একতরফা নির্বাচন হলে গণ-অভ্যুত্থান: তরিকুল
একতরফা নির্বাচন হলে দেশের মানুষ সরকারকে উচিত শিক্ষা দেবে বলে হুঁশিয়ার করে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, ‘একতরফা নির্বাচন করলে গণ-অভ্যুত্থানে তারা (মহাজোট সরকার) ভেসে যাবে।’ আজ বুধবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বাঙালির ইতিহাস বিকৃতির ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তরিকুল।আলোচনা সভায় মওলানা ভাসানীর জীবনী পাঠ্যপুস্তক থেকে তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান তরিকুল। এ বিষয়ে তিনি বলেন, ‘দুই-চার বালতি পানি তুলে নিলে সমুদ্রের কিছু যায়-আসে না। যত দিন দেশ থাকবে, তত দিন ভাসানী মানুষের মনে চিরঞ্জীব থাকবেন।’এ ছাড়া গতকাল মঙ্গলবার রাতে পুলিশের উচ্চপর্যায়ে ব্যাপক রদবদলের কথা উল্লেখ করে বিএনপির এ সমন্বয়ক বলেন, একদলীয় নির্বাচন করতে সরকার নিজেদের পছন্দের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে ডিসি-এসপি হিসেবে নিয়োগ দিচ্ছে। এভাবে ষড়যন্ত্র ও নীলনকশার নির্বাচন করে ক্ষমতায় থাকা যাবে না। সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন ভাষাসৈনিক আবদুল মতিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির নেতা শামসুজ্জামান, আবদুস সালাম, অধ্যাপক পিয়াস করীম প্রমুখ।