একটি হুইলচেয়ার হলে...
১৩ বছরের এইটুকু জীবনে এখন চাওয়ার মতো একটি জিনিসই আছে হাউসউদ্দিনের; তা হলো একটি হুইলচেয়ার। এটি পেলে চলাফেরার কষ্ট কিঞ্চিত্ লাঘব হবে তার। হাউসউদ্দিনের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফারাকপুর গ্রামে। বাবা সিদ্দিকুর রহমান একজন দিনমজুর। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হাউসউদ্দিন। সে স্থানীয় তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছে। সে স্কুল ও পরীক্ষাকেন্দ্রে চলাফেরা করে হাঁটুতে ভর দিয়ে। পা দিয়ে কলম ধরে লিখছে পরীক্ষার খাতায়। বাবা সিদ্দিকুর রহমান বলেন, ‘হাউসের পড়াশোনা করার খুব আগ্রহ। এই অদম্য ইচ্ছা তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। রিকশাভ্যানে করে স্কুলে যায় সে। এরপর হামাগুড়ি দিয়ে চলাচল করে। একটা হুইলচেয়ার হলে খুব ভালো হয়।’ পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে হাওস বলে, ‘পরীক্ষা খুব ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছি। পরীক্ষাকেন্দ্রে স্যারেরা খুব আদর করে। আমি পাস করব। পড়াশোনা করে শিক্ষিত হব, মানুষের মতো মানুষ হব।’ তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, হাউস ছাত্র হিসেবে ভালো।হাউসেরা পাঁচ ভাইবোন। ভাই সে একাই। দুই বোনের বিয়ে হয়ে গেছে।