একটি স্কুলের অভাবে...
বদরগঞ্জ পৌর শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরের গ্রাম ‘ফেসকিপাড়া’। গ্রামটি যমুনেশ্বরী নদীর তীরে অবস্থিত। এই গ্রামে আসাদুজ্জামান (৬), রত্না (৭), স্বপ্না (৯), শাকিল (৫) আনোয়ার (৯), রকি (৬), রোস্তম (১২) ও লেমনদের (৬) বাড়ি। এদের মতো আরও শতাধিক শিশু-কিশোর রয়েছে এ গ্রামে। এরা কেউই বিদ্যালয়ে যায় না। গ্রামের অধিকাংশ মানুষ নিরক্ষর, অসচেতন। স্বাধীনতার এত বছর পরও এ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি।২০ নভেম্বর ওই গ্রামে গিয়ে দেখা যায়, সেখানকার অধিকাংশ অভিভাবকই দিনমজুর ও কৃষিজীবী। সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাঁরা মোটেও উদ্বিগ্ন নন। গ্রামের দিনমজুর মাহবুব হোসেন বলেন, ‘এখানে একটি ব্র্যাক স্কুল আছে। কিন্তু সবাই সেখানে পড়ার সুযোগ পায় না।’ আকবর আলী, জসিম হোসেনসহ অনেকে জানান, গ্রামের দক্ষিণে দুই কিলোমিটার ও পশ্চিমে তিন কিলোমিটার দূরে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। দেড় কিলোমিটার দূরে আরও একটি প্রাথমিক বিদ্যালয় আছে। কিন্তু এত দূরের বিদ্যালয়গুলোতে শিশুদের পক্ষে যাওয়া কঠিন।গ্রামের ভ্যানচালক ইদ্রিস আলীর (৩০) দুই ছেলে, এক মেয়ে; দিনমজুর মকবুল আলীর (৩৫) দুই ছেলে, এক মেয়ে—এরা কেউ স্কুলে যায় না। শিশুরা অন্যের বাড়িতে ফাইফরমাশ খাটে ও গরু-ছাগল চরানোর কাজ করে। দিনমজুর সৈয়দ আলী (৪২) বলেন, ‘স্কুল তো অনেক দূরোত। ছইল অত দূর হাঁটি যাবার পায় না। হামরা গরিব মানুষ। ছইলোক পড়াবার টাকা পাই কোনটে? ছইলটা সারা দিন ঘুরি বেড়ায়। তাক গরু-বকরি চরবার নাগে দিছি। শয়তানি করি বেড়াইলে তো খারাপ হয়া যাইবে।’এলাকার পৌর কাউন্সিলর হান্নান বাবু বলেন, ফেসকিপাড়া গ্রামটি প্রায় এক যুগ আগে বদরগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত হয়। অথচ এখানে একটিও প্রাথমিক বিদ্যালয় নেই। এখানে প্রায় হাজার খানেক পরিবারের বাস। শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান দূরে হওয়ায় এবং অসচেতনতার কারণে অভিভাবকেরা সন্তানদের সেখানে পড়তে দিতে আগ্রহী নন।মহিলা কাউন্সিলর শাহানাজ পারভিন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর পৌরসভার পক্ষ থেকে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করেছি। কিন্তু জমি না পাওয়ায় তা সম্ভব হয়নি।’পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। তা না হলে শিশুরা নিরক্ষর থেকে যাবে।বদরগঞ্জের শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সেখানে একটি বিদ্যালয় করা উচিত ছিল।’