একটি স্পেল ও একটি জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন শেষেবাংলাদেশ ১ম ইনিংস: ২৩৪/৫একটি বোলিং স্পেল ও একটি পার্টনারশিপ।ঢাকা টেস্টের প্রথম দিনের সারাংশ বলা হয়ে গেল এতেই। আর ভাবসম্প্রসারণ?নিয়ম অনুযায়ী সেখানে বিস্তারিত আসবে। আইজাজ চিমা আসবেন। আসবেন শাহরিয়ার নাফীস ও সাকিব আল হাসান।সকালে চিমার বোলিং স্পেল আর শেষ দুই সেশনে দুই ‘এস’-এর ১৮০ রানের জুটির যোগ-বিয়োগে দিনশেষে স্থিরচিত্র হয়ে আছে একটি ছবি। মৌসুমের সবচেয়ে কুয়াশাচ্ছন্ন বিষণ্ন দিনে বাংলাদেশের বিরল হাসিমুখের ছবি।৫ উইকেটে ২৩৪ এমনিতে ব্যাটিং দলের জন্য একেবারে উদ্বেল হয়ে ওঠার মতো কোনো ছবি নয়। বরং বলা ভালো, রান-উইকেটের হিসাবে প্রথম দিনে দুই দলে সমতা। তার পরও বাংলাদেশ এগিয়ে! পরস্পরবিরোধী শোনাচ্ছে? আরে ভাই, এই সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ের লেজেগোবরে অবস্থাটা মনে রাখবেন না! মেঘলা আকাশের নিচে চতুর্দশ ওভারে ৪৩ রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়ার মুহূর্তটাতে আপনি কী ভাবছিলেন, মনে করুন। কি, স্কোরটাকে এখন রানের চেয়ে আরও অনেক বড় বলে মনে হচ্ছে তো!কুয়াশার কারণে খেলা শুরু হয়েছে ৭৫ মিনিট দেরিতে। টসের সময় মুশফিকুর রহিম কি নিজের হূৎকম্পন শুনতে পাচ্ছিলেন? শুনতে পাওয়ার কথা। তাঁর অধিনায়ক-জীবন শুরু হয়েছিল টানা পাঁচ ম্যাচে টস জিতে। তবে কালকের মতো আর কোনো ম্যাচে এমন মনেপ্রাণে টস জিততে চেয়েছেন বলে মনে হয় না। এমনিতেই ব্যাটিংয়ের যে অবস্থা, তার ওপর পেস বোলিংয়ের এমন আদর্শ পরিবেশ। মুশফিকুর রহিম টসটা হারলেন।এই পরিস্থিতিতে যা হওয়া স্বাভাবিক, তা-ই হলো। ব্যাটিংয়ের এমন করুণ অবস্থা যে, বাংলাদেশের ড্রেসিংরুম এখন ‘যদি লাইগা যায়’ মতবাদে বিশ্বাসী। মাহমুদউল্লাহকে চারে তুলে দেওয়া হলো। নাসির হোসেনকে পাঁচে। ফলাফল তথৈবচ।চট্টগ্রামে টেস্ট অভিষেকটাকে স্মরণীয় করে রাখা নাজিমউদ্দিন মুদ্রার অন্য পিঠটা খুব দ্রুতই দেখে ফেললেন। যদিও বলটা প্যাডের যেখানে লেগেছিল, শট না খেলার ভুল না করলে হয়তো আম্পায়ারের আঙুল ওঠে না।তামিম ইকবাল দিনের প্রথম বাউন্সারেই হুক করতে গিয়ে ফাইন লেগের হাতে। মাহমুদউল্লাহ বোল্ড হলেন উইকেটে তাঁর দুই পায়ের শিকড় গজিয়ে যাওয়ায়। নাসির অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে কট বিহাইন্ড।এর মধ্যে তামিম ইকবালের উইকেটটি শুধু উমর গুলের। বাকি তিনটিই আইজাজ চিমার। নাসিরকে আউট করার মুহূর্তে তাঁর বোলিং বিশ্লেষণ: ৬.২-২-১৬-৩! চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন খেলা চলাকালীন সময়ে দেশ থেকে দ্বিতীয় পুত্রসন্তানের আগমনী সংবাদ পেয়েছেন চিমা। সতীর্থদের বলেছিলেন, ইনিংসে ৫ উইকেট পেলে সেটি সদ্যোজাত পুত্রকেই উৎসর্গ করবেন। সেটি আর পাওয়া হয়নি। একটু দেরিতে হলেও উৎসর্গের সেই কাজটা ঢাকায় হয়ে যাওয়াটা নিশ্চিত বলেই মনে হচ্ছিল।