একটি সাজা ও ‘পাগল’ ভাইটির গল্প
শফিকের বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন। ১০ বছর আগে দায়ের করা একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয় তাঁকে। শফিক জানতেন না কিছুই। শুধু জানতেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, কিন্তু এত দিনে ওই মামলা শেষ হয়ে গেছে বলেও জানতেন তিনি। ১০ বছর আগে শফিকের বয়স ছিল ১২ বছর। পঞ্চম শ্রেণীর পরীক্ষা মাত্র দিয়েছেন তিনি। তাঁর বড় ভাই তাঁর চেয়ে পাঁচ বছরের বড়। ভাইয়ের বিরুদ্ধে যখন মামলা হয়, তখন তাঁর মা-বাবার কাছে জানতে পেরেছেন, তাঁর ভাই একটা খারাপ কাজ করেছেন। তাই পুলিশ তাঁকে আটক করেছে, মামলা হয়েছে। কিন্তু খারাপ কাজটা কী, তা বোঝার মতো বয়স তখন ছিল না তাঁর।শফিক এখন ঢাকার একটি বেসরকারি কলেজে ডিগ্রিতে পড়ছেন। বাবা ছোটখাটো ব্যবসায়ী। এক বোন ছিল, বিয়ে হয়ে গেছে। এ বোনের বিয়ে দিতে গিয়েও শফিকদের অনেক লোকলজ্জা আর অপবাদের জ্বালা সইতে হয়েছে। ভাইয়ের বিরুদ্ধে মামলা, তাই প্রতিবেশীরা বলে বখাটের বোন। বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু বিয়ে হয় না। অবশেষে শফিকের কথায়, ‘খোদা মুখ তুলে তাকাইছে। বোনটার বিয়ে হয় চার বছর আগে।’শফিকের সঙ্গে আমার দেখা হয় ঢাকার আদালতপাড়ায়। খুব অস্থির আর চঞ্চল দেখাচ্ছিল তাঁকে। কাঁধে কলেজব্যাগ ঝোলানো। উষ্কখুষ্ক চেহারা। শার্টের বোতাম লাগানো হয়নি ঠিকমতো। ভাইয়ের জন্য ফল কিনছেন। ভাইকে পুলিশ নিয়ে এসেছে আদালতে হাজিরার জন্য। চারদিন আগে গ্রেপ্তার হয়েছেন। সাজার বিরুদ্ধে আপিল করা হয়েছে। করা হয়েছে জামিন আবেদন। জামিন মঞ্জুর না হলে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। শফিকের সঙ্গে আগ্রহ নিয়েই কথা বলা শুরু করি। আমাকে তিনি বলেন, ‘আমার পাগল ভাইটাকে কি রক্ষা করার উপায় নাই?’ তাঁকে নিয়ে বসলাম ফাঁকা জায়গায়। শুরু হলো কথোপকথন।আপনার ভাইকে পাগল বলছেন কেন?‘১০ বছর আগে তিনি যখন এসএসসি পরীক্ষা শেষ করেন, তখন একটা মামলায় আটক করে পুলিশ তাঁকে মেরেছে অনেক। এর পর থেকে তাঁর ব্রেইনে সমস্যা হয়েছে। পাগলামি করেন মাঝেমধ্যে, ভয় পান, হিতাহিত জ্ঞান থাকে না। তাঁর চলাফেরাও স্বাভাবিক নয়।’কী মামলায় গ্রেপ্তার হন আপনার ভাই?‘নারী নির্যাতন মামলায়।’স্পষ্ট করে জানেন, কত ধারায় কোন আইনে?‘না। কাগজ দেখে বলতে হবে।’কী অপরাধ করেছিলেন তিনি?‘পরীক্ষা শেষে কয়েকজন বখাটে ছেলের সঙ্গে মিশে নষ্ট হয়ে যান ভাইটি। একদিন রাস্তার কাছে ফুটপাতে একটা মেয়েকে ধরে নির্যাতন করে তাঁর বন্ধুরা। তিনি সঙ্গে ছিলেন। মেয়েটির স্বামী তখন সেখানে ছিলেন, তিনি তাঁর বন্ধুদের একজনকে চিনে ফেলেন। লোকটা ফেরাতে চান, কিন্তু তাঁকেও অনেক মারধর করে ছেলেগুলো। আমার ভাই তাদের সঙ্গেই ছিলেন। তিনি বলেছেন, তাঁর কোনো দোষ ছিল না। তিনি শুধু ছেলেগুলোর সঙ্গে ছিলেন। তাঁকে ৪ নম্বর আসামি করে মামলা ঠুকে দেন লোকটি। পুলিশ ওই রাতেই ভাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।’আপনি তো অনেক ছোট ছিলেন তখন?‘হ্যাঁ, আমি তখন শুনেছিলাম, আমার ভাই নাকি খারাপ কাজ করেছেন। তখন আমি বুঝতাম না। তবে কয়েক বছর যাওয়ার পর আমার বোনের কাছ থেকে শুনে বুঝতে পারি সব ঘটনা।’তিনি কত দিন জেলে ছিলেন?‘প্রায় ছয়-সাত মাস। অনেক চেষ্টা করা হয় জামিন করাতে।’এত দিন পর আবার তাহলে কী জন্য গ্রেপ্তার হলেন?‘জামিনে বেরিয়ে আসার পর আমাদের উকিল সাহেব বলেছেন, মামলা শেষ করে দেবেন। জামিনের পর প্রতি তারিখেই হাজিরা দিতেন ভাই। কয়েকবার হাজিরা দেওয়ার পর আর কোর্টে যেতেন না। এভাবে অনেক দিন কেটে যায়। আমরাও উকিলের সঙ্গে যোগাযোগ করিনি। আমরা মনে করেছি, মামলা শেষ হয়ে গেছে।’কত দিন হাজিরা দেন, বলতে পারেন?‘শুনেছি কয়েক মাস।’চার্জশিট হয় কবে, জানেন?‘না, তা-ও জানি না।’অভিযুক্ত ব্যক্তি হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। গ্রেপ্তারি পরোয়ানা যায়নি আপনাদের কাছে?‘আব্বা বললেন, কোনো কোর্ট থেকেই কোনো রকম কাগজপত্র আসেনি। এখন তো বুঝতেছি সব। আমি কিংবা আব্বা, কেউ কিছুই তো জানি না। উকিল সাহেবও আমাদের কিছু বলেননি।’এখন কেন আপনার ভাই গ্রেপ্তার হলেন, জেনেছেন?‘শুনলাম, মামলাটির সাক্ষ্য-প্রমাণ শেষে আমার ভাইয়ের সাজা হয়। তাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।’আগের উকিল সাহেবই কি মামলায় লড়ছেন?‘না, আগের উকিল সাহেবের সঙ্গে কোনো যোগাযোগ নেই। নতুন একজনকে ধরেছি।’আপনি বললেন, আপনার ভাই ৪ নম্বর আসামি ছিলেন। অন্য তিন আসামির কী হয়েছে, জানেন?‘না, তবে উকিল সাহেব নাকি খোঁজ নিয়ে জানাবেন, বললেন।’তাহলে আসামির অনুপস্থিতিতেই সাজা হয়ে গেছে। এখন তো আপিল করতে হবে আপনাদের।‘আমরা কিছুই জানি না। উকিল সাহেব যা ভালো মনে করবেন, তা-ই হবে। তবে চিন্তা হচ্ছে, ভাইটা জেলখানায় বাঁচতে পারবেন কি না। তিনি তো স্বাভাবিক মানুষের মতো নন। সঙ্গদোষে ভাইটার সব গেল। মা-বাবার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে।’আপনার ভাইয়ের চিকিৎসা করিয়েছেন এত দিন?‘হ্যাঁ, তিনি জেল থেকে ছাড়া পেয়ে ভালো হওয়ার চেষ্টা করেন। অনেক শান্তশিষ্ট হয়ে যান। বাসায় বন্দী থাকতেন সব সময়। কারও সঙ্গে মিশতেন না। বাইরে যেতেন না, কিন্তু পাগলামি করতেন ঠিকই। এ জন্য চিকিৎসা হয়েছে কবিরাজি-ডাক্তারি—সবই। মাঝেমধ্যে একটু ভালো হতেন, আবার অস্বাভাবিক লক্ষণ দেখা দিত।’আপনার কাছে মামলার কাগজপত্র আছে?‘না, এই মুহূর্তে নেই। কোন ধারায়, কী মামলা, তা-ও বলতে পারব না। তবে শুধু জানি, নারী নির্যাতন মামলা। ৫ নম্বর কোর্টে চলছে।’