একদিকে বোমা, অন্যদিকে অর্থ হাতানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটোর বোমাবর্ষণে প্রকম্পিত লিবিয়া। এনটিসির বিদ্রোহী যোদ্ধাদের হাতে পতন হচ্ছে একের পর এক শহর। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো গাদ্দাফিকে তখন পাকড়াও করার চেষ্টায় মরিয়া। ঠিক তখনই একদল মার্কিন পরামর্শক গাদ্দাফি ও তাঁর পরিবারকে লিবিয়া ত্যাগে সাহায্যের জন্য এক কোটি ডলারের একটি গোপন চুক্তি সইয়ের চেষ্টা চালাচ্ছিল। আইনজীবী ও পরামর্শক পরিচয়ে ওই দলটির সদস্যরা গাদ্দাফির প্রতিনিধিদের সঙ্গে চুক্তি করে কোটি ডলার হাতিয়ে নেওয়ার জোর তত্পরতা চালিয়েছিল।দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ ও নেইল সি লিভিংস্টোন এবং সিআইএয়ের সাবেক কর্মকর্তা মার্টি মার্টিন, রিপাবলিকান জাতীয় কমিটির সঙ্গে যুক্ত নেইল এস আলপার্ট, ক্যানসাসের আইনজীবী র্যানডেল কে উড। এ ছাড়া আমেরিকান অ্যাকশন গ্রুপের সঙ্গে যুক্ত বেলজিয়ান নাগরিক ডির্ক বোর্জারস।গাদ্দাফির প্রতিনিধিদের সঙ্গে গোপন চুক্তির খসড়ায় তাঁরা উল্লেখ করে, ‘আমরা এই কেসটি হাতে নিচ্ছি। এ চুক্তির অর্থ অফেরতযোগ্য।’এ প্রসঙ্গে সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ লিভিংস্টোন বলেন, ‘আমি চুক্তিটি সইয়ের জন্য সাহায্য করেছিলাম। কর্নেল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম তাঁর পরিবারের সবাইকে নিয়ে লিবিয়া ত্যাগের চেষ্টা করছেন শোনার পরই আমরা এতে আগ্রহী হয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমরা কোনো দাতব্য প্রতিষ্ঠান নই।’দ্য নিউইয়র্ক টাইমস জানায়, লিভিংস্টোন ভবিষ্যতে গভর্নর নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এ জন্য মন্টানায় তিনি এখন স্থায়ীভাবে বসবাস করছেন। চমকপ্রদ তথ্য হলো, লিভিংস্টোন একসময় গাদ্দাফির কড়া সমালোচক ছিলেন। ১৯৭০-এর দশকে লিবিয়া ভ্রমণ করে সেখানে কয়েক দিন কারাভোগও করেছিলেন। লিভিংস্টোন বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল, গাদ্দাফির পরিবারকে লিবিয়া ত্যাগে সাহায্য করা এবং বিনিময়ে তাদের কাছ থেকে কিছু অর্থ নেওয়া।’গোপন ওই চুক্তি স্বাক্ষরের জন্য ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের চেষ্টা চলছিল। সম্প্রতি সেই তথ্য ফাঁস হলে ক্ষুব্ধ হন অনেক মার্কিন কর্মকর্তা। এতে দেখা যায়, তিন পৃষ্ঠার ওই চুক্তির খসড়া কর্নেল গাদ্দাফির উদ্দেশ্যে লেখা। এটি লেখেন ডির্ক বোর্জারস। তিনি তাঁদের পরামর্শক দলের নাম দিয়েছিলেন, ‘আমেরিকান অ্যাকশন গ্রুপ’। ওই চিঠিতে লেখা ছিল, ‘আমরা লিবিয়ার প্রতি সহানুভূতিশীল। লিবিয়ার প্রতি আচরণে আমরা উদ্বিগ্ন। আন্তর্জাতিক শত্রুরা যাতে লিবিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে, সে জন্য আমরা সাহায্য করতে চাই। মার্কিন সরকারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে আমরা সাহায্য করতে চাই। বোর্জারসের চিঠির শেষে লেখা ছিল, “ইয়োর অবিডিয়েন্ট সার্ভেন্টস”।’ এরপর বোর্জারস ও তাঁর সহযোগী বাকি চার মার্কিনির নাম লেখা ছিল।সূত্র জানায়, ওই পরামর্শকেরা গাদ্দাফির প্রতিনিধিদের সঙ্গে চুক্তির বিষয়টি মার্কিন সরকারকে অবহিত করেনি। অর্থ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ওই অর্থ সংগ্রহে তাঁদের বাধার মুখে পড়তে হতো।ওই দলে অন্যতম সদস্য সাবেক সিআইএয়ের কর্মকর্তা মার্টি মার্টিন ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত সিআইএয়ের আল-কায়েদা বিভাগের দায়িত্বে ছিলেন। নেইল এস আলপার্ট—তিনি রিপাবলিকান জাতীয় কমিটিতে কাজ করেছেন এবং আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটিতে ইসরায়েলপন্থী লবিংয়ে জড়িত ছিলেন।গাদ্দাফির প্রতিনিধিদের সঙ্গে চুক্তি প্রসঙ্গে বোর্জারস বলেন, ‘আমি মনে করি, গাদ্দাফি বর্বর কোনো একনায়ক ছিলেন না। তিনি নিঃস্বার্থভাবে ৪২ বছর ধরে একটি দেশকে এগিয়ে নিয়েছেন। তিনি দেশের মানুষের উন্নত জীবনযাপনের জন্য পরিশ্রম করেছেন।’ গাদ্দাফির কাছ থেকে এক কোটি ডলার ফি নেওয়া প্রসঙ্গে তিনি প্রথমে বলেন, ‘অর্থ নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য ছিল না।’ পরক্ষণেই তিনি বলেন, ‘আপনি যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে লবিং করেন, তাহলে তো কমপক্ষে এক কোটি ডলার লাগবেই।’গাদ্দাফির সঙ্গে ওই গোপন চুক্তি স্বাক্ষরের চেষ্টার পর ইতিমধ্যে কয়েক মাস পেরিয়ে গেছে। কর্নেল গাদ্দাফি বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছেন। ধারণা করা হচ্ছে, গাদ্দাফির ছেলে মালি অথবা নাইজারে আত্মগোপনে আছেন। লিভিংস্টোন এখন লিবিয়া নয়, মন্টানার সমস্যা সমাধানে ব্যস্ত। আর বোর্জারস বললেন, তিনি অবসর নেওয়ার চেষ্টা করেছেন। তবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের গোপন সূত্র বলছে, পরাজিত গাদ্দাফি সরকারের কাছ থেকে আনা ওই পরামর্শকদের অর্থ ছাড়ের একটি আবেদন এখনো সেখানে অমীমাংসিত অবস্থায় পড়ে আছে।