হতে দিলেন না শাহরিয়ার নাফীস ও সাকিব আল হাসান। সাম্প্রতিক বাংলাদেশ যেখানে এক সেশনেই অলআউট হয়ে যাওয়ার ভয় জাগায়, সেখানে দুজন অবিচ্ছিন্ন কাটিয়ে দিলেন দ্বিতীয় সেশনের পুরোটাই। শেষ সেশনটাও প্রায় কাটিয়েই দিচ্ছিলেন। শাহরিয়ার নাফীস আউট হওয়ার পর খেলা হয়েছে মাত্র ৩.৪ ওভার।নাফীসের আউটটা এত সাদামাটা বর্ণনার চেয়ে বেশি কিছু দাবি করে। আইসিএল-উত্তর শাহরিয়ার নাফীসের আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় অভিযোগ ছিল, বলে বলে চালাতে চান। সমালোচনায় কান না দিয়ে নিজের খেলাই খেলে গেছেন। সেটির পুরস্কারও পেলেন কাল।‘পুরস্কার’ কথাটা একটু বেমানান মনে হচ্ছে! ৯৭ রানে আউট হওয়া ব্যাটসম্যানের মনে যে ৯৭ রান করার আনন্দ ছাপিয়ে আর মাত্র তিনটি রান করতে না পারার দুঃখই বড় হয়ে ওঠে। সান্ত্বনা হয় না, তার পরও শাহরিয়ার কিছুটা সান্ত্বনা খুঁজতে পারেন এই ভেবে যে, গুলের ওই বলটাতে সম্ভবত টেন্ডুলকারও আউট হতেন!শাহরিয়ারের বিদায়ে ১৮০ রানের জুটিটি ভাঙল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ জুটি। পঞ্চম উইকেটে নতুন রেকর্ডও (আগের রেকর্ড: ১৪৪, মেহরাব জুনিয়র ও মুশফিকুর রহিম, বিপক্ষ নিউজিল্যান্ড, চট্টগ্রাম, ২০০৮)। পাকিস্তানের বিপক্ষে যেকোনো জুটিতেই বাংলাদেশের নতুন রেকর্ড জুটির মালিকও এখন এই দুজন।জুটিতে শাহরিয়ারের অংশীদার দিনশেষে অপরাজিত সেঞ্চুরির অভিনন্দনে ভিজে ব্যাট উঁচিয়ে মাঠ ছাড়লেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই তৃপ্তি আছে আর শুধুই একজনের। সেই নামটি তখনো বিস্ময় জাগিয়েছিল, এখনো জাগায়। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় ৯ নম্বরে নেমে মোহাম্মদ রফিকের সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেটীয় রূপকথার অংশ হয়ে আছে। দ্বিতীয় দিন শেষে রফিক ড্রেসিংরুমে ফিরেছিলেন অপরাজিত ১০৩ রান নিয়ে। কাল সাকিব ফিরলেন ১০৮ রানে অপরাজিত থেকে।রফিকের ওই সেঞ্চুরির কথা আম্পায়ার ড্যারিল হার্পার এখনো ভোলেননি। আলোর স্বল্পতার ব্যাপার-স্যাপার ছিল সেখানেও। ‘আমি ব্যাটসম্যানদের লাইট অফার করলাম। রফিক বলল, লাইটে কোনো সমস্যা নেই। এক বল পরই চার মেরে বলল, “আম্পায়ার, ব্যাড লাইট”।’ পরিচিত সাংবাদিককে হার্পার যতবার গল্পটা বলেন, প্রতিবারই আগের চেয়ে বেশি হাসেন।‘ব্যাড লাইট’-এর সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখন আর ব্যাটসম্যানদের নেই। এটা এখন শুধুই দুই আম্পায়ারের সিদ্ধান্ত। কাল আগেভাগে খেলা শেষ হয়ে যাওয়াতেও যেমন সাকিব আর মুশফিকের কোনো ভূমিকা থাকল না। তবে একটা সিদ্ধান্ত কিন্তু তাঁদের হাতেই এবং সেটি দ্রুতই নেওয়া উচিত। সাকিব আল হাসানের নিজেরই উচিত আরও ওপরে ব্যাটিং করা। নিজে থেকে না বললে মুশফিকের উচিত অধিনায়কের ক্ষমতা প্রয়োগ করা।চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে যখন নেমেছেন সাকিব, স্কোরবোর্ডে ২৮/৪ ও ৮০/৪। কাল নামলেন ৪৩/৪ দেখতে দেখতে।পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার পর উদ্ধারকর্তার ভূমিকায় দেখা দেওয়ার চেয়ে পরিস্থিতি খারাপ হতে না দেওয়ার চেষ্টা করাই কি ভালো নয়?