একটি স্কুল পেয়েছি, যেখানে ছাত্র ছিল একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের চেয়ে ছাত্র কম, এমন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর-পর্বে এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি একটি স্কুল পেয়েছি, যেখানে ছাত্র ছিল একজন। সেই ভাগ্যবান ছাত্রকে দেখতে চেয়েছি, দেখাতে পারেনি। এসব স্কুল বন্ধ করতে গেলে মামলা হয়ে যায়।’আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সাংসদ মোশাররফ হোসেন, হাফিজউদ্দিন আহমেদ, শওকত মোমেন শাহজাহান ও মীর সাখাওয়াত আলী নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানান। জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য মন্ত্রণালয় জরিপ করেছে। সম্পদের সীমাবদ্ধতা আছে। তাই অগ্রাধিকারের ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘কিছু অঞ্চলে প্রাপ্যতার তুলনায় এমপিও বেশি। আবার কিছু অঞ্চলে প্রাপ্যতার চেয়ে পাঁচ গুণ বেশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। কিছু স্কুল আছে, যেখানে শিক্ষকের সমান ছাত্র নেই। বর্তমানে মন্ত্রণালয়ের বিরুদ্ধে এ-সম্পর্কিত মামলার সংখ্যা সাড়ে আট হাজার। তাই সরকার একটি আইন করতে যাচ্ছে। এর আওতায় অযৌক্তিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।’ ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সন্ধ্যা ছয়টার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। রাত আটটার দিকে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।