একটু একটু ঈর্ষাও হয়েছিল
মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবরদার। সত্যি, ছোটবেলায় আমাদের মাথায় কত প্রশ্ন কিলবিল করত। সেসব জিগ্যেস করলে বড়দের কাছ থেকে ধমক খেতে হতো অনেক সময়! কিন্তু আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয়ের মাঠে এসে দেখি, দিন পাল্টে গেছে। ভাষা প্রতিযোগের ঢাকা উৎসবে বাংলা ভাষার বড় পণ্ডিতেরা প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছেন, ছাত্রছাত্রীরা একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে এই পণ্ডিতদের উদ্দেশে, আর এই ভাষাবিদেরাও হেসে হেসে সেসবের উত্তর দিচ্ছেন। সবচেয়ে বেশিবার উচ্চারিত প্রশ্নগুলোর একটা হলো, কেন ৮ই ফাল্গুন নয়, কেন একুশে ফেব্রুয়ারি। এই প্রশ্নের উত্তর অবশ্য সঞ্চালক অরুণ বসুই দিয়ে থাকেন। তিনি বলেন, আচ্ছা বলো তো, তোমার জন্মদিন কবে? ছেলে বা মেয়েটি উত্তর দেয়, ১১ মার্চ, ২৭ শে ডিসেম্বর। কেন মার্চ কেন? কেন ডিসেম্বর কেন?এবার একটা অসাধারণ শিক্ষার্থীর দেখা মিলল। সে একটার পর একটা প্রশ্ন করে চলেছে। এমনকি প্রথম আলোর বানানরীতি বইটাও তার কাছে আছে, সে সেখান থেকেও প্রশ্ন করছে। ওকে আলাদা করে জিগ্যেস করলাম, কোথায় পড়ো। সে জানাল, মাদ্রাসায় পড়ে। মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা নয়, কওমি মাদ্রাসা। জ্ঞানের প্রতি তার প্রবল আগ্রহ তাকে টেনে এনেছে ভাষা প্রতিযোগে, এরপর দেখি বন্ধুসভার রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানেও সে হাজির। তার দুচোখের তারায় বুদ্ধির আলো ঝকমক করছে। ভাষার প্রতি ভালোবাসা তার ভেতরে বাসা বেঁধেছে। সে যে একদিন অনেক বড় হবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।এই যে ভালোবাসার সন্ধান দেওয়া, ভাষার প্রতি ভালোবাসা; মা, মাতৃভূমি আর মাতৃভাষার প্রতি দরদ জাগানো—এটাই ভাষা প্রতিযোগের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য থেকেই ভাষাবিদেরা দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ছুটে যান। কী যে কষ্ট স্বীকার তাঁরা করে থাকেন। চট্টগ্রাম থেকে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে ভীষ্মদেব চৌধুরী, বিশ্বজিৎ ঘোষ, সৈয়দ আজিজুল হক, সৌরভ শিকদার, সৌমিত্র শেখর, তারিক মনজুরও সময় দেন প্রচুর।এবার অবশ্য অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কবি নির্মলেন্দু গুণ, মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ মনজুরুল ইসলামের মতো লেখকেরা এসেছিলেন বিভিন্ন পর্যায়ে, জাতীয় উৎসবে তো বটেই, তাতে ভাষা প্রতিযোগে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মতো আমিও ভীষণ খুশি হয়েছিলাম। তবে একটু একটু ঈর্ষাও হয়েছিল, আজকালকার ছেলেমেয়েরা কত সৌভাগ্যবান। তারা কত বড় মানুষকে কাছে পাচ্ছে। আমাদের সময়ে কি আর এসব হতো!তবে আমাদের সময়ে সুবিধাও ছিল। আজকালকার মতো তীব্র প্রতিযোগিতা ছিল না। টিক চিহ্ন মার্কা পরীক্ষা ছিল না। কাজেই আমরা বাংলা বইটা হাতে পেয়ে এর সব গল্প-কবিতা-প্রবন্ধ পড়ে ফেলতাম। নিজের বইটা তো পড়তামই, বড় ভাইবোনদের বইগুলোও পড়া শেষ। তারপর শুরু হতো বইয়ের খোঁজ। স্কুলের পাঠাগার থেকে নিয়মিত বই নিতাম। আর পড়তাম। সেই অবকাশটা আজকালকার ছেলেমেয়েরা কি পায়! বাবা-মা খালি বলেন, রেজাল্ট ভালো চাই, যা, কোচিংয়ে যা, টিউটরের কাছে যা। স্কুলের ব্যাগটা ভীষণ ভারী, আমরা কি আর বইতে পারি! আমাদের কালে এই গানও গাইতে হতো না!আমাদের ছোটবেলায় আমরা নির্মলেন্দু গুণকে কাছে থেকে দেখিনি। কিন্তু তাঁর ছড়া আমার মুখস্থ ছিল। এখনো আছে। শোনাই:আলীর সাথে লড়তে রাজি, কিন্তু আছে শর্ত,রিঙের মাঝে থাকতে হবে একটা গোপন গর্ত।এক পা সেই গর্তে রেখে মুষ্টিটাকে বাগিয়ে,দূর থেকে তা ছুড়ে মারব আলীর কাছে না গিয়ে।আলী উল্টো মারতে এলেই উধাও হব গর্তে,ঘুসির রাজা পারবে তখন কোন কচুটা করতে?অবাক হয়ে ভাববে আলী, বুদ্ধিমানের দেশ তো!এক ঘুসিতেই বিশ্বজয়ী, বেশ তো ছেলে বেশ তো।সত্যি এটা কিন্তু আমি মুখস্থ লিখলাম। কেউ মুখস্থ করতে বলেনি, বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। কোনো পরীক্ষায় এটা আসবে না, কিন্তু তাতে কী! সব কি আর পরীক্ষার জন্য। আনন্দের জন্য কি কিছুই নয়!