঞানহীনতা আরও একটি বিশাল টেস্ট পরাজয়ের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে দেশকে।ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার আবদুর রাজ্জাক। তিনি মাত্র ৪ ওভার বল করে ৭ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। অধিনায়ক সাকিব আল হাসান নিয়েছেন ৩৩ রানে ২ উইকেট। অন্য উইকেটটি মাহমুদউল্লাহর। তিনজন ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক, কারভেরি ও পিটারসেন ত্রিশোর্ধ্ব ইনিংস খেলে আউট হয়েছেন। তবে সবকিছু ছাপিয়ে কাল চতুর্থ দিন অপেক্ষা কেবল ইংল্যান্ডের আরও একটি ইনিংস ঘোষণার। এই টেস্ট থেকে প্রায় সবকিছুই হারিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের জয় কতটা দেরি করাতে পারে, সেটার ওপরই নির্ভর করছে বাংলাদেশের সম্মানটা। ওটা হারিয়ে ফেললে বলার থাকে না আর কিছুই।