একটি সেমিনার ইলিয়াস কাঞ্চন ও দুঃখ প্রকাশ
সড়ক দুর্ঘটনা হ্রাসে চালক ও পরিবহনশ্রমিকদের সচেতন করতে এক সেমিনারে অংশ নিতে গতকাল শুক্রবার মাদারীপুরে গিয়েছিলেন ‘নিরাপদ সড়ক চাই’-এর সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। কিন্তু জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সেমিনারের শুরুতেই শ্রমিকেরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়ে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান। পরে অবশ্য শ্রমিকনেতারা এমন ব্যবহারের কারণে ইলিয়াস কাঞ্চনের কাছে দুঃখ প্রকাশ করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সড়ক দুর্ঘটনা হ্রাসে পেশাজীবী গাড়িচালকদের সচেতনতা, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইলিয়াস কাঞ্চন। মাদারীপুরের পৌর মেয়র নুরুল আলম চৌধুরী স্বাগত বক্তব্য দেওয়া শুরু করলে মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল হাসান খন্দকার উঠে তাঁকে থামিয়ে দেন।খায়রুল তখন বলেন, ‘ইলিয়াস কাঞ্চন সম্প্রতি একটি পত্রিকায় বিবৃতিতে সড়ক দুর্ঘটনায় কারও মৃত্যু হলে দায়ী চালকের মৃত্যুদণ্ড চেয়েছেন। ওই ঘটনার পর ঢাকা থেকে জাতীয় শ্রমিকনেতারা আমাদের জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন কোনো অনুষ্ঠানে থাকলে আমরা যেন কেউ তাতে অংশ না নিই।’খায়রুলের বক্তব্য শেষ হলে পরিবহন মালিক, চালক ও শ্রমিকনেতারা ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে স্লোগান দিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করতে থাকেন। তখন অনুষ্ঠানের প্রধান অতিথি যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রেজাউল কবীর, পুলিশ সুপার সদর তমিজউদ্দিন আহমেদ, সিভিল সার্জন আবু বকর মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী এ কে এস মাহবুবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা নেতাদের বুঝিয়ে অনুষ্ঠানে নিয়ে আসেন।শ্রমিকনেতা খায়রুল তখন বলেন, ‘সচিব মোজাম্মেল হক আমাদের থাকতে বলেছেন। আমরা সবাই থাকি। কিন্তু আমরা ইলিয়াস কাঞ্চনের কাছে তাঁর বিবৃতির ব্যাখ্যা চাই।’পরে ইলিয়াস কাঞ্চন তাঁর বক্তব্যে বলেন, ‘সড়ক দুর্ঘটনা কমাতে আমি বিভিন্ন সময় যেসব প্রস্তাব করেছি, তাতে কিন্তু কখনো চালকের ফাঁসির দাবি করিনি। বরং যারা ফাঁসি চায়, তাদের বিপক্ষে কথা বলেছি। আমি যে দাবিগুলো করেছি, তা আপনারা পড়েছেন কি না জানি না। আমি মনে করি, শুধু চালকের বিচার দাবি করলেই হবে না; চালকের সঙ্গে অন্য যারা যুক্ত, তাদেরও বিচারের মধ্যে আনতে হবে।’নেতাদের উদ্দেশ্যে ইলিয়াস কাঞ্চন জানান, নেতাদের আচরণে তিনি খুব কষ্ট পেয়েছেন। সড়ক দুর্ঘটনা যাতে কমে, সে জন্য তিনি সকাল সাতটায় ঢাকা থেকে রওনা হয়ে মাদারীপুরে আসেন। নেতারা এ রকম আচরণ না করেও তাঁর ব্যাখ্যা জানতে পারতেন।ইলিয়াস কাঞ্চনের এই বক্তব্যের পর নেতারা ভুল বুঝতে পেরে ইলিয়াস কাঞ্চনের কাছে দুঃখ প্রকাশ করেন।সেমিনারে মোজাম্মেল হক খান বলেন, ‘চালকদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ট্রাফিক আইন মেনে চলুন। চালক যখন চালক হিসেবে, যাত্রী যখন যাত্রী হিসেবে এবং মালিক ও শ্রমিক যখন নিজ নিজ ক্ষেত্রে দায়িত্বশীল হবেন, তখনই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।’সেমিনারে আন্তজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি অহিদুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিক্ষোভ করাটা ঠিক হয়নি। নেতাদের পরে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’