একটু বৃষ্টি হলে জলাবদ্ধতায় নাকাল সিলেট নগরবাসী
সিলেট নগরের বেশির ভাগ এলাকার প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। চলতি বর্ষা মৌসুমের শুরুতেই একাধিকবার বৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়তে হচ্ছে। ভরবর্ষায় ভোগান্তির মাত্রা আরও চরম আকার ধারণ করবে বলে নগরবাসী আশঙ্কা করছে। অথচ সিটি করপোরেশন কতর্তৃপক্ষ অনেকটাই নীরব ভূমিকা পালন করছে বলে নগরবাসী অভিযোগ করেছে। তাই এ ঘটনায় নগরবাসী অনেকটাই বিরক্ত।টানা বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা: গত ২০ মে বৃহস্পতিবার টানা বৃষ্টিপাতে সিলেট নগরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয় জানায়, সিলেটে ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মৌসুমের প্রথম টানা বৃষ্টি হয়েছে। সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ১৭৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, এই মৌসুমে টানা বৃষ্টিপাতের প্রথম রেকর্ড ছিল ২০ মে।টানা বৃষ্টিতে সিলেট নগরে অন্তত ২০টি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ওই দিন সকালে নগরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমেছে। এলাকার বাসিন্দাদের পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। অনেক এলাকায় বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ে। মিরাবাজার, শিবগঞ্জ, আগপাড়া, সোনারপাড়া, রায়নগর, বারুতখানা, ঝালোপাড়া, কাজীরবাজার, সোনারপাড়া, খরাদিপাড়া, মাছিমপুর, তেররতন, শাহজালাল উপশহর, সাদিপুর, যতরপুর, সোবহানীঘাট, লামাপাড়া, খন্ডিকরপাড়া, হাওয়াপাড়া, সেনপাড়া এলাকায় জলাবদ্ধতায় মানুষের যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ দেখা দেয়। নগরের মিরাবাজারের মডেল হাইস্কুল, কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় পাঠদান ব্যাহত হয়।কেন জলাবদ্ধতা?: সিলেট নগরের বুক চিঁড়ে প্রবহমান নদী সুরমা। এই নদীর সঙ্গে মিলিত হয়েছে নগরের ২৪ ছড়া-খাল। ছোট-বড় পাহাড়-টিলা থেকে ঝরনাধারার মতো সমতলে নেমে আসা বড় আকারের নালা আকৃতির মধ্যে যেগুলো বড়, সেগুলো স্থানীয়ভাবে ‘ছড়া’ এবং ছোটগুলো ‘খাল’ নামে পরিচিত। সিলেট সিটি করপোরেশনের হিসাবে সুরমা নদীর উত্তর পারে নগরের বড় অংশে ২৪টি ছড়া-খাল রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২৪টি ছড়া খালের গতিপথ কোথাও কোথাও এমনভাবে রুদ্ধ হয়েছে যে ছড়া বা খাল নামে নয়, নালা হিসেবেও শনাক্ত করা দুষ্কর হয়ে পড়বে। বলতে গেলে দখলযজ্ঞে ‘নাই’ হয়ে যাচ্ছে। ছড়া-খাল সরাসরি সুরমা নদীর সঙ্গে সংযোগ হওয়ায় বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধ পরিবেশ থেকে বাঁচিয়ে রাখে সিলেটের নয়টি ছড়া। এগুলোর পাশাপাশি আরও ১৫টি খাল জাতীয় ছোট ছড়া নগরের পানি নিষ্কাষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু অপরিকল্পিত আবাসনের ঠেলায় এই ছড়া-খালগুলোর গতিপথ রুদ্ধ হয়ে গেছে। অবৈধ দখলের ঠেলায় কোনো ছড়ার স্বাভাবিক অস্তিত্ব পর্যন্ত নেই। আবার কোনো কোনোটি ছোট্ট নালার মতো হয়ে প্রায় হারিয়ে যাচ্ছে। আর এসব কারণেই নগরে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা চরম আকার ধারণ করে।ফিরে দেখা: ২০০১ সালের জুন মাসে নগরে বড় আকারের জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করে। ছড়া-খালের দখল ও ময়লা-আবর্জনায় বদ্ধ থাকায় পাড়া-মহল্লা থেকে পানি বের হতে পারেনি। তখন জরুরি ভিত্তিতে তৎকালীন পৌরসভা কর্তৃপক্ষ সর্বদলীয় বৈঠক ডাকে। বৈঠকে সব ছড়া-খাল দখলমুক্ত করতে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে একটি কমিটি গঠিত হয়। কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর করার কোনো উদ্যোগ আর পরে দেখা যায়নি।২০০২ সালে ফের জলাবদ্ধতা দেখা দিলে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা পরিষদ কর্তৃপক্ষ সিটি করপোরেশনের সহযোগিতায় ছড়াগুলো উদ্ধারে নামে। এ সময় ছড়া উদ্ধারে প্রাথমিকভাবে ৪৪ লাখ টাকা খরচও করা হয়েছিল। তখন মালনীছড়া ও গোয়ালীছড়ার কিছু অংশ উদ্ধার হলেও অর্থাভাবে ও আইনি জটিলতায় অভিযান থেমে যায়। পরে গাভিয়ার খাল উদ্ধারে অভিযান শুরু হলেও হঠাৎ ওই অভিযানও বন্ধ হয়ে যায়।