একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার থেকে শুরু করে হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত সবার নাম প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে উদ্দেশ করে বলেন, ‘কারা জড়িত, তাদের নাম প্রকাশ করুন। তা না হলে একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। আজ বুধবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই আলোচনা সভার আয়োজন করে। সভায় আবার অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, অর্থমন্ত্রী স্বঘোষিত ঘৃণ্য ব্যক্তি। এত দিনেও পদত্যাগ না করে তিনি বেহায়া হিসেবে পরিচিত হয়েছেন। দেশের অর্থনীতি ধ্বংসের দায়িত্ব স্বীকার করে তাঁকে পদত্যাগ করার আহ্বান জানান খন্দকার মোশাররফ।দলীয় নেতা-কর্মীদের কঠিন ও কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ এমন দল নয় যে আমরা বক্তব্য দিলে তারা সব দায়দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবে। এ জন্য কঠিন আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিও জানান খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এরশাদ যেভাবে বাধ্য হয়েছিলেন, এ সরকারও তেমনি গণ-আন্দোলনের মুখে দাবি পূরণে বাধ্য হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ড্যাবের সভাপতি আজিজুল হক, মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন।