একটু বৃষ্টিতে কালাই শহরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বৃষ্টিতেই জয়পুরহাটের কালাই পৌর শহরের কেন্দ্রস্থলসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতায় শহরে নাকাল অবস্থার সৃষ্টি হওয়ায় বর্ষাকালে শহরবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। শহর ঘোষণার দীর্ঘ এক দশকেও পৌরসভা কর্তৃপক্ষ শহরের পানিনিষ্কাশনের জন্য পরিকল্পিত পয়োনালাব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।এদিকে শহরের জলাবদ্ধতা নিরসন এবং পানিনিষ্কাশনের জন্য কয়েক বছর আগে পৌর কর্তৃপক্ষ প্রায় কোটি টাকা খরচ করে শহরে একটি পয়োনালা নির্মাণ করলেও তা কার্যত কোনো কাজেই আসেনি।শহরবাসীর অভিযোগ, পৌরসভা ঘোষণার ১০ বছরেও কর্তৃপক্ষ শহরে পানিনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। শহরের পানিনিষ্কাশনের জন্য কয়েক বছর আগে পৌর কর্তৃপক্ষ শহরের সামাদ তালুকদার শপিং কমপ্লেক্সের সামনে থেকে পাঁচশিরা বাজার পর্যন্ত একটি পয়োনালা নির্মাণ করলেও পয়োনালাটির পানি কোথায় গড়াবে, সে ব্যবস্থা না থাকায় তা কার্যত কোনো কাজেই আসেনি।শহরের সদর রাস্তার উপজেলা গেটসংলগ্ন এলাকার ইলেকট্রিক পণ্যের ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, শহরের কেন্দ্রস্থলের পানিনিষ্কাশন হয় সাধারণত উপজেলা পরিষদের ১ নম্বর গেটসংলগ্ন একটি ছোট নালা দিয়ে। দীর্ঘদিন ধরে এ নালা সংস্কার বা খনন না করায় একটু বৃষ্টিতেই শহরের কেন্দ্রস্থল থেকে শুরু করে উপজেলা ১ নম্বর গেট পর্যন্ত জয়পুরহাট-ঢাকা মহাসড়কের দক্ষিণে সীমাহীন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।শহরের হাসপাতালসংলগ্ন এলাকার ওষুধ ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, একটু বৃষ্টিতেই শহরের হাসপাতালের সম্মুখে চরম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এই এলাকার ব্যবসায়ী ও পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।এদিকে একটু বৃষ্টিতেই কাদা-জলে একাকার হচ্ছে শহরের পৌর বাজার এবং পরিকল্পিত পয়োনালার ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই ক্রেতা-বিক্রেতাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। পৌর বাজারে সবজি কিনতে আসা ব্র্যাক কর্মকর্তা জাকির হোসেন বলেন, বৃষ্টির কারণে বাজারে এক হাঁটু পানি। কাঁচাবাজার, মাছপট্টি ও দুধপট্টিতে যেতে হাঁটুর ওপর প্যান্ট তুলে যেতে হয়।মাছ বিক্রেতা শিতিন মালি বলেন, ‘বৃষ্টি-বাদলের দিনে এই বাজার পানিতে থই থই করে। নিজেরেই একটু দাঁড়ানোরও উপায় নেই, মাছের ডালা রাখমো কোনটে?’কালাই পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা বলেন, বাংলাদেশ মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) অর্থায়নে সামাদ তালুকদার শপিং কমপ্লেক্স থেকে পাঁচশিরা বাজার পর্যন্ত মহাসড়কের উত্তর পাশে প্রায় এক কোটি টাকা খরচ করে একটি পয়োনালা নির্মাণ করা হলেও পাঁচশিরা বাজারে পয়োনালায় প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় পানিনিষ্কাশন সম্ভব হচ্ছে না। শহরের জলাবদ্ধতা নিরসনে কেন্দ্রস্থল থেকে পাঁচশিরা বাজার পর্যন্ত মহাসড়কের দক্ষিণ পাশে অপর একটি পয়োনালা নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আর পৌরবাজারের পানিনিষ্কাশনের ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।