একতলার ওপর কোনো পোশাকশিল্প স্থাপন করবেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কোনো বহুতল ভবনে পোশাকশিল্প স্থাপন নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ রোববার দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, ‘হাইরাইজ ভবনে এই শিল্প থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটনার আশঙ্কা থাকে। আগুন লাগলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। আমি গার্মেন্টস মালিকদের বলব, আপনারা একতলার ওপর কোনো শিল্প স্থাপন করবেন না। যদি গ্রাউন্ড লেভেলে হয়, তাহলে আরও ভালো হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় ৯৯ দশমিক ৯ শতাংশ শিল্প-কারখানা একতলা ভবনে স্থাপন করা হয়। ১০ তলার ছাদে, আট তলার ছাদে কোথাও শিল্প-কারখানা স্থাপন করতে দেওয়া হয় না। গার্মেন্টস মালিকদের বলব, আপনারা আটতলা, দশতলার ওপর শিল্প-কারখানা স্থাপন না করে গ্রাউন্ড লেভেলে স্থাপন করবেন।’ আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘এবারের আঘাত হয়তো আমরা অ্যাবজর্ব করতে পারব। কিন্তু ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা ঘটে, বাংলাদেশে আর কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি থাকবে না। সরকার বাধ্য হবে সেগুলো বন্ধ করতে। আর সরকার যদি বাধ্য না হয়, তাহলে যারা বিদেশে গার্মেন্ট ইমপোর্ট করে, তারা কেউ বাংলাদেশ থেকে গার্মেন্ট-সামগ্রী ইমপোর্ট করবে না। এদিকেও মরবে, ওদিকে মরবে।’পোশাকশিল্পের স্বার্থে সময় থাকতে পোশাক কারখানার মালিক ও বিজিএমইকে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান সৈয়দ আশরাফ। তিনি বলেন, ‘সরকারের কাজ নয় প্রাইভেট সেক্টর রক্ষা করা। প্রাইভেট সেক্টরের কারণে সারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, তা কোনো সরকারই হতে দিতে পারে না। আমি গার্মেন্টস মালিকদের অনুরোধ করব, আপনাদের কারখানাগুলো যাতে নিরাপদ হয়, সেই ব্যবস্থা করেন। চারতলা, পাঁচতলা, আটতলায় থাকা গার্মেন্টস শিল্পগুলো অনতিবিলম্বে বন্ধ করে গ্রাউন্ড লেভেলে নিয়ে আসেন। আগামী দিনে কিছু হলে সরকার ইচ্ছা করলেও গার্মেন্টস ইন্ডাস্ট্রি রক্ষা করা যাবে না।’রানা প্লাজা ধসের ঘটনার পর সরকারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘আন্তর্জাতিক কোনো প্রেশার আছে বলে আমি মনে করি না। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে কীভাবে সহযোগিতা করা যায়, তাদের কর্মক্ষেত্রের পরিবেশ কীভাবে উন্নত করা যায়, সেই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। একমাত্র ডিজনি ছাড়া এখন পর্যন্ত বিশাল সাপ্লায়ার বা রিটেইলার গার্মেন্ট আমদানি নিষিদ্ধ করেছে বলে জানা নেই। প্রাইভেট কোম্পানিগুলো, ওয়ার্ল্ডের বিগেস্ট রিটেইলারগুলো চাইছে বাংলাদেশকে সহযোগিতা করতে, যাতে আরও নিরাপদ গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়। কিন্তু বাংলাদেশে যেভাবে গার্মেন্টস গড়ে তোলা হচ্ছে, অনেকে বলছেন, গার্মেন্টস মালিকেরা ব্যবসা করে পাজেরো গাড়ি চালান, তারা শ্রমিকদের কল্যাণে কিছু করেন না, আসলে সেটাই সত্যি।’