একটু বৃষ্টিতেই শিক্ষক-শিক্ষার্থীরা ভিজে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের কাজ ঝুঁকি নিয়ে চালানো হচ্ছে। ইটের দেয়ালে টিনের ছাউনি দেওয়া বিদ্যালয় ভবনের ছাউনির অবস্থা একেবারে খারাপ। একটু বৃষ্টি হলেই ঝরঝর করে পানি পড়ে। দেয়ালেও দেখা দিয়েছে ফাটল। এ কারণে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস চলাকালে আতঙ্কে থাকে।বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩৫ সালে কিচক ইউনিয়ন পরিষদের ভবনের কাছে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২৫০ জন শিক্ষার্থী বর্তমানে এ বিদ্যালয়ে লেখাপড়া করছে। এখানে আছে সাতটি কক্ষ, যার পাঁচটিরই খারাপ অবস্থা। এসব কক্ষের দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। বিদ্যালয়ে রয়েছে বেঞ্চ-সংকট। এ জন্য ছাত্রছাত্রীদের প্রায় সময়ই চাপাচাপি করে বসে ক্লাস করতে হয়। বিদ্যালয়ে বিদ্যুৎসংযোগ থাকলেও শিক্ষকেরা নিজেদের চাঁদা দিয়ে মাত্র দুটি ফ্যান কিনতে পেরেছেন।চতুর্থ শ্রেণীর ছাত্র রাসেল আহমেদ জানায়, শ্রেণীকক্ষের দেয়ালে ফাটল। একটু বৃষ্টিতেই ভিজতে হয়। আর গরমের সময় ক্লাস করা অনেক কষ্টের। এ কারণে পড়াশোনায় ঠিকমতো মন বসতে চায় না তাদের।কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আফছার আলী বলেন, তাঁর ইউনিয়নে এ বিদ্যালয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ এটি সমস্যায় জর্জরিত। তিনি চেষ্টা করে যাচ্ছেন যেন দ্রুত বিদ্যালয়টির সব সমস্যার সমাধান হয়ে যায়।শিক্ষিকা রহিমা খাতুন জানান, বৃষ্টির পানি পড়ায় প্রয়োজনীয় ও দরকারি কাগজপত্র বিদ্যালয়ে রাখা যায় না। বৃষ্টির সময় বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানান, এ ইউনিয়নের প্রাথমিক পর্যায়ে প্রধান বিদ্যালয় এটি। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের উদাসীনতা ও অবহেলার কারণে এত দিন ধরে বিদ্যালয়টি বেহাল অবস্থায় পড়ে আছে। বর্তমান কমিটি চেষ্টা করে যাচ্ছে বিদ্যালয়টিতে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনতে।প্রধান শিক্ষিকা দিলরুবা আকতার বানু বলেন, বিদ্যালয়ের অনেক সমস্যা। এসব সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আকতার এ ব্যাপারে বলেন, ওই বিদ্যালয়টি সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। আশা করা যায়, প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে।