একটি ‘উচ্ছেদ’ কাহিনি
‘এই ৪ আগস্টের কথা। বিকেল তখন চারটা কি পাঁচটা। আচমকা বাসায় দেখি, গেন্ডারিয়া থানার কিছু পুলিশ এসে হাজির। পুলিশ বলল, “আপনাদের বাড়ির মালিকানা নিয়েঝামেলা আছে। কাগজপত্র নিয়ে থানায় আসবেন।”আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে আমরা থানায় যাওয়ার প্রস্তুতি নিতে থাকি। পরদিন ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে দেখি, বাসার সামনে পুলিশ এবং লোকজন জড়ো হচ্ছে। আমরা কোনো নোটিশ পাইনি। তাই বুঝতে পারিনি পুলিশসহ কেন লোকসমাগম হচ্ছে। পরে সাড়ে ১২টার দিকে আমাদের নিচতলার দোকানের ভাড়াটিয়াদের জানানো হয়, ম্যাজিস্ট্রেট এলে বাড়ি খালি করতে হবে, তারা যেন দোকানের সব মালপত্র নিয়ে বের হয়ে যায়। পুলিশের সঙ্গে আসা লোকজন যে বাড়ি ভাঙার লোক তা বুঝতে পারি কেবল তখনই। জমির সব কাগজপত্র নিয়ে আমি তখন তৈরি, যেন ম্যাজিস্ট্রেটকে দেখাতে পারি। দুপুর একটার দিকে ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান আসেন। এসে তিনি বাড়ির উল্টোদিকে পুলিশ ফাঁড়িতে গিয়ে বসেন। আমি তখন আমার সন্তানসহ সব কাগজপত্র নিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যাই। কিন্তু তিনি আমাদের কোনো কাগজপত্র তো দেখলেনই না, উল্টো জানতে চান, বাড়ির ওপর কোনো মামলায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কি না। বললাম, আমাদের এই নালিশি ভূমিকে কেন্দ্র করে বর্তমানে একটি স্বত্বের মামলা নিম্ন আদালতে বিচারাধীন। এ সংক্রান্ত একটি রিট মামলাও চলছে হাইকোর্টে। ম্যাজিস্ট্রেট সাহেবকে আমি মামলার কাগজপত্র ও আদালতের আদেশের কপি দেখাই। কিন্তু তাতে তিনি কর্ণপাত করলেন না। আমি এও বলেছি, নালিশি ভূমির বিষয়ে মালিকানা এবং দখলের সব কাগজপত্র দীর্ঘদিন ধরে আমাদের নামীয়। তাও তিনি শুনলেন না। বললেন, “৩০ মিনিটের মধ্যে বাড়ি খালি করে দেন।” বাড়ি ছাড়ার কোনো লিখিত নোটিশ আমরা পাইনি। তাই এ রকম অনভিপ্রেত আদেশে আমাদের মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। আমরা হতভম্ব হয়ে যাই। অনন্যোপায় হয়ে করজোড়ে সাত দিন সময় চাইলাম বাড়ি ছাড়ার জন্য। চরম অমানবিকভাবে তখন তিনি বলেন, “কিছু বলার থাকলে আপনারা ডিসি মহোদয়ের কাছে বলতে পারেন। আমরা তাঁর নির্দেশে উচ্ছেদ করতে এসেছি।”বেলা দেড়টায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে শুরু হয় আমাদের বাড়ি ভাঙার কাজ। চোখের সামনেই ধ্বংসস্তূপে পরিণত হয় আমাদের স্বপ্নসৌধ, আমাদের মাথা গোঁজার একমাত্র ঠাঁই। এক ঘণ্টার মধ্যে ঘরের লেপ-কাঁথা-বালিশসহ আজন্ম ব্যবহূত সব জিনিসপত্রের ঠাঁই হয় খোলা আকাশের নিচে। আমাদের চারতলা দালানের দ্বিতীয় তলা ছাড়া অন্য সব তলায় ভাড়াটে থাকে। তাদের দশাও হয় আমাদের মতো। ভাড়াটেদের ফ্ল্যাটগুলো থেকেও তাদের তল্পিতল্পাসহ উৎখাত করা হয়। একপর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে সন্তানাদিসহ আমাকে ও আমার স্ত্রীকে টানাহেঁচড়া করে বাড়ি থেকে পুলিশ বের করে দেয়। তাতে আমাদের কতটা মানহানি ও অমর্যাদা হয়েছে আর কতটা অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা তা পরিমাপযোগ্য নয় কোনো কিছুতেই।’ ওই উচ্ছেদকাহিনির বর্ণনা দিতে গিয়ে নিজেকে এভাবে ব্যক্ত করলেন ওই বাড়ির মালিক বলে দাবিদার সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গোলাম আজীম। গত ৫ আগস্ট মাত্র ৩০ মিনিটের মৌখিক নোটিশে নিজ মালিকানাধীন এবং দখলীয় চারতলা ভবন থেকে মালামালসহ উচ্ছেদ হয় ঢাকার সূত্রাপুর থানার নারিন্দার ১১৯ নম্বর শরৎ গুপ্ত রোডের এক পরিবারের ১৩ জন সদস্য। বিভিন্ন ফ্ল্যাটের ভাড়াটিয়াসহ সেদিন উচ্ছেদকৃতের সংখ্যা ছিল ৭০-৭৫ জন।ওই জমি ও বাড়িতে নিজেদের বৈধ মালিকানা দাবি করে গোলাম আজীম আরও জানান, রেজিস্ট্রিকৃত হেবা বিল এওয়াজ দলিল নম্বর ১৩৮৬১, তারিখ ২০.