একটি সাদা গাড়িকে কেন্দ্র করে তদন্ত ঘুরপাক খাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিন পার হলেও সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তা মনে করছেন, এ হত্যার ঘটনায় একটি সাদা গাড়ি ব্যবহূত হয়েছে। এখন মূলত ওই গাড়ি ও এর চালককে কেন্দ্র করেই তদন্ত চলছে। তবে গতকাল রোববার পর্যন্ত পুলিশ গাড়িটি শনাক্ত করতে পারেনি। খালাফ হত্যার রহস্য উদ্ঘাটনে থানার পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ করছে।৫ মার্চ গভীর রাতে গুলশানে নিজ বাসার অদূরে রাস্তা থেকে গুলিবিদ্ধ অবস্থায় খালাফকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর ভোরে তিনি মারা যান। ওই রাতে ঘটনাস্থলে উপস্থিত হওয়া প্রথম ব্যক্তি কলমিস্ত্রি আনোয়ারসহ অন্যদের বক্তব্য যাচাই করছেন তদন্তকারীরা। আনোয়ার ওই রাতে ঘটনাস্থলের পাশের বাসার পানির কল মেরামতের কাজ করছিলেন। তিনি পুলিশকে বলেছেন, তিনি ঘটনাস্থলে একটি সাদা গাড়ি ও একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। ওই ব্যক্তি পরে গাড়ি চালিয়ে চলে যায়। তদন্তকারীদের ধারণা, সাদা গাড়ির ওই ব্যক্তি খুনি অথবা খুনের সঙ্গে সংশ্লিষ্ট। তাই ওই ব্যক্তি ও গাড়িকে শনাক্তের চেষ্টা চলছে।তদন্ত তদারককারী কর্মকর্তা ও পুলিশের গুলশান বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, খালাফকে ১২০ ও ১১৭ নম্বর সড়কের সংযোগস্থলেই গুলি করা হয়েছে, নাকি অন্য কোথাও গুলি করে সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত নন তাঁরা। তাঁরা আরও প্রত্যক্ষদর্শী খুঁজছেন। র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত এমন কাউকে পাওয়া যায়নি, যিনি ঘটনা পুরোটাই দেখেছেন। ঘটনার পরপর সেখানে এসেছেন, গাড়ি দেখেছেন, এমন ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে। কিন্তু তাঁদের বক্তব্য থেকে সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না যে ওই জায়গাতেই খালাফকে গুলি করা হয়েছে কি না। গুলশান-বনানীতে ঢোকার প্রতিটি পথেই রাতের বেলায় তল্লাশি চৌকি বসানো হয়। কিছু পথ বন্ধ করে দেওয়া হয়। এই অবস্থায় খালাফকে হত্যার পর ওই গাড়িসহ খুনি কোথায় হাওয়া হয়ে গেল, তার কূলকিনারা করতে পারছেন না তদন্তকারীরা। গুলশান থানার অপারেশন কর্মকর্তা জাবেদ মাসুদ প্রথম আলোকে বলেন, প্রতি রাতে গুলশান-বনানীর ১৪টি স্থানে তল্লাশি চৌকি বসায় পুলিশ। মাঝেমধ্যে অনির্ধারিত স্থানেও তল্লাশি চৌকি বসানো হয়। এর বাইরে রয়েছে র‌্যাবের টহল ও তল্লাশি চৌকি। কূটনীতিকদের বাসা, দূতাবাস, হাইকমিশনগুলোর নিরাপত্তার জন্য ১৭৮টি পোস্টে চ্যান্সেরি পুলিশ সদস্য মোতায়েন থাকে। অর্থাৎ রাতের বেলায় গুলশান-বনানী এলাকায় ঢুকতে-বেরোতে হলে কোনো না কোনো তল্লাশি চৌকি পেরোতে হবে। তবে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর বলেন, তল্লাশি চৌকি থাকলেও প্রতিটি গাড়ি থামিয়ে সব সময় তল্লাশি করা সম্ভব হয় না। তা ছাড়া ওই এলাকায় প্রবেশের আরও কিছু পথ রয়েছে। তিনি বলেন, একজন প্রত্যক্ষদর্শী সাদা গাড়ি ও একজন ব্যক্তির কথা বলেছেন। দেশে সাদা রঙের গাড়ির সংখ্যা কম নয়। তাই তল্লাশি চৌকিতে কর্তব্যরত ব্যক্তিদের পক্ষে নির্দিষ্টভাবে একটি সাদা গাড়িকে মনে রাখাও সম্ভব নয়। আর এটাও হতে পারে, গাড়িটি গুলশান এলাকার ভেতরেই কোথাও ঢুকে গিয়েছিল।নেওয়া হচ্ছে খালাফের জীবনযাপনের তথ্য: খুনের রহস্য উদ্ঘাটনে ঢাকায় খালাফের জীবনযাপনের তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। তবে তাঁরা এখন পর্যন্ত খালাফের সঙ্গে বাংলাদেশি কারও সখ্যের তথ্য পাননি। জানা যায়নি রোজ রাতে তিনি কোথায় হাঁটতে যেতেন।খালাফ যে বাসায় থাকতেন, সেখানকার নিরাপত্তাকর্মীরা তদন্তকারী ও সংবাদমাধ্যমকে জানান, তিনি প্রতি রাতে ১১টা বা সাড়ে ১১টার দিকে সাইকেল নিয়ে বাসা থেকে বের হতেন। রাত দুইটা-তিনটা, কখনো চারটার দিকেও বাসায় ফিরতেন। সাইকেল নষ্ট থাকলে হেঁটেই যেতেন। বাসার নিরাপত্তাকর্মী তাপস রেমা প্রথম আলোকে বলেন, ‘স্যার বাসা থেকে বের হয়ে আড়াই-তিন ঘণ্টার আগে ফিরতেন না’।তদন্ত-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, টানা এক ঘণ্টার বেশি হাঁটা বা সাইকেল চালানো কঠিন। প্রতিদিনই তিন-চার ঘণ্টা ব্যায়াম করাও অনেক শারীরিক সামর্থ্যের ব্যাপার। তাই তিনি হাঁটতে গিয়ে অন্য কোথাও সময় কাটাতেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তিনি একা, নাকি কোনো দলের সঙ্গে ব্যায়াম করতেন, কোনো ব্যায়ামাগার বা পার্কে যেতেন কি না অথবা অন্য কোনো বিনোদনকেন্দ্রে যেতেন কি না, এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। গতকাল পর্যন্ত এ-সংক্রান্ত কোনো তথ্য পাননি তদন্তকারীরা।