২০০৭ সালে জরুরি অবস্থা চলাকালীন সিলেট নগরে অবৈধ দখলমুক্ত অভিযান শুরুর পর সাধারণ জনগণের মধ্য থেকে ছড়া উদ্ধারের জোর দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৪ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের ত্রিপক্ষীয় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক থেকে জেলা প্রশাসন ছড়া অবৈধ দখলমুক্ত করতে সিটি করপোরেশন ও জেলা পরিষদ কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়। ওই দিন তৎকালীন জেলা প্রশাসক সিটি করপোরেশন ও জেলা পরিষদকে ছড়া উদ্ধারের দায়িত্ব দিয়েছিলেন। তবে সিটি করপোরেশন ও জেলা পরিষদের মধ্যে সমন্বয় না হওয়ায় একই বছরের ১৪ ফেব্রুয়ারি এ দায়িত্ব ভূমি অফিসকে দেওয়া হয়েছিল।ভূমি অফিসকে দায়িত্ব দেওয়ার পর তারা প্রাথমিকভাবে সিলেট সিটি করপোরেশন কর্তৃক নির্মিত সন্ধ্যাবাজার মার্কেটসহ আড়াই শতাধিক স্থাপনা লাল দাগ দিয়ে চিহ্নিত করেছিল। এরপর কয়েক দিন অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজও হয়েছিল। কিন্তু হাঠাৎ করে সেই অভিযানও থমকে যায়।সর্বশেষ বর্তমান সরকার ক্ষমতায় এসে ১৬ কিলোমিটারব্যাপী ছড়া খাল উদ্ধার অভিযান চালানোর জন্য ১১ কোটি তিন লাখ টাকা ব্যয়ও ধরে একটি প্রকল্প অনুমোদন দেয়। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী ছড়াগুলো উদ্ধার করে খনন, ৬০০ মিটার ব্রিকওয়ার্ক, দুই হাজার সাতটি আরসিসি পিলার স্থাপন, চারটি কালভার্ট নির্মাণ, ৫২৫ মিটার আরসিসি ওয়ার্কসহ নানামুখী সংরক্ষণ প্রক্রিয়া পরিচালনা করা হবে। আগামী ডিসেম্বর মাসের ভেতরে এই প্রকল্পের কাজ শেষ হবে।ছড়া-খাল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু: গত ৯ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে সিলেটের ছড়া-খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়। ওই দিন অর্থমন্ত্রী বিভিন্ন ছড়া পরিদর্শন করে উচ্ছেদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।৬ মে বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন ভাঙার কাজ শুরু করে। সকাল ১০টায় নগরের মীরাবাজার এলাকার ভুবিছড়ার ওপর নির্মিত চারটি অবৈধ দালান ভাঙার মাধ্যমে ‘অবৈধ দখল পুনরুদ্ধার কর্মসূচি’ শুরু হয়। এ সময় ছড়ার অদূরে রাস্তায়, বিভিন্ন ভবনের ছাদের ওপর দাঁড়িয়ে শত শত উৎসুক জনতা উদ্ধারকাজ দেখে। বিকেল পাঁচটা পর্যন্ত ছড়া উদ্ধারের কাজ চলে। পরদিন সকাল থেকে আবার কাজ শুরু হওয়ার কথা থাকলেও ২২ মে পর্যন্ত উচ্ছেদ অভিযান হয়নি। সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, ছড়া উদ্ধারের জন্য সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ১১ কোটি তিন লাখ টাকা খরচ করা হবে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই কাজ চলবে।৬ মে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে অবৈধ দখলকারীদের নিজেদের উদ্যোগে স্থাপনা অপসারণের অনুরোধ করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে এই অনুরোধ না রাখার কারণে সিটি করপোরেশন ছড়া-খাল উদ্ধারে অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু করেছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি স্থাপনা ভাঙার কাজ শেষ করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ছড়া-খাল অবৈধ দখলকারীদের হাত থেকে উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।ক্রিয়া-প্রতিক্রিয়া: সিলেটের ছড়াগুলো উদ্ধার হলে নগরের জলাবদ্ধতা একেবারেই কমে যাবে বলে মনে করে অনেকেই। সোনারপাড়া এলাকার বাসিন্দা শাহাব উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘সিটি করপোরেশনের চলমান ছড়া উদ্ধার বিষয়টি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে অবৈধভাবে ছড়ার ওপর স্থাপনা নির্মাণ থেকে প্রভাবশালীরা বিরত থাকবেন।’ শাহাব উদ্দিনের মতো একই মত প্রকাশ করেন আরও কয়েকজন।আবার অনেকে আশঙ্কাও প্রকাশ করেছে। শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা নূর মিয়া মনে করেন, ছড়া উদ্ধার অভিযান প্রভাবশালীদের চাপের মুখে কিছুদিনের মধ্যেই স্থগিত হয়ে যাবে। তিনি বলেন, ‘অতীতে ছড়া উদ্ধার অভিযান চালানোর সময় হঠাৎ করে রহস্যজনক কারণে তা বন্ধ হয়ে যায়। তাই আসলেই ছড়া ও খালগুলো উদ্ধার হবে কি না—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় রয়েছে।’সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী কী বলেন: সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জলাবদ্ধতার কারণ সম্পর্কে প্রথম আলোকে বলেন, দুর্বল পানিনিষ্কাশনব্যবস্থার কারণে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থা কাটাতে সিটি করপোরেশনের উদ্যোগ সম্পর্কে তিনি জানান, প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নগরের ১১টি ছড়া-খাল খনন ও সংস্কারে একটি প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্প শেষ হলে জলাবদ্ধতা অনেকটা কমে যাবে।