একতা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর ওপর বিকল
দিনাজপুর থেকে ঢাকাগামী ট্রেন একতা এক্সপ্রেস আজ রোববার সকালে বঙ্গবন্ধু সেতুর ওপর উঠেই বিকল হয়ে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে ট্রেনটিকে পিছিয়ে এনে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে রাখা হয়। প্রায় চার ঘণ্টা পর অন্য একটি ইঞ্জিনের সাহায্য ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।ট্রেনের চালক ও যাত্রীরা জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর থেকে ১৫টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। ট্রেনটি ১১টি বগি নিয়ে চলাচল করলেও ঈদে অতিরিক্ত যাত্রীর কারণে আরও চারটি বগি সংযুক্ত করা হয়।ট্রেনটি আজ সকাল সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে যাত্রাবিরতি করে। বিরতি শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায়। এর আধাঘণ্টা পর ট্রেনটি সেতুর ১২ নম্বর পিলারের কাছে পৌঁছালে ইঞ্জিনের শক্তি কমে আসায় সেতুর ওপর থেমে যায়। এ সময় ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। এর প্রায় আধাঘন্টা পর চালক ইঞ্জিনটি সচল করে ট্রেনটিকে আবার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে ফিরিয়ে নিয়ে যান। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে দুপুর সোয়া একটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।ট্রেনের চালক এ কে জিলানী জানান, ‘ট্রেনটি নাটোরে পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেনের গতিও বাড়ানো যাচ্ছিল না। বিষয়টি রেলওয়ের লালমনিরহাট ডিভিশনকে জানানো হলে কর্তৃপক্ষ ট্রেনটি ধীরগতিতে চালানোর নির্দেশ দেয়। বঙ্গবন্ধু সেতু উঁচু হওয়ায় ইঞ্জিনটি ট্রেনের সব বগি টেনে ওপরে তুলতে ব্যর্থ হয়। সেতুর ১২ নম্বর পিলারের কাছে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ইঞ্জিনটি সচল করে ট্রেনটি সেতুর পশ্চিম স্টেশনে ফিরিয়ে নিয়ে যাই।’ ট্রেনের যাত্রী দিনাজপুরের রুবি খাতুন জানান, ‘ঈদের ছুটি শেষে ঢাকার কর্মস্থলে যাচ্ছিলাম। রাত ১২টা থেকে ট্রেনের মধ্যেই আছি। কখন ট্রেন ঢাকা পৌঁছাবে তা আমি জানি না।’ রেলের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল আওয়াল বলেন, হোলিং ক্যাপাসিটি বিকল হওয়ায় ট্রেনটি সেতুর ওপর আটকা পড়ে। পরে মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি ঢাকায় পাঠানো হয়েছে। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল করলেও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী কোনো ট্রেন চলাচল করতে পারেনি। একতা এক্সপ্রেস চলে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।