একটি স্বপ্নের মৃত্যু
আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। পণ্ডিত রবিশঙ্কর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তাঁর শিষ্য-বন্ধু বিশ্বখ্যাত ব্যান্ড বিটলসের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এই অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন। সে সময়, ১৯৭১ সাল, মুক্তিযুদ্ধ চলছে। তখন আমরা ছিলাম আগরতলায়, জর্জ হ্যারিসনের দ্য কনসার্ট ফর বাংলাদেশের কথা অল্পই জানতে পেরেছিলাম। দেশ স্বাধীন হলে যখন দ্য কনসার্ট ফর বাংলাদেশের কথা আরও বিস্তারিত জানতে পারি, তখন গভীর আবেগে আপ্লুত হয়েছিলাম, অনুপ্রাণিত হয়েছিলাম। সেই সঙ্গে কনসার্টটির অ্যালবাম সংগ্রহ করা এবং গানগুলো শোনার গভীর ব্যাকুলতাও সৃষ্টি হয়েছিল মনের গভীরে।বাংলাদেশের স্বাধীনতার পর সেই কনসার্টের তিনটি লংপ্লে রেকর্ডসহ অ্যালবামটি সংগ্রহ করে কতবার যে গানগুলো শুনেছি, হিসাব করে তা বলা যাবে না। ওই লংপ্লের সঙ্গে সুন্দর ছাপানো একটি পুস্তিকাও ছিল। সেখানে কনসার্টের আয়োজনের প্রেক্ষাপট, শিল্পীদের পরিচিতি—এমন অনেক তথ্য সন্নিবেশিত ছিল। গান শোনার সঙ্গে সঙ্গে পুস্তিকাটিও পড়েছি বহুবার। এভাবেই কনসার্ট ফর বাংলাদেশের ব্যাপারে আমার মনে একটি গভীর আবেগ ও আগ্রহের সৃষ্টি হয়েছিল। তারপর যেখান থেকে যা কিছু লেখালেখি, বই, রেকর্ড বা ডিভিডি পাই, তা সংগ্রহ করা একটা অভ্যাসে পরিণত হয়ে ওঠে। এই কনসার্ট সম্পর্কে আমি বারবার লিখেছি। আলোচনাও করেছি নানা সময়।কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে আমার একটি স্বপ্ন ছিল। বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি বহুবার—এসব মহৎ ও বিশ্বসেরা শিল্পীকে যদি বাংলাদেশে আমন্ত্রণ জানানো যেত, ঢাকায় যদি তাঁদের নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি অনুষ্ঠান করা যেত! বা সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সামনে যদি তাঁদের সংবর্ধনা দেওয়া যেত! এ রকম একটি দৃশ্যের কথা ভেবেছি বহুদিন—যে দেশটির জন্য, যেসব মানুষের জন্য একদিন তাঁরা সোচ্চার হয়েছিলেন সেই দেশে, এক বিশাল মঞ্চে তাঁরা উপস্থিত। আর লাখ লাখ বাঙালি তাঁদের সামনে দাঁড়িয়ে আছে কৃতজ্ঞচিত্তে। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খাঁ, বব ডিলান, জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টারসহ অনেকে (তাঁদের অনেকেই চলে গেছেন চিরতরে), কথা আর সুরের ঐশ্বর্যমণ্ডিত ভুবন রচনা করে চলেছেন। স্বপ্নের মতো এই দৃশ্যের কল্পনা করে বহুদিন বন্ধুদের নিয়ে আমরা আবেগে বিহ্বল হয়ে পড়েছি।কয়েক বছর ধরে আমরা এই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে গেছি। ঢাকা থেকে লন্ডনের একটি বিশেষ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বব ডিলান ও এরিক ক্লিপটনের সঙ্গে যোগাযোগ করে তাঁদের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তেমন সাড়া পাইনি। চেষ্টা করেছি জর্জ হ্যারিসনের ছেলে ধ্যানি হ্যারিসন ও বব ডিলানের ছেলে জ্যাকব ডিলানকে আনার। সে চেষ্টাও সফল হয়নি। এমনকি জর্জ হ্যারিসনের স্ত্রী অলিভিয়া হ্যারিসন ঢাকায় এলে সরাসরি তাঁর সঙ্গে কথা বলেছি বিষয়টি নিয়ে, কোনোভাবে কিছু করা যায় কি না। কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝেছিলাম, এটা আয়োজন করা সম্ভব হবে না।এসব প্রচেষ্টার পাশাপাশি আমরা একরকম নিশ্চিত ছিলাম যে পণ্ডিত রবিশঙ্করকে অন্তত আমরা পাব। ঢাকায় একটি অনুষ্ঠান করার জন্য ২০১০ সালে তাঁর সঙ্গে যোগাযোগ করি। তিনি দ্রুত সম্মতি দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন আমাদের পরিকল্পনা। সে অনুসারে আমরা ওই বছরের ডিসেম্বরে অনুষ্ঠান করার বিস্তারিত পরিকল্পনাটি তাঁর কাছে পাঠিয়ে দিই। পরিকল্পনাটি যখন প্রায় চূড়ান্ত, তখন তাঁর মেয়ে আনুশকা শঙ্করের সন্তান প্রসবেরও সময় এসে যায়। এসব নিয়ে পণ্ডিত রবিশঙ্কর একটু ব্যস্ত হয়ে পড়ায় সেবার আর অনুষ্ঠানটি করা হয়ে ওঠেনি। আমরা তবু আশা ছাড়িনি। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। ঠিক হলো, ২০১১ সালে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে তাঁকে নিয়ে ঢাকায় দুই দিনের অনুষ্ঠান হবে, ১৫ ও ১৬ ডিসেম্বর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রথম দিনে তিনি বাদন পরিবেশন করবেন মেয়ে আনুশকাকে নিয়ে। দ্বিতীয় দিনে তাঁকে দেওয়া হবে সম্মাননা। এর পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম তাঁকে সম্মানসূচক ডিলিট উপাধি দেওয়ার জন্য। সরকারি সব ধরনের সম্মতি নেওয়া হয়েছিল। সোনারগাঁও হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল। যদি তাঁর জরুরি চিকিৎসার প্রয়োজন হয়, সে জন্য চিকিৎসক ও চিকিৎসার সুবিধাও তৈরি রাখা হয়েছিল। ছাপানো হলো আমন্ত্রণপত্র। বিলি হবে ১১ ডিসেম্বর থেকে। পত্রিকায় প্রচার হবে। সব প্রস্তুতি যখন সম্পন্ন, হঠাৎ করেই আমাদের কাছে খবর এল, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তখন গভীরভাবে মর্মাহত হওয়া ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। তবু আমরা আশা ছাড়িনি। সে সময় তিনি দিল্লিতে ছিলেন। রবিশঙ্করের ইচ্ছে ছিল, শেষবারের মতো ভারতে এক বা দুটি অনুষ্ঠান করবেন। আর ঢাকায় আসবেন, অনুষ্ঠান করবেন তাঁর পিতৃভূমিতে।শেষ চেষ্টা করার জন্য আমার বন্ধু ফরহাদুল ইসলামকে নিয়ে তাঁর সঙ্গে দিল্লিতে দেখা করতে গিয়েছিলাম। সেদিন ছিল ১৯ ফেব্রুয়ারি। আমাদের পৌঁছতে নির্ধারিত সময়ের চেয়ে খানিকটা দেরি হয়েছিল। তবে তিনি ও তাঁর স্ত্রী সুকন্যা শঙ্কর আমাদের উষ্ণ অভ্যর্থনাই জানিয়েছিলেন। অনেক কথা হয়েছিল তাঁর সঙ্গে সেদিন।খুবই আবেগের সঙ্গে পিতৃভূমি বাংলাদেশের কথা বলেছিলেন। ঢাকায় অনুষ্ঠান করার আগ্রহ ছিল তখনো। বলেছিলেন, আয়োজন করে তিন দিন আগে জানাতে। সুস্থ থাকলে নিশ্চয়ই চলে আসবেন। আমরা একটি আশাবাদ নিয়ে ঢাকায় ফিরে আসি। অনুষ্ঠানটির বিষয়ে ভাবছিলাম, কীভাবে আয়োজন করা যায়। তবে বুঝতে পারছিলাম, হয়তো অনুষ্ঠানটি আর করা হয়ে উঠবে না। তিনি ক্রমেই দুর্বল হয়ে পড়ছিলেন। এত দূরের পথ পাড়ি দিয়ে এসে অনুষ্ঠান করার ঝক্কি সামলাতে পারবেন না তিনি। অবশেষে আমরা উভয়েই কথাবার্তা বলে অনুষ্ঠানটি করা সম্ভব হবে না বলেই সম্মত হই। তাঁর এই মহাপ্রয়াণে গভীর শোক ও বেদনার সঙ্গে ব্যক্তিগত একটি বড় কষ্টও থেকে গেল। বহু বছর ধরে ভেবেছিলাম, একটি আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে কিছুটা হলেও তাঁর প্রতি আমাদের ঋণ হয়তো শোধ করা যাবে। কিন্তু তা হলো না। পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে আমরা একটি স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নের মৃত্যু হলো।মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো।