একটিতে ১৮ দলের ছয় নেতার জামিন, অন্যটিতে ভিন্ন আদেশ
ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা দ্রুত বিচার আইনের মামলায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ ১৮-দলীয় জোটের ছয় নেতা ছয় মাসের জামিন পেয়েছেন।গতকাল বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অপর মামলায় তাঁদের জামিনের বিষয়ে ওই বেঞ্চে ভিন্ন আদেশ হয়েছে। তবে ছয়জনের মধ্যে দুটি মামলাতেই ছয় মাসের জামিন পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।দ্রুত বিচার আইনে করা মামলায় জামিন পাওয়া অপর চার নেতা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মোহাম্মদ শাহজাহান ও চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন।বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জয়নুল আবদিন, আমানউল্লাহ ও রিজভীর ছয় মাসের জামিন মঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারপতি। তবে বেঞ্চের অপর বিচারপতি দ্বিমত পোষণ করে তাঁদের জামিন প্রশ্নে রুল জারি করেন। এ ছাড়া আইনজীবীদের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় শাহজাহান ও জাহিদ হোসেনের জামিন আবেদনের শুনানি ১০ দিনের জন্য মুলতবি রাখেন আদালত।আইনজীবীরা বলেছেন, জয়নুল, আমান ও রিজভীর আবেদনে বিভক্ত আদেশ হওয়ায় বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য অন্য বেঞ্চে পাঠাবেন। এ দুই মামলায় জামিন পাওয়ায় অন্য মামলা না থাকলে শফিউল আলমের মুক্তিতে আইনগত বাধা নেই।আদালত সূত্র জানায়, গত ৭ মার্চ পল্টন থানায় করা ওই দুটি মামলায় ১৮-দলীয় জোটের এই ছয় নেতা হাইকোর্টে পৃথক ১২টি জামিনের আবেদন করেন। এসব আবেদনের ওপর তিন দিন শুনানি হয়।আদালতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা ও তাসমিয়া প্রধান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।গত ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরদিন পুলিশ বাদী হয়ে পল্টন থানায় এ দুটি মামলা করে। দুই মামলার এজাহারে এই ছয়জনসহ ১৫৪ জনকে আসামি করা হয়। দ্রুত বিচার আইনের মামলায় পুলিশ গত ২৪ মার্চ ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে।অভিযোগ গঠন বিষয়ে শুনানি ৩০ এপ্রিল: এদিকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের মামলায় ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ৩০ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার আদালত-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান গতকাল এ দিন ধার্য করেন। গতকাল শুনানির ধার্য দিনে পুলিশ কারাগারে থাকা চার আসামিকে আদালতে হাজির করতে না পারায় এ তারিখ ধার্য করা হয়।