একটি রুপার চাকতির খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধনঞ্জয় বিশ্বাসকে আমরা প্রথম দেখি চট্টগ্রামের গণিত উৎসবে, ২০০৯ সালে। জাতীয় উৎসব হয়ে সে চলে আসে গণিত ক্যাম্পে। ক্যাম্পাররা তার যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ করে তা হলো তার ‘কেমন জানি’ আচরণ। অঙ্কে খুব ভালো কিন্তু ডিসিপ্লিনে তত ভালো নয়। সাধারণত এসব ক্ষেত্রে আমরা পরের বছর খেয়াল রাখি, যাতে এ রকম শিক্ষার্থীদের ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকে। কিন্তু, ২০১০ সালে ধনঞ্জয় আঞ্চলিক গণিত উৎসবের চৌহদ্দিই পার হতে পারল না! স্বভাবতই ওর কথা আমার আর মনে থাকার কথা নয়।কিন্তু ২০১১-এর উৎসব শুরু হওয়ার আগে আমাদের দল গঠনের বিভিন্ন আলাপে আমি তার নাম শুনতে পাই। আমাকে জানানো হলো, ধনঞ্জয় এবারের ‘পোটেনশিয়াল সদস্য’। আমার একটু খটকা লাগলেও পরে জানলাম ধনঞ্জয় নিজে অনেক অঙ্ক করছে, আমাদের একাডেমিক টিমের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং নিজেকে আইএমওর (আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড) জন্য প্রস্তুত করছে।২০১১-এর গণিত উৎসবে যথারীতি চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস এবং ক্যাম্পে সাফল্য দেখিয়ে ধনঞ্জয় আমস্টারডামের দলে চান্স পেয়ে গেল। মাত্র ১ নম্বরের জন্য রুপার পদক পেল না। সেবার সে চারটি সমস্যা সমাধানের চেষ্টা করেছে। তিনটিতে পারফেক্ট স্কোর এবং একটিতে শূন্য, মানে এসপার অথবা ওসপার! আমি সেবারই প্রথম ওকে দেখলাম এবং ক্যাম্পারদের সঙ্গে একমত হলাম যে ও ‘কেবল’ গণিতই ভালোবাসে!২০১২ সালে আর্জেন্টিনাতে রওনা হওয়ার আগে ড. মাহবুব মজুমদারের কাছে জানতে চাইলাম টিম কেমন, বলল এখন পর্যন্ত সবচেয়ে সেরা দল, ‘মাথা ঠান্ডা’ থাকলে সবাই ভালো করবে। মার ডেল প্লাটাতে শুরুতে আমরা একই হোটেলে ছিলাম। উদ্বোধনের দিন ভোরবেলায় সেখানে পৌঁছেছি। দক্ষিণ গোলার্ধে শীতকাল, যার জন্য আমাদের আয়োজকেরা পুলওভারও দিয়েছে, একটা করে। কিন্তু দেখা গেল, পরের দিনগুলোতে ধনঞ্জয়ের সেটি গায়ে দেওয়ার তেমন আগ্রহও নেই। এমনকি আসার দিন দেখি, সেটি সে রুমে রেখে এসেছে! পরে মুগ্ধ হয়ে সেটি নিয়ে আসে।সেই ২০০৪ সালের এথেন্স থেকে গণিত অলিম্পিয়াডে ডেপুটি লিডারগিরি করা ছাড়াও আমার আরেকটি কাজ হলো, প্রথম আলোর জন্য নিয়মিত রিপোর্ট পাঠানো। খেলাধুলার অলিম্পিকের রিপোর্টের সঙ্গে বাংলাদেশের সংবাদপত্র পাঠকদের দীর্ঘদিনের পরিচয়। কিন্তু মেধার কোনো প্রতিযোগিতা থেকে প্রতিদিন কেউ হালনাগাদ খবর পাঠাচ্ছে, সেটি আবার আলাদা লোগো দিয়ে ছাপা হচ্ছে—এটি সেবারই প্রথম বাংলাদেশের পাঠকেরা দেখেছে, প্রথম আলোর কল্যাণে। রিপোর্টের খাতিরে আমার একটু বাড়তি খবর রাখতে হয়, অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে হয়। খোঁজ নিতে গিয়ে দেখা গেল খেলাধুলা, বেড়ানো কিংবা মজা করাতে অন্যদের চেয়ে ধনঞ্জয়ের আগ্রহ বেশি। যান্ত্রিক ষাঁড়ের সওয়ারি হয়ে কপাল কেটে ফেলার সৌভাগ্যও আর কারও হয়নি!২০১১ সালের আইএমওতে যারা ২৮ পেয়েছে, তারা সোনার পদক পেয়েছে। ধনঞ্জয়ের অতীত বলে সে যদি চারটি সমস্যার সমাধান করে, তা হলে ২৮-এর সম্ভাবনা টিকে থাকে। তবে, প্রথম দিন সবার সঙ্গে আলাপ করে বুঝলাম, ২৮-এর সম্ভাবনা কমেছে। দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে শুরু হলো আমাদের রুপা অন্বেষণ। আমার মধ্যে একটা অস্থিরতা থাকলেও ড. মাহবুব সেটা আমলেই নেন না। আমি ফেসবুক খুললে অনলাইন হলেই সবাই জানতে চায়—কী হবে, রুপা হবে তো?তখনো আমরা জানি না হবে কি না। কারণ ২ নম্বর সমস্যার সমাধানে ধনঞ্জয় আসলে কোনো নম্বর পাবে কি না, তা মোটেও আমরা নিশ্চিত নই, এমনকি ধনঞ্জয় নিজেও আংশিক নম্বরের আশা ত্যাগ করেছে। আর আমি তো জানি ও হয় ‘৭’ না হয় ‘০’। তবে মাহবুব বললেন, ‘ওর সমাধান সম্পূর্ণ হয়নি বটে, তবে যেভাবে সে আগাচ্ছিল, তাতে একটা কিছু হতে পারে।’ তবে আমরা দুজন সেই একটা কিছু বের করতে পারলাম না। কাজেই সমন্বয়ের টেবিলে আমরা যখন ধনঞ্জয়ের খাতা উপস্থাপন করি, তখনো জানি না ভাগ্যে কী আছে। কিন্তু দেখা গেল আর্জেন্টিনার সমন্বয়কারীরা ধনঞ্জয় যেখানে শেষ করেছে, সেখান থেকে একটা সমাধানে পৌঁছেছে। তারাই প্রস্তাব করল ‘৪’ দিতে। আমাদের তো অনেক দুঃখ নেই যে আমরা আপত্তি করব।তখনই আমি জানি আমরা রুপা পাবই। কারণ, বাকি তিনটিতে ধনঞ্জয়ের ২১ তো হয়েছে। অর্থাৎ ওর নম্বর হবে ২৫। এভাবেই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আমাদের প্রথম রুপার পদক নিশ্চিত হলো!