একটি সেতুর জন্য আর কত অপেক্ষা!
নদীর ওপর নির্মিত নড়বড়ে একটি বাঁশের সাঁকো দিয়ে স্কুলগামী খুদে শিক্ষার্থীসহ লোকজন পারাপার হচ্ছে। বছরের পর বছর একটি সেতুর জন্য এলাকাবাসী অপেক্ষা করে। কিন্তু অপেক্ষার পালা আর শেষ হয় না। জাতীয় ও স্থানীয় নির্বাচনের সময় নেতারা সেতু নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়ে ভোট নেন। ভোট শেষে সেই আশ্বাস উবে যায়। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জুড়ী নদীর সঙ্গে যুক্ত পাবিজুড়ী নদী সদর জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর থেকে শুরু হয়ে ভবানীপুর, কালিনগর, মধ্য ভোগতেরা ও মানিকসিংহ গ্রাম ছুঁয়ে হাকালুকি হাওরে গিয়ে মিশেছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে মধ্য ভোগতেরা গ্রামে পাবিজুড়ী নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে।এলাকাবাসী জানায়, মধ্য ভোগতেরা গ্রামে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ওই গ্রামসহ ওপারের কালিনগর ও চম্পকলতা গ্রামের লোকজন চলাচল করে।মধ্য ভোগতেরার রাজু আহমদ (২৮) বলেন, ‘কালিনগর গ্রামের অনেক শিশু এপারের ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে লেখাপড়া করে। বর্ষায় এসব শিশুর দুর্গতির শেষ থাকে না। মাঝেমধ্যে পা পিছলে তারা সেতুতে ঝুলে থাকে। তখন দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করা হয়।’একই গ্রামের প্রবীণ ইসরাব আলী (৬০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘দেশ স্বাধীনোর পর থাকিউ তো হুনিয়ার ইখানো পুল অইব। ভোটর সময় আইলে নেতারাও খতা দেইন। পুলটা আর অয় না। ’মাথায় ধানের একটি বস্তা নিয়ে সাঁকো পার হয়ে এপারের মধ্য ভোগতেরা গ্রামের একটি চালকলে আসছিলেন কালিনগরের ছমরুন বেগম (৫০)। তিনি বলেন, ‘দিনো কয়েকবারউ ওপারো (মধ্য ভোগতেরা) আওয়া লাগে। হাখম পার অইতে খুব কষ্ট অয়রে বাবা।’স্থানীয় জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির আহমদ এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইন্তাজ আলী জানান, সেতু নির্মাণে বিভিন্ন সময়ে তাঁরা এলজিইডি কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রণজিত কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘মধ্য ভোগতেরা গ্রামে পাবিজুড়ী নদীর ওপর সেতু নির্মাণে অতীতে কোনো প্রস্তাব পাঠানো হয়েছে কি না জানা নেই। তবে খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’