একটু উদ্যোগের অভাবে বিকাশ হচ্ছে না বরগুনায় পর্যটনশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে দেশের পর্যটনশিল্পের নতুন দিক উন্মোচিত হতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ থাকলেও সরকারি-বেসরকারি উদ্যোগের অভাবে সম্ভাবনাময় এ এলাকায় দীর্ঘদিনেও পর্যটনশিল্পের বিকাশ ঘটেনি।বরগুনায় পর্যটনের বেশ কয়েকটি স্থান রয়েছে, যেখানে এলে প্রকৃতির নিবিড় সান্নিধ্য অনুভব করা যায়। একদিকে সবুজ-শ্যামল ছায়ার কোমল পরশ; অন্যদিকে বঙ্গোপসাগরের শোঁ শোঁ গর্জন, মায়াবি চিত্রল হরিণের দুরন্তপনা, আদিবাসী রাখাইন নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ জীবনচিত্র, চরাঞ্চলের মানুষের জীবনযুদ্ধ আর সবুজ বনাঞ্চল যে কাউকে মুগ্ধ করে। আশারচর, সোনাকাটা, টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল, লালদিয়ারচর, হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল, পদ্মারচরকে ঘিরে গড়ে উঠতে পারে পর্যটনের সম্ভাবনাময় ক্ষেত্র।টেংরাগিরি বনাঞ্চল: বঙ্গোপসাগরের কোলে শুয়ে থাকা এই টেংরাগিরি বনে এসে কান পাতলে শোনা যাবে সাগরের শোঁ শোঁ গর্জন আর সাগর থেকে উঠে আসা দুরন্ত বাতাসে বনানীর পত্রগুচ্ছের ছন্দময় শব্দের অনুরণন। শুনে মনে হবে, কারা যেন কোরাস গাইছে মনের মাধুরী মিশিয়ে। বরগুনার তালতলী থানার ফকিরহাট এলাকায় অবস্থিত এই টেংরাগিরি একসময় সুন্দরবনের অংশ ছিল বলে এলাকায় জনশ্রুতি আছে। কিন্তু কালের প্রবাহে এখন তা একটি স্বতন্ত্র বনভূমি। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই বনকে স্থানীয় লোকজন ফাতরার বন হিসেবে চেনে। কিন্তু কাগজে-কলমে এর নাম টেংরাগিরি।টেংরাগিরি বনাঞ্চল হিসেবে স্বীকৃতি পায় ১৯৬৭ সালে।এখানে প্রকৃতি যেন ভিন্ন চিত্রের। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত এই টেংরাগিরি। সারি সারি গেওয়া, জাম, ধুন্দল, কেওড়া, সুন্দরী, বাইন, করমচা, বলই কেওয়া, তাল, কাঁকড়া, বনকাঁঠাল, রেইনট্রি, হেতাল, তাম্বুলকাটা, গরান গাছের সমারোহ মনোমুগ্ধকর।কাঠবিড়াল, বানর, প্রায় ৪০ প্রজাতির সাপ, সজারু, শূকর, উদ, কচ্ছপ, শেয়াল, ডোরাকাটা বাঘ, বুনোহাঁস, বন মোরগ, মধু কাঁকড়া—এ রকম হাজারো প্রজাতির জীবজন্তুর অভয়ারণ্য এই টেংরাগিরি। বিভিন্ন প্রজাতির পাখি এ বনের অলংকার যেন। এ ছাড়া তালতলীর ২৩টি পল্লিতে বসবাস করছে কয়েক শ বছরের পুরোনো আদিবাসী রাখাইন সম্প্রদায়। তাদের বৈচিত্র্যপূর্ণ জীবনযাপন, প্রাচীন উপাসনালয়, বুদ্ধমূর্তিগুলো পর্যটকদের ভিন্নমাত্রার আনন্দ দেবে।এখানে বেড়াতে এলে একই সঙ্গে সুনিবিড় প্রকৃতির সমাদর যেমন মিলবে, তেমনি বঙ্গোপসাগরের দিগন্তজোড়া রূপ-লাবণ্যকেও উপভোগ করা যাবে। ঢাকা থেকে সরাসরি লঞ্চে আমতলী। সেখান থেকে বাসে অথবা ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে তালতলী হয়ে খুব সহজেই সেখানে যাওয়া যায়। এ ছাড়া ঢাকার সায়েদাবাদ ও গাবতলী থেকে সরাসরি বাসে আমতলী এসে সেখান থেকে সড়কপথে টেংরাগিরি পৌঁছানো যায়।সোনাকাটা: টেংরাগিরি বনের খুব কাছেই আরেক নৈসর্গিক সৌন্দর্যের লীলাকেন্দ্র সোনাকাটা চরাঞ্চল। তালতলী থানা সদর থেকে খুব কাছেই বঙ্গোপসাগরের কোলে শুয়ে থাকা সোনাকাটায় এলে প্রকৃতির বহুমাত্রিক সৌন্দর্য অবলোকন করা যায়। একদিকে টেংরাগিরি বনের সবুজ নৈসর্গ, অন্যদিকে বিশাল বালিয়াড়ির বুকে কান পাতলে শোনা যাবে বঙ্গোপসাগরের তরঙ্গধ্বনি। সোনাকাটায় দেখা যাবে সূর্যোদয় আর সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য। শেষ বিকেলের মরে যাওয়া রোদ বুকে নিয়ে সূর্য কীভাবে হারিয়ে যায় নীল সাগরের বিশাল জলরাশির বুকে, সেই দৃশ্য অবলোকনের জন্য সোনাকাটার বাইরে উত্কৃষ্ট স্থান আর দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। এই সৈকতের পাশেই রয়েছে সখিনা ও নিশানবাড়িয়া নামের দুটি ফরেস্ট বিট। এ দুটি বন ও চরকে কেন্দ্র করে এখানে নয়নাভিরাম ইকোপার্ক গড়ে তোলা সম্ভব।আশারচর: আশারচর আশা জাগানিয়া এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাক্ষেত্র। সুনীল আকাশ আর সাগরের নীলজল একাকার হয়ে বর্ণিল করে তুলেছে এখানকার পরিবেশ। চরজুড়ে আছে সুবিশাল শুঁটকি-সাম্রাজ্য। বরগুনার তালতলী থানা সদর থেকে আট কিলোমিটার দক্ষিণে আশারচরে দেশের অন্যতম শুঁটকিপল্লি অবস্থিত। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত প্রায় ১০০ কিলোমিটার আয়তনের এই চর বালিহাঁস, গাংচিল, পানকৌড়িসহ হরেক পাখির কুজনে সব সময় মুখর থাকে। রাতের নিস্তব্ধতা ছাপিয়ে যায় দূর সাগরের বুকে মাছ ধরায় ব্যস্ত ছোট ছোট ডিঙি নৌকার টিপটিপে আলোর মিছিলে। দূর থেকে দেখলে মনে হবে সাগরের বুকে ভাসমান কোনো শহর। রাতের মলিন বুকে শুয়ে থাকে যেন উজ্জ্বল ভোরের নির্মল আহ্বান। রাতের ক্লান্তি ছাপিয়ে আশারচরে ভোর নামে, বাড়ে পাখির কোলাহল, ছোট ডিঙিগুলো কিনারে ফেরে। জীবন-জীবিকার কোলাহলে মুখর হয়ে ওঠে গোটা চর।হরিণঘাটা বনাঞ্চল: চঞ্চল হরিণেরা দল বেঁধে ছুটছে। বানর আর বুনো শূকরের অবাধ বিচরণ, পাখির কলরব আর সবুজ পাতার সানাইয়ে সারাক্ষণ মুখর থাকে হরিণঘাটা বনাঞ্চল। বঙ্গোপসাগরের মোহনায় পায়রা-বিষখালী-বলেশ্বর—এ তিন নদীর সঙ্গমস্থলে অবস্থিত হরিণঘাটার সৃজিত বনে হরিণ, বানর, শূকর, কাঠবিড়ালি, মেছো বাঘ, ডোরা বাঘ, সজারু, উদ, শৃগালসহ অসংখ্য বুনো প্রাণীর বিচরণ এ বনে। হরেক প্রজাতির পাখির কলরবে সারাক্ষণ মুখর থাকে হরিণঘাটা। মূলত সুন্দরবনের চেয়ে আকৃতিতে বড় প্রজাতির মায়াবি চিত্রল হরিণের বিচরণস্থল হওয়ায় এই বনের নামকরণ হয়েছে হরিণঘাটা বনাঞ্চল। দৃষ্টিনন্দন ঘন বন আর সবুজে ছাওয়া হরিণঘাটা বনের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করেছে লালদিয়া, পদ্মা, লাঠিমারা নামের সুবিশাল তিনটি বিচ। সূর্যাস্ত-সূর্যোদয়ের দৃশ্য অবলোকনের জন্য এর চেয়ে উপযোগী স্থান আর বুঝি নেই।বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দক্ষিণে অবস্থিত হরিণঘাটা বন হতে পারে দেশের অন্যতম একটি সৌন্দর্যময় ও সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। এখানে আসতে হলে ঢাকা থেকে সরাসরি সড়কপথে পাথরঘাটা এবং পাথরঘাটা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে অথবা টেম্পোতে করে সরাসরি চলে আসা যায়।বিবিচিনি মসজিদ: বরগুনার বেতাগী উপজেলা থেকে ১০ কিলোমিটার পূর্বে বিবিচিনি ইউনিয়নে শিল্প স্থাপত্য নিয়ে কালের সাক্ষী ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদ। ঐতিহাসিকদের মতামত অনুযায়ী ১৬৫৯ সালে শাহ নেয়ামত উল্লাহ নামের পারস্য এক ধর্মযাজক বেতাগী উপজেলার ওই এলাকায় এসে ইসলাম প্রচারের জন্য তাঁর মেয়ে চিনিবিবির নামে ওই শাহী মসজিদ নির্মাণ করেন। মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ ৩৩ ফুট এবং দেয়ালের প্রস্থ প্রায় ছয় ফুট। মোগল আমলে ইট, সুরকি আর চুন দিয়ে নির্মিত মসজিদটির সর্বত্র অনন্য স্থাপত্য নিদর্শন সবার নজর কাড়ে। সমতল ভূমি থেকে ১৫ ফুট উচ্চতার টিলার ওপর এ মসজিদের অবস্থান। মসজিদের পাশেই চিরনিন্দ্রায় শায়িত আছেন এর প্রতিষ্ঠাতা শাহ নেয়ামত উল্লাহ ও তাঁর দুই মেয়ে চিনিবিবি ও ইসাবিবি। কথিত আছে, শাহ নেয়ামত উল্লাহ মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ১৭০০ সালে মারা যান। তাঁর নামানুসারে বেতাগীর নিয়ামতি বন্দরের নামকরণ করা হয়েছে। বরগুনা জেলার ইতিহাস থেকে জানা যায়, শাহ নিয়ামত উল্লাহর হাতেই প্রথম বরগুনা জেলার ভূমিতে জনবসতি স্থাপন ও গোড়াপত্তন হয়েছিল। ইতিহাসের উজ্জ্বল নিদর্শন এই মসজিদটি সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হওয়ায় এটিকে পুরোনো আদল ঠিক রেখে সংস্কার করা হয়েছে।আলোর মুখ দেখছে না সম্ভাবনাময় পর্যটনশিল্প: যুগ যুগ ধরে বরগুনার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো সরকারি-বেসরকারি উদ্যোগের অভাবে আলোর মুখ দেখছে না। অথচ এসব সম্ভাবনাময় স্থানের আধুনিকায়ন করে পর্যটকদের ভ্রমণোপযোগী করা গেলে এসব স্থান হতে পারে দেশের অন্যতম মনোরম পর্যটন ক্ষেত্র।বরগুনার জেলা প্রশাসক স্বপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, বরগুনা জেলার সর্বত্র প্রাকৃতিক নিসর্গের অপরূপ ছোঁয়া লেগে আছে। এই সৌন্দর্যসুষমা কাজে লাগাতে পারলে দেশের পর্যটনশিল্পে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি গোটা দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে একটি মৌলিক পরিবর্তন আসবে।তিনি বলেন, সম্প্রতি বরগুনার এসব পর্যটন স্পট চিহ্নিত করে এসব এলাকার আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এর ধারাবাহিকতায় সদর উপজেলার ছোনবুনিয়ায় এলজিইডির মাধ্যমে একটি পর্যটন রেস্ট হাউস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব পর্যটন স্পটকেই আধুনিকায়ন করা হবে।