একটি সড়ক দুর্ঘটনা ও পিতার আপসনামা
সড়ক দুর্ঘটনা এখন আমাদের জাতীয় জীবনের একটি অভিশাপের নাম। আমাদের রাষ্ট্রীয় জীবনের সবচেয়ে করুণ এই পাতাটি উল্টাতে গিয়ে দেখি মিশুক মুনীর ও তারেক মাসুদসহ আরও অনেক আলোকিত মানুষের নিভে যাওয়া জীবনপ্রদীপের বীভৎস ছবি। বেপরোয়াভাবে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে কারও জীবন কেড়ে নেওয়া কি নিছক দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড তা নিয়ে যৌক্তিক কিছু প্রশ্ন উঠতেই পারে। আর এই দুর্ঘটনা নামক হত্যাকাণ্ডের বিচারই বা কী হচ্ছে তা আজ মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ। আমাদের প্রচলিত আইনে দুর্ঘটনায় নিহত ভিকটিমের পরিবারের জন্যই বা কী প্রতিকার আছে তা-ও আজ অস্পৃশ্য। অথচ একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের ভাগ্যে নিয়ে আসে বিভীষিকাময় করুণ পরিণতি। এমন পরিণতি ও প্রতিকার না পাওয়ার সমূহ সম্ভাবনা যে একজন পিতাও তাঁর ছেলের জীবনের বিনিময়ে ৫০ হাজার টাকা নিতে যেন কুণ্ঠাবোধ করেননি। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার চান্দিনা থানার একটি জায়গায়। ছেলেটির নাম মাহবুব হোসেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। কে জানে মাত্র ২৫ বছর বয়সেই থেমে যাবে তাঁর উজ্জ্বল সম্ভাবনাময় একটি জীবন। বরণ করতে হবে তাঁকে অপমৃত্যুর পরিণতি। তিনি ছিলেন মা-বাবার একমাত্র আদরের সন্তান। মধ্যবিত্ত পরিবারের একটি সন্তান ছিলেন তিনি। মা-বাবা অনেক কষ্ট করে তাঁর পড়াশোনার খরচ জোগাতেন। তাঁকে নিয়ে তাঁদের ছিল বুকভরা স্বপ্ন। জীবন নিয়ে তিনি স্বপ্ন দেখতে ভালবাসতেন এবং আপন মনে ঘুরে বেড়াতেন নিজ স্বপ্নের রাজ্যে। আপন রঙে রাঙাতেন তিনি তাঁর জীবনের প্রতিটি মুহূর্তকে। মা অনেক কষ্টে টাকা জমিয়ে তাঁকে কিনে দিয়েছিলেন একটি মোটরসাইকেল, যেটা দিয়ে তিনি প্রতিদিন ক্লাসে যাবেন। ছুটির দিনে মাকে দেখার জন্য বাড়ি চলে আসবেন। এই তো সেদিন ছুটি পেয়ে মাকে দেখার জন্য অতি আনন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে ছুটে আসছিলেন বাড়ির দিকে। মায়ের কাছে। কিন্তু কে জানত একটি বাস, একজন বেপরোয়া চালক কিছুক্ষণের মধ্যেই তাঁর জীবনে এনে দেবে না-ফেরার মতো এক অমোঘ পরিণতি। তাঁর সেই অতি আনন্দে কাটানো প্রতিটি মুহূর্ত নিয়তির টেনে দেওয়া অবগুণ্ঠনতলে শুধুই পরিণত হবে এক বিমর্ষ প্রহরে। ছেলে বাড়িতে গিয়ে ‘মা’ বলে ডাক দেওয়ার বদলে কাফনে মোড়া লাশে পরিণত হবে তাঁর নিথর দেহ। তাঁর প্রিয় সেই মোটরসাইকেলটি পরিণত হবে দোমড়ানোমোচড়ানো একটি পরিত্যক্ত লোহায়। তারপর কী হলো? ওই ঘাতক বাসচালকের বিচারে সোচ্চার হলো সবাই। কিন্তু বিচার যেন অধরা...। বিচারের নামে প্রহসনে মাহবুবের জীবনের মূল্য নির্ধারিত হলো মাত্র ৫০ হাজার টাকা। পিতার কষ্ট লাঘবের বৃথা প্রচেষ্টার একটি পদক্ষেপ নিয়েছিলেন সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করে। থানা মামলা নিল ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে থানায় অবস্থানরত বাসমালিকের প্রতিনিধিদের হস্তক্ষেপে গ্রাম্য রথী-মহারথী মাতব্বরদের আয়োজনে গ্রাম্য-সালিসের ব্যবস্থা করা হলো। সালিসে মাহবুবের জীবনের ক্ষতিপূরণ নির্ধারিত হলো মাত্র ৫০ হাজার টাকা। হলো মাহবুবের জীবনের একটি আপসনামা। যেখানে মাহবুবের বাবার বরাত দিয়ে লেখা ছিল, ‘আমি অভিযোগকারী (মাহবুবের পিতা) এবং গাড়ির মালিক ও আসামি (চালক) উভয় পক্ষ গ্রাম্য সালিসের মাধ্যমে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ছেলের জীবনের ক্ষতিপূরণ হিসাবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা নগদ বুঝিয়া পাইয়া অত্র আপসনামায় আমি নিজ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, সহি সম্পাদন করিলাম।’মাহবুবের বাবা হয়তো ভেবেছিলেন, যদি আমি এইভাবে আপস না করি, তাহলে হয়তো ক্ষতিপূরণ হিসেবে এই ৫০ হাজার টাকাও পাব না। কারণ, গাড়ির মালিকেরা থাকেন অত্যন্ত প্রভাবশালী, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইত্যাদি ইত্যাদি। হয়তো বা মাহবুবের বাবার চিন্তাও ঠিক। এই ৫০ হাজার টাকাও যে পেয়েছেন, তাও সান্ত্বনা হতে পারে। এই টাকাটাও হয়তো বাবা নাও পেতে পারতেন। এইভাবে একজন মাহবুবের জীবনের সমাপ্তি ঘটল। মাহবুব এই ঘৃণ্য সমাজ থেকে পাওয়া অপমান দেখার সুযোগ পেলে হয়তো বা নিজেই বলতেন, ‘আমি আমার অস্তিত্বের এই অপমানজনক অবিনশ্বরতা চাই না।’পাদটিকা: সড়ক দুর্ঘটনার শিকার ভিকটিমদের পরিবারের জন্য আমাদের প্রচলিত আইনে প্রতিকার হচ্ছে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৪(খ) ধারায় ফৌজদারি মামলা করা আর সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭-এর অধীনে ক্ষতিপূরণের জন্য মানি স্যুট আকারে মামলা করা। লেখক আইনজীবী, ঢাকা জজকোর্ট