একটু বদলের জন্য
মিরপুরে সাঁতার কমপ্লেক্সে গেলে যে কারোরই মনটা খারাপ হয়ে যাবে। ১৬ বছরের অকেজো একটি ইলেকট্রনিক্স স্কোর বোর্ড দাঁড়িয়ে আছে। কোনোমতে মেরামত করে তাতেই আসন্ন দক্ষিণ এশীয় গেমস সাঁতারের টাইমিং ধরা হবে। কিন্তু স্কোর বোর্ডটির এমনই দুরবস্থা যে ঠিক করলে পরক্ষণেই তা নষ্ট হয়ে যায়। গেমসের সময় না বিদেশিদের সামনে লজ্জায় না পড়তে হয়, সেই আতঙ্কে এখন দিন কাটছে সাঁতারুদের।প্রায় ৪০ কোটি টাকা খরচ করে দক্ষিণ এশীয় গেমসের উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠান করার বিশাল এক কর্মযজ্ঞ হাতে নিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু এক-দেড় কোটি টাকা ব্যয়ে নতুন একটি ইলেকট্রনিক্স স্কোর বোর্ড আনা গেল না। নতুন স্কোর বোর্ড আনার জন্য বরাদ্দকৃত অর্থ অন্য খাতে খরচ হয়ে যাওয়ায় এখন আর নাকি তা সম্ভব নয়। ঠিক আছে, এখন আর সম্ভব না হলে নিশ্চয়ই ভবিষ্যতে সম্ভব হবে! সেটা এ বছরই হোক না।নতুন বছরে ফুটবল-ক্রিকেটের বাইরের খেলাগুলো নিয়ে লিখতে বসে সবকিছুর আগে এই স্কোর বোর্ডের কথাটিই লিখতে হলো। কারণ, এ বিষয়টা গোটা ক্রীড়াঙ্গনকেই নাড়িয়ে দিয়েছে গত বছরের শেষ দিকে। গেমস আয়োজন নিয়ে এতকিছু হচ্ছে, অথচ সবচেয়ে দরকারি একটা জিনিসই না হওয়ায় নতুন বছরে নতুন একটা স্কোর বোর্ডের প্রত্যাশা জানিয়ে রাখতে হচ্ছে।দক্ষিণ এশীয় গেমসের সৌজন্যে এত দিনে একটা ইলেকট্রনিক্স বোর্ড পাচ্ছেন অ্যাথলেটরা, এটা অ্যাথলেটদের জন্য দারুণ একটা খবর। নতুন বছরে এই স্কোর বোর্ডে যাতে নিজেদের টাইমিংটা দেখার সুযোগ পান অ্যাথলেটরা সেটির ব্যবস্থা করা দরকার। মানে, খেলা থাকতে হবে। অ্যাথলেটিকস প্রতিযোগিতা তো বছরে একটা-দুটো হয়। কোনো কোনো বছর তাও হয় না। ২০১০ সালে অ্যাথলেটদের যেন ঘরে বসে বেকার সময় কাটাতে না হয়, সেই দিকে নজর দেবেন কর্তাব্যক্তিরা, এই চাওয়াটা সময়েরই দাবি।সেদিন এসএ গেমসে ক্যাম্পে থাকা অ্যাথলেটরা বললেন, ইনজুরিতে পড়লে তাঁদের দ্রুত সারিয়ে তোলার আধুনিক কোনো ব্যবস্থা নেই। ফিজিও না থাকায় তাঁরা ঠিক বুঝতে পারেন না কখন কী করা দরকার। বছরব্যাপী ক্যাম্প হবে, খাওয়াদাওয়া ঠিকমতো পাবেন, সবই না হয় হলো। কিন্তু এর সঙ্গে চিকিত্সাব্যবস্থাটাও তো থাকা দরকার, তাই না? উন্নত প্রশিক্ষণ কতটা দরকার সেটা বলার দরকার পড়ছে না। জীবন চালানোর মতো ব্যবস্থা করে দিতে হবে তাঁদের। দিতে হবে পুষ্টিকর খাবার। কিন্তু এটা খেলোয়াড়েরা কতটা পান, প্রশ্ন আছে। এ দিকটা নিয়ে অ্যাথলেটদের ভাবনার শেষ নেই। এগুলো দেখার বছর হোক ২০১০। অনেক সমস্যার মধ্যে বসবাস সাঁতারুদের। শীতকালে গরম পানি পাওয়া যায় না পুলে। গরম পানি দূরে থাক, পুলটাই ব্যবহারের উপযোগীই থাকে না বেশির ভাগ সময়। তাই পুল নিয়ে বছরব্যাপী টানাহেঁচড়াই চলে। এ বছর এসএ গেমস শেষে যেন আবার সবকিছু আগের অবস্থানে চলে না যায়, সে দাবি সাঁতারুদের। যে কোরিয়ান কোচ এসে আধুনিক প্রশিক্ষণের সঙ্গে পরিচিত করিয়েছেন বাংলাদেশের সাঁতারুদের, এসএ গেমস শেষে তাঁর বিদায় মানতে পারবেন না সাঁতারুরা। নতুন বছরে লম্বা সময়ের জন্য রেখে দেওয়া হোক না তাঁকে। তাতে তো সাঁতারুদেরই লাভ।এসএ গেমসের জন্য অন্য যেসব খেলায় যেসব বিদেশি কোচ আনা হয়েছে, তাঁদেরও চুক্তির মেয়াদ বাড়িয়ে বা অন্য কোনোভাবে ব্যবস্থা করলে খুশিই হবেন খেলোয়াড়েরা। অন্তত একটা পরিবর্তন তাঁরা দেখতে পাবেন নতুন বছরে। কোচ আনা, পৃষ্ঠপোষক আনা, নিয়মিত খেলা আয়োজন করা—এর বাইরে তো আর তেমন বড় কিছু চাওয়ার নেই বাংলাদেশের ‘অবহেলিত’ খেলোয়াড়দের। অল্পতেই তাঁদের খুশি করা যায়। সংসার চালানোর মতো কিছু অর্থের সংস্থান করে দিলে তাঁরা নিশ্চিন্তেই খেলে যেতে পারেন, এটা বলাই বাহুল্য।খেলার জন্য মাঠ চাই। সেই মাঠের বড় অভাব। তবে ২০১০ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হাজির হয়েছে মাঠ সমস্যার কিছুটা সমাধান করে। মাঠ বলতে এখানে বোঝানো হচ্ছে, এসএ গেমস উপলক্ষে পাওয়া নতুন কিছু ভেনু। ওই ভেনুগুলো নির্মাণ বা সংস্কার করতে অনেকটা সময় চলে গেলেও ভেনু তো পাওয়া যাচ্ছে। হ্যান্ডবল স্টেডিয়াম, বক্সিং স্টেডিয়াম, জিমনেশিয়াম, শ্যুটিং কমপ্লেক্স... নতুন ভেনুর তালিকাটা একেবারে ছোট নয়। এগুলো নতুন বছরের প্রাপ্তি।এর সঙ্গে প্রাপ্তির আরও কিছু আছে। খেলাটা নির্মল আনন্দের জন্য ঠিক আছে। সেই সঙ্গে খেলাটা প্রতিদ্বন্দ্বিতার মঞ্চও। আন্তর্জাতিক স্তরে ভালো করার মতো খেলোয়াড়ের বড় অভাব এ দেশে। এ বছর সেই অভাব দূর হয়ে যাবে, এটা আশা করি বাড়াবাড়ি। তবে শুরুটা হোক না এ বছর থেকেই। আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে নেওয়া যেতে পারে বিশেষ কিছু উদ্যোগ এবং সেটিই চাইছে ক্রীড়াঙ্গন।শ্যুটিংয়ে বাংলাদেশের যে অবস্থান ছিল দক্ষিণ এশিয়ায়, এখন আর সেটি নেই। এখন এই খেলাটায় বাংলাদেশ ধুঁকছে। নতুন রেঞ্জ পেয়ে শ্যুটিং কর্তারা এটা যেন মনে না করেন, সব হয়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে তাদের টিকে থাকার লড়াইটা আরও তীব্রই হবে মনে হচ্ছে ২০১০ সালে। কাবাডিতে একসময় এশিয়ার দ্বিতীয় শক্তি বাংলাদেশ এখন চতুর্থ স্থানে নেমে গেছে। তাদের ঘুরে দাঁড়ানোর বছর এসে গেল। বাকি খেলাগুলো নিয়ে বেশি কিছু বলার থাকতে পারে না। বলার একটাই—খেলাটা মাঠে রেখে স্বচ্ছতার সঙ্গে যেন ফেডারেশন পরিচালনা করেন কর্তারা। রাজনীতি, কাদা ছোড়াছুড়ি, গঠনতন্ত্র লঙ্ঘন করে ফেডারেশন পরিচালিত হওয়ার নজির কম নেই। নতুন বছরে সবকিছু ধুয়ে-মুছে একটা পরিশুদ্ধ ও আলোকিত ক্রীড়াঙ্গন দেখা যাবে—প্রত্যাশা এটাই।