আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখা না-রাখার বিষয়েও আলোচনায় রাজি হওয়ার জন্য বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেছেন, বিরোধীদলীয় নেত্রী আদালতের রায়ের অনেক বিষয় মেনে নিলেও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনায় সম্মত হচ্ছেন না। রায়ের এ অংশও মেনে নিয়ে তিনি যত তাড়াতাড়ি আলোচনায় সম্মত হবেন, ততই জাতির জন্য মঙ্গল। আলোচনার বিকল্প নেই—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী উপলব্ধি করতে পারলে সমস্যার সহজ সমাধান হবে।ধানমন্ডির দলীয় কার্যালয়ে গতকাল বিকেলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের কিছু অংশ ইতিবাচক, আর কিছু অংশ অসত্য।সৈয়দ আশরাফ বলেন, ‘আদালতের রায়ে অবৈধ ঘোষিত তত্ত্বাবধায়ক-ব্যবস্থার বিকল্প পদ্ধতি নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনার জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আমরা একতরফা কিছু করব না। যদি শেষ পর্যন্ত তাঁরা আলোচনায় না-ই আসেন, তখন উচ্চ আদালতের রায় অনুসারে আমরা সংবিধান সংশোধন করব। সেই সংবিধান অনুযায়ীই পরবর্তী নির্বাচন হবে। সে নির্বাচন প্রতিহত করার শক্তি খালেদা জিয়ার নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া অতীতে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বাদ দেওয়ার ব্যাপারেও ‘না’ ‘না’ করেছেন। পরে আবার ‘হ্যাঁ’ বলে নির্বাচনে অংশ নিয়েছেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংসদে গ্রহণযোগ্য প্রস্তাব দেওয়ার অনুরোধ করলেও তিনি ‘না’ বলতে শুরু করেন। কিন্তু বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আদালতের রায় অনুসারে বিচারপতিদের বাদ দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন, নির্বাচন কমিশন শক্তিশালী এবং প্রশাসন নিরপেক্ষকরণ নিয়ে তিনি আলোচনার ব্যাপারে হ্যাঁ বলেছেন। কিন্তু তত্ত্বাবধায়কের বিকল্প কী হতে পারে, সে ব্যাপারে তিনি আলোচনায় প্রস্তুত নন কেন? তিনটি বিষয় নিয়ে খালেদা জিয়া আলোচনার ব্যাপারে হ্যাঁ বলেছেন, একটি বিষয় বাকি আছে। কয়েক দিন পর এটিও তিনি মানবেন এবং আলোচনা করবেন। কেবল অকারণেই তিনি হরতাল দিয়ে দেশ এবং মানুষের জানমালের ক্ষতি করছেন।বেগম জিয়ার উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘তিনটি বিষয়ে আলোচনার জন্য রাজি হয়েছেন। তত্ত্বাবধায়ক-ব্যবস্থা নিয়েও আলোচনায় রাজি হোন। রায়ের অর্ধেক মানবেন, যেটি পক্ষে আছে, আর যেটি পক্ষে নেই সেটি মানবেন না, তা হতে পারে না।’সৈয়দ আশরাফ বলেন, রায়ে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানবহির্ভূত। তবে এ ব্যবস্থায় আগামী দুটি নির্বাচন হতে পারে সংসদ চাইলে। কিন্তু বিচারপতিদের বাদ দিতে হবে। এখন খালেদা জিয়া তাঁর সময়ে করা তত্ত্বাবধায়ক-ব্যবস্থা রাখতে চাচ্ছেন। সেটি তো রায়ে অবৈধ হয়ে গেছে। ভবিষ্যতে কী পদ্ধতি উদ্ভাবন করলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা যাবে, সেটি নিয়ে আলোচনা করতে হবে। বেগম জিয়া এ বিষয়টি যত তাড়াতাড়ি বুঝবেন, ততই ভালো।খালেদা জিয়ার বক্তব্য খণ্ডন করে সৈয়দ আশরাফ বলেন, বর্তমান সরকারের গত আড়াই বছরে কোনো বাংলাভাইয়ের সৃষ্টি হয়নি। ১০ ট্রাক অস্ত্র ধরা পড়েনি। বিএনপির কোনো সাংসদ হত্যাকাণ্ডের শিকার হননি, কেউ নিগৃহীত হননি। সরকার কোনো হাওয়া ভবনের সৃষ্টি করেনি। ক্ষমতার বিকল্প কেন্দ্র তৈরি করেনি। আইন-কানুন, নিয়মনীতি ও সংবিধান মেনেই দেশ পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের আমলে দেশে আইনের শাসন ছিল না। সাবেক অর্থমন্ত্রী ও সাংসদ শাহ এ এম এস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার, মমতাজউদ্দিনকে দিনদুপুরে হত্যা করা হয়। ১৪ জন সাংবাদিককে হত্যা করা হয়। সংখ্যালঘু ব্যক্তিদের ওপর পাশবিক নির্যাতন করা হয়। তখন দেশে বর্বর শাসন চলছিল। বিএনপির আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিল না। হাওয়া ভবন ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু। সেই হাওয়া ভবন থেকেই জঙ্গিবাদের সৃষ্টি। আল-কায়েদা ও হরকাতুল জিহাদের বাংলাদেশ শাখার প্রধান কার্যালয় ছিল হাওয়া ভবন। হাওয়া ভবনের পরিকল্পনাতেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যার পরিকল্পনা করা হয়। এলজিআরডি মন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে মতিয়া চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, সাংসদ আসাদুজ্জামান নূর এবং সোহেল তাজকে গজারির লাঠি দিয়ে পেটানো হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ছিল পাঁচ বছর কাঁটাতারের বেড়ায় আবদ্ধ। দলীয় কোনো নেতা-কর্মী নির্বিঘ্নে কার্যালয়ে আসা-যাওয়া করতে পারতেন না। এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, চিঠি দিলে বিরোধী দল যদি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনায় সম্মত হয়, তাহলে কালই (আজ) চিঠি দেব।সংবাদ সম্মেলনে আখতারউজ্জামান, মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।