১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির একটি মামলারও নিষ্পত্তি হয়নি ১৪ বছরে। হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীকে সর্বস্বান্ত করার ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের একজনও শাস্তি পাননি।শেয়ার কেলেঙ্কারির ওই ঘটনায় ১৫টি প্রতিষ্ঠানের ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিদের দুজন মারা গেছেন। আর বাকি মামলাগুলোর মধ্যে দুটি আপিল বিভাগে, পাঁচটি নিম্ন আদালতে ও সাতটি উচ্চ আদালতে শুনানির জন্য রয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ২৮ এপ্রিল এই মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে মামলার সর্বশেষ পরিস্থিতির এই চিত্র পাওয়া গেছে। এর এক দিন আগে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে মামলা পরিচালনার জন্য নতুন আইনজীবী নিয়োগের সুপারিশ করে। এ ছাড়া কমিটি এ-সংক্রান্ত সার্বিক কাজ তদন্তের জন্য তিন সদস্যের একটি উপকমিটিও গঠন করেছে।তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই অর্থ মন্ত্রণালয় মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিল। সে সময় সর্বশেষ পরিস্থিতি জানানো হলেও নিষ্পত্তির জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যোগাযোগ করা হলে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার প্রথম আলোকে বলেন, এসইসিও চায় মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক। এ জন্য মামলাটির ওপর সংস্থাটির নজর রয়েছে।আগের দফায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসার চার মাসের মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ওই শেয়ার কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল। সে সময় কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র। সর্বস্ব হারান হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী। এসইসি ১৯৯৭ সালের ২ এপ্রিল শেয়ার কেলেঙ্কারির অভিযোগে মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথকভাবে মামলাগুলো দায়ের করেছিল। আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি তালিকাভুক্ত কোম্পানি এবং সাতটি ব্রোকারেজ হাউসের পরিচালক ও কর্মকর্তাদের নাম রয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ইমতিয়াজ হোসেন অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী ইমতিয়াজ হোসেন ও রূপন অয়েল অ্যান্ড ফিডস লিমিটেডের মো. নুরন্নবী মারা গেছেন। মৃত্যুবরণ করায় ইমতিয়াজ হোসেনের পক্ষে মামলা খারিজের আবেদন করা হয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত বেক্সিমকো ও শাইনপুকুরের বিরুদ্ধে মামলার কোনো অভিযোগই গঠন করা সম্ভব হয়নি। মামলা করার পরের দিনই শাইনপুকুর হোল্ডিংস লিমিটেডের সালমান এফ রহমান, এ বি সিদ্দিকুর রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সালমান এফ রহমান, এ এস এফ রহমান ও ডি এইচ খান উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। উচ্চ আদালত থেকে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা যাবে না বলেও জানানো হয়। পরে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এসইসি। বর্তমানে মামলা দুটি আপিল বিভাগে রয়েছে। আরেক অভিযুক্ত ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের রেজওয়ান বিন ফারুক মামলা খারিজের জন্য রিট পিটিশন করলে হাইকোর্ট এসইসির প্রতি রুল জারি করেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে বিচার কার্যক্রম স্থগিত রয়েছেন। অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন দোহা সিকিউরিটিজের এ কে এম সামসুদ্দোহা, এসইএস কোম্পানির রুনা আলম, সাবেদ সিদ্দিকী, এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের হেমায়েত উদ্দিন আহমেদ, মুশতাক আহমেদ সাদেক, সৈয়দ মাহবুব মোরশেদ, শরীফ আতাউর রহমান, আহমেদ ইকবাল হাসান, সিকিউরিটিজ কনসালটেন্সের এমজি আজম চৌধুরী, শহীদুল্লাহ, অধ্যাপক মাহবুব আহাম্মেদ, চিক টেক্স লিমিটেডের মো. মাকসুদুর রহমান, ইফতিয়ার মোহাম্মদ, প্রিমিয়াম সিকিউরিটিজের এ রউফ চৌধুরী, মশিউর রহমান, সৈয়দ এইচ চৌধুরী, অনু জায়গীদার, আমাম সি ফুডস ইন্ডাস্ট্রিজের জহুর আহমেদ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মোহাম্মদ ভাই, এপেক্স ফুডসের জাফর আহমেদ, জহুর আহমেদ, চিটাগাং সিমেন্ট ক্লিংকার গ্রাইন্ডিং কোম্পানির এ এম এম শহীদুল হক বুলবুল, মো. রকিবুর রহমান ও আবু তায়েব।জানা গেছে, মামলার পরপরই নিম্ন আদালত রুনা আলম, সাবেদ সিদ্দিকী, মো. নুরন্নবী, হেমায়েত উদ্দিন আহমেদ, মুশতাক আহমেদ সাদেক, সৈয়দ মাহবুব মোরশেদ, শরীফ আতাউর রহমান, আহমেদ ইকবাল হাসান, ইমতিয়াজ হোসেন, এ কে এম সামসুদ্দোহার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। কিন্তু তাঁরা নিম্ন আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান। উচ্চ আদালত এসইএস কোম্পানির বিরুদ্ধে অভিযোগ বাতিল করেন। অন্য পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যান্ত্রিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে উল্লেখ করে উচ্চ আদালত পুনঃ অভিযোগ গঠনের জন্য পাঠান। পরবর্তী সময়ে এসইসি উচ্চ আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ তা গ্রহণ করায় ছয়টি মামলা আবার নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য ফেরত আসে। এভাবে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত করতে করতে পার হয়ে গেছে অনেক দিন। এ সময় কেবল ইমতিয়াজ হোসেন অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। বাকিরা আবারও উচ্চ আদালত থেকে সাক্ষ্য গ্রহণের ওপর স্থগিতাদেশ নিয়েছেন।এ ছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, চিক টেক্সটাইল, আমাম সি ফুড, প্রিমিয়াম সিকিউরিটিজ, অ্যাপেক্স ফুড ও সিকিউরিটিজ কনসালটেন্সি মামলা খারিজের জন্য আবেদন করে। তবে গত ফেব্রুয়ারি মাসে এপেক্স ফুডের আবেদন নাকচ করে দেন হাইকোর্ট। আর বাকি মামলাগুলো হাইকোর্ট বিভাগে রয়েছে। আজ ৩ মে চিটাগাং সিমেন্টের অভিযোগ শুনানির দিন ধার্য করা রয়েছে। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলা করা হয়। ১৯৯৬ সালে ২৬ ডিসেম্বর সরকার এই তদন্ত কমিটি গঠন করে। তিন মাস পর ১৯৯৭ সালের ২৭ মার্চ তদন্ত কমিটি সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।