একদিকে মা অন্যদিকে সফল নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে আদিতের বয়স তখন দেড়। হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল। ডাকলে সাড়া দেয় না। কী করব বুঝতে পারছিলাম না। চিকিৎসকের কাছে নিয়ে গেলাম। জানালেন, সে ‘অটিজম’-এ আক্রান্ত। তখন আমরা কেউই শব্দটির সঙ্গে পরিচিত ছিলাম না। ‘জীবনের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে তখন। হতাশা ঘিরে ধরেছে। পড়াশোনাও তখন শেষের দিকে। অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখতে চাইলাম। কম্পিউটারের নানা কোর্স করতে শুরু করলাম। এভাবেই শুরু ক্যারিয়ারের। সঙ্গে চলতে লাগল ছেলেকে নিয়ে সংগ্রাম।’ কথাগুলো ফারহানা এ রহমানের। আদিত ও ইলমার মা। আরেক পরিচয় তিনি একজন নারী উদ্যোক্তা। আপলোড ইওরসেলফ সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন। সফটওয়্যার তৈরি এবং ওয়েবভিত্তিক সেবাদাতা এ প্রতিষ্ঠান অনেক পরিশ্রম করে গড়ে তুলেছেন তিনি। এ ছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচিত প্রথম নারী কোষাধ্যক্ষ তিনি। সেটিও আরেক গল্প। ফারহানা বলতে থাকেন, ‘পড়াশোনার পাট শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টিবিজ্ঞানে পড়াশোনা করেছি। কিন্তু ছোট থেকেই নিজে কিছু করতে চাইতাম। ছবি আঁকার নেশা ছিল। চাকরিও পেলাম। গৎবাঁধা নিয়মকানুন ভালো লাগছিল না। তখন শিক্ষানবিশ ওয়েব ও গ্রাফিকস ডিজাইনার হিসেবে কাজ করতে লাগলাম। সেখানেই প্রথম জানতে পারলাম আউটসোর্সিংয়ের কাজ সম্পর্কে। ভাবলাম, এটি করলে তো মন্দ হয় না। সন্তানকেও সময় দিতে পারব। ইন্টারনেটের মাধ্যমে কাজ করার সুবিধা আছে। ধীরে ধীরে স্থানীয় বাজারে কাজ শুরু করলাম। কিন্তু বিশেষ সুবিধা না হওয়ায় দেশের বাইরে যোগাযোগ করি। এক বছর লেগে যায় বিশ্বমানের কাজ করতে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। আমরা মূলত রপ্তানিমুখী কাজ করে থাকি। এরই মধ্যে যুক্ত হলাম বেসিসের সঙ্গে। সেখান থেকেও অনেক সহযোগিতা পেয়েছি। এখনো পাচ্ছি।’ এত কাজের ভিড়েও ফারহানা পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। ‘সকাল সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠি। নাশতা করে বাচ্চাদের স্কুলের জন্য তৈরি করি। প্রথমে ইলমাকে স্কুলে নামিয়ে দিই। বাসায় এসে আদিতকে স্কুলে দিয়ে আসি। গুলশানের একটি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ছে। আদিতের বয়স এখন ১৩। স্বাভাবিক বাচ্চাদের স্কুলে পড়ানোর জন্য কত কী যে করেছি। অথচ ভর্তিকরাতে পারিনি। দীর্ঘদিন ওকে নিয়ে দেশের বাইরে ছিলাম। চিকিৎসা করিয়েছি। দেশে এসে অটিস্টিক বাচ্চাদের স্কুলে ভর্তি করাই। ওকে স্বাভবিক মানুষের মতো গড়ে তোলার জন্য শিক্ষক রাখি। ইন্টারনেট থেকে অটিজম-সংক্রান্ত নানা তথ্য, নানা লেখা নামাতাম। নিজে শিখতাম, শিক্ষকদেরও দিয়েছি। এর মধ্যে ইলমা হলো। আদিত এখন নিজের কাজ নিজেই করতে পারে। ছেলেকে খানিকটা আত্মনির্ভরশীল করতে পারায় ভালো লাগে। আদিত প্রতিদিন ডায়েরি লেখে। ও ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। সবটাই নিখুঁতভাবে চায়। এর সবই দেখভাল করতে হয় আমাকে। এরপর অফিসের কাজের তদারক করি। দুপুরে বাসায় এসে ছেলেমেয়ের সঙ্গে খাই। স্কুলের খবরাখবর শুনি। ফের অফিসে যাই। কাজ করতে করতে সন্ধ্যা নামে। যাই বেসিসে। বেশ কিছুটা সময় দিই সেখানে। বাসায় ফিরতে ফিরতে রাত নয়টা। এরপর স্বামী-সন্তানের সঙ্গে রাতের খাবার সেরে ফেলি। বাচ্চাদের ঘুম পাড়িয়ে বসে যাই কাজে। যেহেতু রপ্তানি করি, তাই বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে হয়। ব্যবসার কাজ এভাবেই করি। রাত ১২টা পর্যন্ত কাজ করতে হয়। রাত একটার দিকে ঘুমাতে যাই।’ বলেন ফারহানা। মায়ের কথার ফাঁকে আদিত-ইলমা উঁকিঝুঁকি দিচ্ছিল। ছুটির দিনে মাকে আরেকটু কাছে চাইছিল। আদিত তো বলেই বসল, ‘আর কত কথা বলবে, মা? সাত বছরের ইলমার সঙ্গে আদিতের বেশ মিল। বোনও ভাইকে ভালোবাসে। কিন্তু কেউ যখন তার ভাইকে ‘পাগল’ বলে তখন তার খুব কষ্ট হয়। ফারহানা বলেন, ‘১২ বছর আগের সেই দুঃসহ সময় কাটিয়ে উঠতে পেরেছি। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান আমার স্বামীর। সরকারি চাকরির খাতিরে নানা জায়গায় বদলি হয়েছেন। কিন্তু তাঁর উৎসাহ আমাকে সাহস জুগিয়েছে। সবকিছুই শেয়ার করি। পরিবারের সহযোগিতা ছাড়া এত দূর আসা সম্ভব ছিল না।’ অটিস্টিক সোসাইটির সাবেক সচিব এই নারী অটিস্টিক শিশুদের জন্য কিছু করতে চান। যাতে তারা লেখাপড়া শিখে কর্মসংস্থানের সুযোগ পায়। তাদের বিশেষ সৃজনশীল ক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। ‘তা না হলে ওরা কোথায় যাবে?’ গভীর সহানুভূতি নিয়েবলেন ফারহানা। তিনি যে মা! সন্তানের ভবিষ্যতের চিন্তা তাঁর তো হবেই।