শফিকের সঙ্গে যখন কথা বলি, তখন বেলা দুইটা বাজে। এখনো গারদখানায় তাঁর ভাই। আমি আর পুরোপুরি জেনে উঠতে পারিনি, কোন আইনে, কত ধারায় সাজা হলো। কেন প্রায় নয় বছর পর তাঁকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারি পরোয়ানা কেন সময়মতো তাঁর ঠিকানায় গেল না। হয়তো গ্রেপ্তারি পরোয়ানা ঠিকমতো জারি হলে তাঁর ভাই মামলায় নিয়মিত হাজিরা দিতেন। মামলাটি শেষ পর্যন্ত লড়ে আত্মরক্ষার চেষ্টার সুযোগ থাকত। আইন অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানা জারি না হলে আসামিকে হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়।কিন্তু কোন পত্রিকায় দেওয়া হয়, কবে ছাপানো হয়, তা সাধারণ লোকের পক্ষে জানা কতটা সহজ? গ্রেপ্তারি পরোয়ানা ঠিকমতো জারি না হওয়ার জন্য পুলিশের খামখেয়ালি কিংবা আদালতের কর্মকর্তাদের গাফিলতি কি দায়ী নয়?শফিকের কথায় মনে হলো, তাঁরা মামলাটি সম্পর্কে কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেননি। তাঁদের আইনজীবীও ঠিকমতো তাঁদের জানাননি মামলার পরিণতি সম্পর্কে। যদি ধরেই নিই, তাঁর ভাই সত্যিকারের অভিযুক্ত এবং অপরাধ করেছেন, কিন্তু আদালতে তাঁদের মামলার লড়ার অধিকার তো ছিল।শফিক শিক্ষিত। তাঁর পরিবারও শিক্ষিত বলা চলে। কিন্তু মামলা-মোকদ্দমা নিয়ে তাঁদের কত অজ্ঞতা! এটা যদি হয় একটা মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের অবস্থা, তাহলে যাঁরা নিম্নমধ্যবিত্ত কিংবা শিক্ষিত নন, তাঁদের অবস্থা কেমন, বলাই বাহুল্য। কিন্তু এই অজ্ঞতার জন্য কে দায়ী?শফিককে প্রথমেই আমার পরিচয় দিয়েছি, যাতে তিনি কোনো ইতস্তত বোধ না করেন। আমি চলে আসার সময় তাঁকে বলি, ‘আপনি সংশ্লিষ্ট কোর্টে গিয়ে পিপি মানে সরকারি উকিলের সঙ্গে দেখা করে মামলাটি কী অবস্থায় আছে, জানুন।’ শফিক বললেন, ‘ভাই, আপনি পত্রিকায় ছাপলেও আমাদের ঠিকানা দিবেন না দয়া করে। আমার ভাইয়ের নামও দিবেন না। যদি পুলিশ খেপে যায়! যদি ভাইটার আরও বিপদ হয়!’আমি বললাম, চিন্তা করবেন না। কোনো অসুবিধা হবে না।পরিশিষ্ট: শফিকের সঙ্গে ফোনে কথা হয় কয়েক দিন আগে। তাঁর সঙ্গে যখন প্রথমবার কথা হয়, এরই মধ্যে তিন মাস হয়ে গেছে। তাঁর ভাইয়ের সম্পর্কে জানতে চাই। জানতে পারলাম, প্রায় এক মাস জেল খাটার পর কিছুদিন আগে জামিনে ছাড়া পান তাঁর ভাই। আসামির সাজা বাতিল করে মামলাটি পুনর্বিচারে পাঠানো হয়েছে। সেখানে আবার নতুন করে সাক্ষ্য হবে। অভিযুক্ত ভাই নিয়মিত যেন আদালতে হাজির হন, এ বিষয়ে সতর্ক করে দিলাম শফিককে। ফোন রেখে ভাবতে থাকলাম, ১০ বছর ধরে চলতে থাকা শফিকের ভাইয়ের অসমাপ্ত গল্পটা নতুন করে আবার শুরু হলো। এর শেষ কোথায়, জানেন না শফিকের মানসিক ভারসাম্যহীন ভাইটি কিংবা তাঁর পরিবার।[email protected]