একদলীয় নির্বাচন দিলে প্রতিহত করা হবে
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি থাকতে দেশে একদলীয় কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বর্তমান মহাজোট সরকার যদি দেশে একদলীয় আগাম জাতীয় সংসদ নির্বাচন দেয়, তা হলে ওই প্রহসনের নির্বাচন দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।আজ শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার মমিন উল্লাহ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন। উপজেলার নবীপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।জয়নুল আবদিন ফারুক বলেন, বিরোধীদলীয় নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করায় আজ দেশের কারাগারগুলো ভরে গেছে। সরকারের দুঃশাসন, নির্যাতন ও দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে গণ-আন্দোলনের বিকল্প নেই। নেতা-কর্মীদের খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারের পতন ঘটানোর আহ্বান জানান তিনি। বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, সরকার সংসদকে একদলীয় হিসেবে ব্যবহার করে অকার্যকর করে রেখেছে। বিরোধী দলবিহীন সংসদে একের পর এক বিল পাস করা হচ্ছে।এ ছাড়া সংবাদপত্র ও মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মমিন উল্লাহর সভাপতিত্বে কর্মী সমাবেশে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক, সাধারণ সম্পাদক ফারুক বাবুল প্রমুখ বক্তব্য দেন।