একটুখানি পূর্ণ চন্দ্রগ্রহণ!
১৫ জুন ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। দেশের সর্বত্রই দেখা গেছে বছরের প্রথম এই পূর্ণ গ্রহণ। দিনটি ছিল আষাঢ়ের প্রথম দিন! চারদিকে বৃষ্টির পানি আকাশ ভেঙে পড়ছে। আর ওদিকে চলছে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন। রাতে মেঘে ঢাকা আকাশ! দেশের মোট ২০টি স্থানে পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। বিজ্ঞান প্রজন্মের জন্য এই ছবি আর লেখা লিখেছেন ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের ফেলো ও বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান শাখার সহসভাপতি নাঈমুল ইসলামহাজার খানেক দর্শনার্থীর মধ্যে একদল তরুণ জ্যোতির্বিদ টেলিস্কোপ হাতে ছোটাছুটি করছেন মেঘের সঙ্গে পাল্লা দিয়ে। দর্শকদের হইহুল্লোড় আর চিৎকারের দাপটে মেঘ সরে গিয়েও মাঝেমধ্যে দেখা যাচ্ছিল গ্রহণ আচ্ছন্ন চাঁদ—যেন একটুখানি চন্দ্রগ্রহণ! মূল কেন্দ্রীয় ক্যাম্পটি বসেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের প্রাঙ্গণে। বৃষ্টি উপেক্ষা করে মধ্যরাত পর্যন্তও নানা শ্রেণী ও পেশার মানুষ এসেছেন চন্দ্রগ্রহণ ক্যাম্পে। সে এক অভূতপূর্ব দৃশ্য। নারী-পুরুষ, ছেলে-বুড়ো সবাই লাইন ধরে দাঁড়িয়েছেন টেলিস্কোপের পেছনে। চিৎকার! কখন মেঘ সরবে? কখন দেখা যাবে চাঁদ! আয়োজকদের একজন হিসেবে আমারও নাভিশ্বাস অবস্থা। তখন জীবনানন্দ দাশের ‘অস্তচাঁদে’ কবিতার কয়েকটি লাইন মনে পড়ছিল: ‘মনে পড়ে কি তা! — চাঁদ জানে যাহা, — জানে যা কৃষ্ণাতিথির শশী, বুকের আগুনে খুন চড়ে, — মুখ চুন হ’য়ে যায় একেলা বসি!’ নাহ্, শেষমেশ মুখ চুন হয়ে যায়নি; রাত দুইটা সাত মিনিটের দিকে মেঘ একটু হালকা হলো। দেখা গেল পূর্ণ গ্রহণের চাঁদ। হাজার মানুষের উল্লাসধ্বনি আর উচ্ছ্বাসে কেটে গেল আমাদেরও মেঘ ক্ষোভ। তোলা হলো অনেক ছবি। রেকর্ড হলো অনেক জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য। এবারের পূর্ণ চন্দ্রগ্রহণটি ২০১১ সালের প্রথম চন্দ্রগ্রহণ; বছরের দ্বিতীয় গ্রহণটি হবে ১০ ডিসেম্বর।তবে ১৫ জুনের পূর্ণ চন্দ্রগ্রহণটি জ্যোতির্বৈজ্ঞানিক দৃষ্টিতে অনেক তাৎপর্যপূর্ণ ছিল। কারণ, পৃথিবীর ছায়ার কেন্দ্রে প্রায় ১০০ মিনিট অন্ধকারাচ্ছন্ন ছিল চাঁদ। এর আগে এ রকম অবস্থায় পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল ২০০০ সালের ১৬ জুলাই। পরবর্তী এ রকম পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০১৮ সালের ২৭ জুলাই পর্যন্ত। রাত ১১টা ২৪ মিনিটে শুরু হয় গ্রহণের উপচ্ছায়া পর্যায়। আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে ১২টা ২৩ মিনিটে এবং চন্দ্রগ্রহণের পূর্ণতা পায় রাত দুইটা ১২ মিনিটে। চন্দ্রগ্রহণটি ১০০ মিনিট স্থায়ী হয়। পূর্ণ গ্রহণটি শেষ হয় ভোররাত চারটা দুই মিনিটে এবং ভোররাত পাঁচটায় শেষ হয়েছিল এর শেষ উপচ্ছায়া পর্যায়।এবারের পূর্ণ চন্দ্রগ্রহণে অপটিক্যাল টেলিস্কোপের পাশাপাশি রেডিও টেলিস্কোপও ছিল। দেশীয় প্রযুুক্তিতে তৈরি ভিএইচএফ ব্যান্ডের ইয়াগি অ্যান্টেনার টেলিস্কোপটি সবার জন্যই উন্মুক্ত ছিল। টেলিস্কোপটি তৈরি করেছে অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান শাখার সদস্যরা। দেশের ২০টি পৃথক স্থানে আয়োজন করা হয়েছিল এবারের পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের এ চন্দ্রগ্রহণ ক্যাম্পের তথ্য, ভিডিও, ছবি সরাসরি প্রচার করে www.astronomylive.com ওয়েবসাইট।