০৯.১৯৭০ এবং ২১ সেপ্টেম্বর ১৯৭০ রেজিস্ট্রিকৃত সাফকবলা দলিল নম্বর ১৪৫২৮, তারিখ ২১.০৯.১৯৭০ মূলে ১১৯ নম্বর শরৎ গুপ্ত রোডের .০৪৫৭ একর ভূমি ও তদস্থিত পুরোনো দোতলা পাকা বাড়ির মালিক হন তিনি (গোলাম আজীম) ও তাঁর স্ত্রী রোকেয়া বেগম। ১৯৭১ সালে ওই সম্পত্তি তাঁদের নামে নামজারি ও জমা ভাগ হয়। রাজউকের অনুমোদন নিয়ে পরে দোতলা ভেঙে তাতে পূর্বে উল্লিখিত চারতলা পাকা বাড়ি নির্মাণ করা হয়। এরপর ২০০৫ সাল পর্যন্ত তাঁরা ওই সম্পত্তির যাবতীয় খাজনা পরিশোধ করেন। গোলাম আজীম আরও জানান, ২০০৫ সালে তাঁরা একটা সাত দিনের উচ্ছেদ নোটিশ পান। নোটিশের বিরুদ্ধে তাঁরা একটি রিট করেন (রিট নম্বর-৭১৮৫/০৫)। কিন্তু নালিশি ভূমির বিষয়ে ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একটি স্বত্বের মামলা (১৮৬/০৫) বিচারাধীন থাকায় এবং বিষয়টি নিম্ন আদালতের এখতিয়ারাধীন হওয়ায় ওই রিট আবেদন নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ ওই নোটিশের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেন। পরে উভয় পক্ষের কথা শুনে নিম্ন আদালতে মামলা নিষ্পত্তির লক্ষ্যে আপিল বিভাগ মামলাটি খারিজ করে দেন। ওই উচ্ছেদ নোটিশের প্রায় এক মাস পর একটা গেজেট নোটিফিকেশন (গেজেট নম্বর-২৯) প্রকাশিত হয়। তাতে গোলাম আজীম ও তাঁর স্ত্রীর মালিকানাধীন এবং দখলীয় নালিশি ভূমিকে সরকারি খাস সম্পত্তি হিসেবে দেখানো হয়। ওই গেজেটকে চ্যালেঞ্জ করে গোলাম আজীম ও তাঁর স্ত্রী আরেকটি রিট করেন (রিট নম্বর-৮১৪৮/২০০৫)। এই রিট সংশ্লিষ্ট একটি লিভ টু আপিল বর্তমানে শুনানির অপেক্ষায় থাকায় এর কার্যক্রম আপিল বিভাগের আদেশে বর্তমানে স্থগিত অবস্থায় আছে । আজীম সাহেবদের ক্ষোভ, এ রকম অবস্থায় উচ্ছেদের কোনো লিখিত নোটিশ না দিয়ে মাত্র ৩০ মিনিটের মৌখিক নোটিশে এক ঝটিকা অভিযানে তাঁদের ৭০-৭৫ জন মানুষকে উচ্ছেদ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে উচ্ছেদ অভিযানের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আমি ডিসি সাহেবের নির্দেশে ওই অভিযান পরিচালনা করেছি। আমার কাছে বিষয়টি ৫ আগস্টই শেষ হয়ে গেছে। উচ্ছেদ অভিযানের আগে-পরে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যত দূর জানি, ২০০৫ সালের উচ্ছেদ নোটিশের পরিপ্রেক্ষিতে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সম্পর্কে অন্য কোনো তথ্য আমার কাছে নেই। ডিসি, এসি ল্যান্ডের সঙ্গে কথা বললে আপনি বিস্তারিত জানতে পারবেন। তাঁরাই বিষয়টি ভালো জানেন এবং সঠিকভাবে বলতে পারবেন।’একই বিষয়ে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক বলেন, ‘ওই বাড়িটা একটা সরকারি রিকুইজিশন বাড়ি। ওই বাড়ির বৈধ মালিক না থাকায় সরকার এটা খাসজমি হিসেবে ঘোষণা দেয়। সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গোলাম আজীম নিম্ন আদালত, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ কোনো কিছু বাদ রাখেননি। ওই খাসজমি নিয়ে ভদ্রলোক এ পর্যন্ত ১৫ থেকে ১৮টি হয়রানিমূলক মামলা করেছেন। মামলার সঠিক সংখ্যা আরও বেশি হতে পারে। ওই বাড়িটা তিনি ভাড়া দিতেন। আর ভাড়ার টাকায় সরকারের বিরুদ্ধে একটার পর একটা মামলা চালাতেন। সহকারী কমিশনার (ভূমি), কোতোয়ালি সার্কেল, ঢাকার মিস কেস নং-৩৬/ ২০০৪-এর আলোকে ওই জমি ও বাড়ির মালিক দেশে না থাকায় মালিকবিহীন সম্পত্তি হিসেবে ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯২(গ) ধারার বিধানমতে বাংলাদেশ গেজেট নম্বর ২৯ তারিখ ২১/০৬/০৫ মূলে সরকার ওই ভূমিকে সরকারি খাস সম্পত্তি হিসেবে ঘোষণা করে। এ উচ্ছেদ কার্যক্রম কোনোভাবে অবৈধ নয়। ওই উচ্ছেদ অভিযান চালানোর আগে আমরা আইন মন্ত্রণালয়ের অনুমতি পর্যন্ত নিয়েছি। পরিপূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় ওই বাড়ি ভাঙা হয়।’