একটি সংবাদ এবং পুলিশের প্রতিবাদ
বসুন্ধরার মালিকানাধীন পত্রিকা দৈনিক কালের কণ্ঠে ‘দুটি পত্রিকার অতি উৎসাহ ও ডিবি পুলিশ কর্মকর্তার কীর্তি’ শিরোনামে গতকাল শনিবার প্রকাশিত খবরের প্রতিবাদ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।পুলিশের প্রতিবাদে বলা হয়, কালের কণ্ঠে প্রকাশিত সংবাদে ডিএমপির গোয়েন্দা শাখার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটা সত্ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অনৈতিক প্রভাব বিস্তারের অপচেষ্টা বলেও প্রতিবাদে উল্লেখ করা হয়। প্রতিবাদটি তুলে ধরা হলো।প্রতিবাদপত্রে বলা হয়, ‘প্রকাশিত সংবাদে ডিসি (ডিবি-দক্ষিণ) মো. মনিরুল ইসলাম পিপিএমকে উদ্ধৃত করে বলা হয়েছে, ০২/০৩/২০১০ প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় ডিসিসি কাউন্সিলর আহম্মদ হত্যা মামলাসংক্রান্ত সংবাদে এডিসি মো. মাহবুব আলম সাংবাদিকদের যা বলেছেন, সেটা নিয়ে তাঁর (মনিরুল) সঙ্গে আগে কোনো কথা বলেননি বা এ বিষয়ে তাঁর অনুমতি নেননি। প্রকৃত তথ্য এই যে ঘটনার বিষয়ে সাংবাদিকদের টেলিফোনে ডেকে নিয়ে ডিএমপির কোনো কর্মকর্তা কথা বলেননি। ডিএমপির পক্ষ থেকে সাংবাদিকদের ডেকে প্রেস ব্রিফিং করার দায়িত্ব ডিএমপি জনসংযোগ শাখার। জনসংযোগ শাখা থেকে কোনো প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়নি। তবে সাংবাদিকেরা তাঁদের নিজস্ব সূত্র থেকে সংবাদ সংগ্রহ করে থাকেন। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত সংবাদ তাদের নিজস্ব সূত্রে সংগৃহীত।’পুলিশের প্রতিবাদে বলা হয়, ডিসি ডিবি (দক্ষিণ) মনিরুল ইসলামকে কালের কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।তা ছাড়া যুগ্ম পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া কাউন্সিলর আহম্মদ হত্যা মামলার সঙ্গে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সংশ্লিষ্ট থাকা বা না থাকার বিষয়ে কোনো বক্তব্য দেননি। অথচ তাঁদের দেওয়া বক্তব্যকে গোপন করে কালের কণ্ঠে উদ্দেশ্যমূলকভাবে ডিবির কর্মকর্তাদের হেয় করে ভুল উদ্ধৃতি প্রকাশিত হয়েছে।কালের কণ্ঠে প্রকাশিত সংবাদে আহম্মদ হত্যা মামলাটি ডিবির কর্মকর্তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তদন্তাধীন মামলায় বিত্তবানদের নাম জড়িয়ে ভিন্ন বাণিজ্যের সুযোগ নিতে চাইছেন বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং সত্ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অনৈতিক প্রভাব বিস্তারের অপচেষ্টা মাত্র। ডিএমপি আহম্মদ হত্যাসহ সব মামলার যথাযথ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবে।’প্রসঙ্গত, পুরান ঢাকার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহম্মদ হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া নাজিমউদ্দিনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মাহবুব আলমের বরাত দিয়ে ২ এপ্রিল প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর ও সমকালসহ বিভিন্ন পত্রিকা এ নিয়ে প্রতিবেদন ছাপে। গোয়েন্দা কর্মকর্তা সাংবাদিকদের জানান, কাউন্সিলর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা নাজিমউদ্দিনের বক্তব্যে শাহ আলমের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। এখন এসব বিষয় আরও পরিষ্কার করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই প্রতিবেদন প্রকাশের পর বসুন্ধরার মালিকানাধীন পত্রিকা কালের কণ্ঠ ‘দুটি পত্রিকার অতি উৎসাহ ও ডিবি পুলিশ কর্মকর্তার কীর্তি’ শিরোনামে খবর প্রকাশ করে। গতকাল পুলিশের পক্ষ থেকে এ খবরকে পুরোপুরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়।