একটি সম্ভাবনার অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা প্রায়ই গর্ব করে বলেন, তাঁরা ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) অনুসরণ করার চেষ্টা করেন। ক্রিকেটের খোঁজখবর যাঁরা রাখেন, তাঁরা খুব ভালোই জানেন যে এটা শুধু বলার জন্যই বলা। আসলে বিসিবি-কর্তাদের বলা উচিত, ‘আমাদের আদর্শ রোল মডেল হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আশা করি অপেশাদারির দিক দিয়ে আমরা পিসিবিকে শিগগিরই ছাড়িয়ে যাব।’ ক্রিকেট অজ্ঞ লোকেরা যখন ক্রিকেট বোর্ড পরিচালনার দায়িত্বে থাকেন, তখন তাঁদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাটাই বোকামি। কিন্তু আমাদের মতো ক্রিকেট-পাগল একটি জাতির ক্রিকেট বোর্ড যখন তারই নিযুক্ত অধিনায়কের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তখন এটা মেনে নেওয়া খুবই কঠিন। কোনো সন্দেহ নেই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিবের মতো অলরাউন্ডার আর দ্বিতীয়টি নেই। আমরা যখনই সাকিবের মধ্যে একজন ইমরান খান, একজন রানাতুঙ্গা, একজন সৌরভের ছায়া দেখছিলাম, ঠিক তখনই কতিপয় ‘মহান’ কর্তার স্বার্থ রক্ষার জন্য তাঁকে অপমানজনকভাবে সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, মিডিয়ার সঙ্গে অকপটভাবে কথা বলা যদি দোষ হয়, যদি কথিত সেই ‘মহান’ ও ‘ক্রিকেট বিজ্ঞ’ লোকদের পূজা করতে অনীহা প্রকাশ করা বেয়াদবির শামিল হয়, তাহলে সাকিব অবশ্যই দলের ‘সর্বনাশ’ ডেকে আনতে যাচ্ছিলেন! কিন্তু আমরা তো সাকিবকে ভালোবাসি তাঁর দুর্বিনীত মনোভাবের জন্যই। স্বপ্নটা অঙ্কুরেই বিনষ্ট করে দিল বিসিবি।জুবায়ের আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।