একটু বৃষ্টিতেই ঠাকুরগাঁও শহর জলাবদ্ধ
ঘণ্টাখানেক বৃষ্টি হলেই ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, পয়োনিষ্কাশনব্যবস্থা না রেখেই বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা নির্মাণই এ জলাবদ্ধতার প্রধান কারণ। অপরিকল্পিত এসব স্থাপনা নির্মাণের কারণে শহরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠাকুরগাঁও পৌরসভা এ সমস্যার কথা স্বীকার করে জানায়, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের জন্যই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গত ৪ আগস্ট ঘণ্টাখানেক টানা বৃষ্টির পর দুপুর আড়াইটায় সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের প্রধান সড়ক নর্থ সার্কুলার সড়কের গোওসিয়া হোটেলের সামনের রাস্তায় বৃষ্টির পানি নর্দমা উপচে গিয়ে রাস্তা ডুবিয়ে দিয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা হাঁটুপানি পার হয়ে কাপড়ের দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরা জমে থাকা নোংরা-দুর্গন্ধ পানি ভেঙে স্কুলে থেকে ফিরছে। বঙ্গবন্ধু সড়কের পূর্ব পাশের সমবায় মার্কেট ও পশ্চিম পাশের মসজিদ মার্কেটের সামনে জমে আছে হাঁটুপানি। এ ছাড়া, শহরের প্রধান রাস্তার নরেশ চৌহান সড়কের হলপাড়ার বিভিন্ন সংযোগ সড়ক, কালীবাড়ি, আর্ট গ্যালারির মোড়, গবিন্দনগরের পরিষদ পাড়া, ইসলামনগর এক থেকে দুই ফুট পানিতে ডুবে আছে। হলপাড়ার দুই সংযোগ সড়ক ও ইসলাম নগর স্কুল থেকে রেল স্টেশন পর্যন্ত রাস্তায় বৃষ্টি পানি জমে কাদার সৃষ্টি হয়েছে।ঠাকুরগাঁও কালেক্টরেট বিদ্যালয়ের ছাত্রী ফেরদৌস আরা নাজনীন জানায়, সামান্য বৃষ্টি হলেই শহরের প্রধান রাস্তার নর্দমাগুলো ভরে যায়। আর নর্দমার নোংরা-দুর্গন্ধযুক্ত পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।শহরের নর্থ সার্কুলার সড়কের গোওসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. বারেকাল্লাহ বলেন, ‘ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ময়লা জমে সেগুলো ভরে গিয়েছে। তাই বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে পানি রাস্তায় চলে আসে। আর সে পানি প্রায়ই রেস্টুরেন্টে গিয়ে ঢুকে। নিরুপায় হয়ে সে সময় বিক্রি বন্ধ করে দিতে হয়।’চৌরাস্তার ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, শহর নিয়ে পৌরসভার কোনো মাস্টারপ্ল্যান নেই, যে কারণে অধিবাসীরা যে যেভাবে পারছে জায়গা দখল করে নিচ্ছে। আবার অনেকেই পৌরবিধির বাইরে স্থাপনা নির্মাণ করে চলেছেন। সেসব জায়গায় পয়োনিষ্কাশনের জন্য অবকাঠামো নির্মাণ করা যাচ্ছে না।শহরের হলপাড়ার আইনজীবী আবু বক্কর মোস্তাক আলম বলেন, আগামী ১০০ বছরের কথা চিন্তা করে পৌরসভার পয়োনিষ্কাশনের জন্য অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিলে এ জলাবদ্ধতা দূর হতে পারে। তিনি এ জন্য টাস্কফোর্স গঠনের দাবি জানান।পরিষদপাড়া গ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, গত মাসে বৃষ্টিতে গ্রামের সব রাস্তা ১৫ দিন ডুবে ছিল। সে সময় গ্রামের তরুণদের নিয়ে চাঁদা তুলে পানি বের হয়ে যাওয়ার জন্য ড্রেন করেছিলাম। পৌরসভা মূল রাস্তার পাশ দিয়ে একটি বড় ড্রেন নির্মাণ করেছে, সেটা এলাকার জমি থেকে উঁচু হওয়ায় পানি বের হতে পারছে না। এ কারণে আবার সামান্য বৃষ্টিতে গ্রামে পানি জমে যায়। পৌরসভায় একাধিকবার যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। এ বিষয়ে পৌর মেয়র শাহেদ কামাল চৌধুরী প্রথম আলোকে জানান, অপরিকল্পিত পয়োনিষ্কাশনব্যবস্থার শহরের এ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পৌর এলাকার সব পয়োনালা উন্নয়নের জন্য বরাদ্দ পাওয়া গেছে। আগামী মাসে পৌরসভার বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে দ্রুত পয়োনিষ্কাশনব্যবস্থা উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে।