একদিন আগেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
যুক্তরাজ্য ও বেলারুশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা দুইটা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি গণভবনে চলে যান। পিআইডির জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।শেখ হাসিনা বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রিপরিষদের সদস্য ও তিন বাহিনীর প্রধানেরা তাঁকে স্বাগত জানান। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাতে বেলারুশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ৪ জুলাই শেখ রেহানার তনয়া টিউলিপের বিয়েতে অংশ নেওয়াসহ বেশকিছু কর্মসূচি নিয়ে যুক্তরাজ্য সফরে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি চার দিন অবস্থান করেন। যুক্তরাজ্য সফর শেষে প্রধানমন্ত্রী ৮ জুলাই বাংলাদেশের প্রথম সরকারপ্রধান হিসেবে বেলারুশ যান। সফরে বেশকিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঘোষিত সফরসূচি অনুযায়ী আগামীকাল দেশের ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর।