একদিন চাকরির খোঁজে
দেয়ালে লিফলেট, পত্রিকার বিজ্ঞাপন কিংবা ব্যানারে চাকরির বিজ্ঞপ্তি দেখে অতি আনন্দে লাফিয়ে ওঠার কিছু নেই। আবার জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন, ভাবছেন—এবার বুঝি এই সোনার হরিণ ধরা দিচ্ছে হাতে, হাঁফ ছেড়ে বাঁচলেন? না, এই আনন্দক্ষণ অতি সামান্য সময়ের জন্যও হতে পারে। যেকোনো প্রতারণার ফাঁদে বিমর্ষ হয়ে পড়তে পারেন এবং গ্রাস করতে পারে রাজ্যের বিষাদ।বিভিন্নভাবে চাকরির বিজ্ঞপ্তি দেখে অতঃপর প্রতারিত হওয়ার অনেক গল্প শুনেছি আগে, তাই মনস্থির করলাম সাক্ষাৎ কিছু অভিজ্ঞতা অর্জনের। অতঃপর কয়েক দিন আগে রাস্তার পাশে দেয়ালে সাঁটানো কিছু বিজ্ঞপ্তি থেকে ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করে বেরিয়ে পড়লাম। ঠিক করলাম, ঢাকার মগবাজারের একটি বায়িং হাউসে যাব। খুঁজে পেলাম অফিস। যথারীতি অফিসে নিবন্ধন খাতায় নাম ও মোবাইল নম্বর লিখলাম। কিছুক্ষণ পর অফিসের পিয়নের মতো এক ছেলে এসে ডাকলেন। নিয়ে গেলেন অফিসপ্রধানের কক্ষে, প্রবেশ করে দেখলাম, এক মধ্যবয়সী মহিলা, তিনি প্রধানের চেয়ারে বসা।সালাম দিলাম, বসতে বলা হলো, যথারীতি কিছু অতি সচরাচর প্রশ্ন—নাম কী? দেশের বাড়ি কোথায়, পড়াশোনা কত দূর (লেখাপড়া কোনো সমস্যা না। কারণ, তাঁদের কাছে সবার জন্যই ব্যবস্থা আছে)। অতি ভদ্রভাবে প্রশ্ন করছেন, বোঝার কোনো উপায় নেই যে এই ভদ্রতার মধ্যেই কঠোর প্রতারণার ফাঁদ লুকিয়ে আছে। সব রকম খোঁজখবর শেষে এবার পৌঁছালাম আসল কথায়, তিনি (ভদ্রমহিলা) জিজ্ঞেস করলেন, ‘আপনি কি সত্যিই চাকরি করবেন।’ উত্তরে বললাম, অবশ্যই। তিনি বললেন, ‘আপনাকে আমাদের অফিসের নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।’ আমি বললাম, করব। বিপত্তি বাধল সেখানেই।তিনি বললেন, ফরম ফি বাবদ ২০০ ও অ্যাকাউন্ট ফি বাবদ ৫০০ টাকা প্রদানপূর্বক আবেদন করতে হবে এবং আপনি যদি মনোনীত হন, তাহলে আপনাকে প্রশিক্ষণ ফি বাবদ আরও কিছু টাকা দিতে হবে। অনেক অনুরোধ সত্ত্বেও তিনি অঙ্কটি বলেননি। (যদি প্রাথমিক ফি-টাও না মেলে তাদের)। আমি ওই ফি প্রদানের তাৎক্ষণিক অপারগতা দেখালে তাঁরা নানাভাবে আমাকে আগ্রহী করতে চেষ্টা করলেন। অনেক কথাবার্তা শেষে বের হলাম পরের দিন কাগজপত্র ও টাকাসহ ফেরার আশার বাণী শুনিয়ে। এসব প্রতারণা শুধু দেয়াল পোস্টারিংয়ের মাধ্যমেই সীমিত নয়, ছড়িয়ে গেছে সর্বত্র প্রতারকচক্রের দৌরাত্ম্য। এবার শোনা যাক, রাজবাড়ীর এক গ্রাম্য যুবকের প্রতারণার ফাঁদে পা দেওয়ার ঘটনা। ছেলেটির নাম কুদরত।‘একটি দৈনিক পত্রিকায় চোখ বোলাতেই হঠাৎ চোখে পড়ে বাংলাদেশ চলচ্চিত্রের জন্য কিছু দক্ষ ও অদক্ষ সহকারী ক্যামেরাম্যান নিয়োগ দেওয়া হবে (পড়ালেখা অগ্রগণ্য নয়)। তাই চিত্রজগৎ নিয়ে একটা আকাঙ্ক্ষা থেকেই অতি উৎসাহী হয়ে উঠি এবং বিজ্ঞপ্তিতে প্রকাশিত মোবাইল নম্বরে যোগাযোগ করি। আমাকে ডাকা হলো বাংলামোটর মোড়ে। অতি তাড়াতাড়ি বাংলামোটর ওভারব্রিজে এসে অফিস চিনতে না পেরে আবার যোগাযোগ করলাম। তখন একটা ছোট্ট পিচ্চি এসে আমাকে নিয়ে গেল তাদের অফিসে। অফিসে অবস্থানরত প্রধানের সঙ্গে সাক্ষাৎ হলো, আলাপ হলো, আমি অনেক আশাবাদী হয়ে উঠলাম। তিনি আরও জানালেন, আমি যদি পরিচালক মহোদয়কে কাজের মাধ্যমে খুশি করতে পারি, তাহলে আমার যেহেতু চেহারা অনেক সুন্দর, তাই নাটক ও সিনেমাতেও সুযোগ পেতে পারি। কী যে সুখের সাগরে ভাসছিল মন, তা বলে বোঝাতে পারব না। এ আনন্দ স্বপ্ন পূরণের কিন্তু কখনো ভাবিনি বা বুঝতে পারিনি যে এই আনন্দই কিছুক্ষণের ব্যবধানে প্রতারণার কড়াল গ্রাসে বিষাদে ডুবে যাবে।’ অনেক আবেগ জড়িয়ে কথাগুলো বলেছিলেন কুদরত।তারপর জিজ্ঞেস করতেই অনেক আবেগে বলতে লাগলেন প্রতারিত হওয়ার অধ্যায়। ‘আমাকে বসিয়ে রাখা হলো। আমার সামনেই বিভিন্ন জায়গায় ফোন করা শেষে জানানো হলো, আমাকে নিয়োগ দেওয়া হচ্ছে চলচ্চিত্রের সহকারী ক্যামেরাম্যান পদে। আরও অনেক উজ্জীবিত হলাম, কিছুক্ষণ পর বলা হলো প্রাথমিক অবস্থায় থাকা এবং খাওয়া বাবদ আমাকে ১০ হাজার টাকা ফি দিতে হবে। তখনো বুঝিনি প্রতারণা শুরু হয়ে গেছে, স্বপ্ন পূরণে পাগলপ্রায় আমি, তখন সব পকেট ও মানিব্যাগ খুঁজে তল্লাশি করে দুই হাজার টাকা অগ্রিম প্রদান করলাম এবং আগামী দিন দেব বলে ওই দিনের মতো বিদায় নিলাম, রাজ্যের সুখ নিয়ে। পরের দিন টাকা সংগ্রহ না হওয়া সত্ত্বেও অফিসে (বাংলামোটর) এলাম, অনেক কথা শোনালেন টাকার জন্য, মন খারাপ হলেও আশাহত হলাম না। অফিস থেকে এক লোকের মাধ্যমে আমাকে এফডিসিতে নেওয়ার কথা বলে সারা দিন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘোরানো হলো শুটিং লোকেশন খোঁজার অজুহাতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরিতেও অতিশয় ক্লান্ত হলাম না, কারণ একটাই, সহকারী ক্যামেরাম্যান হব...। তখন রাত প্রায় ১০টা। আমাকে নিয়ে আসা হলো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাখা হলো ওই হাসপাতালের এক নিরাপত্তা প্রহরীর রুমে। সারা দিন প্রায় না-খাওয়া অবস্থা, ক্লান্ত হয়ে শুয়ে আছি, হঠাৎই আবিষ্কার করলাম আমার প্রতারিত হওয়ার শেষ অধ্যায়—আমাকে এনে দেওয়া হলো রক্ষীদের পোশাক এবং বলা হলো, আপনাকে নিরাপত্তারক্ষীর চাকরি দেওয়া হয়েছে। মাসিক ছয় হাজার টাকা বেতন পাবেন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হতভম্ব হয়ে গেলাম। কথা হারিয়ে ফেলেছিলাম, মনে হচ্ছিল আমি মরে যাচ্ছিলাম, সবকিছু এলোমেলো লাগছিল। এর মধ্যে আবারও প্রতারণা, আমাকে বলা হলো, জামানত ফি বাবদ কিছু টাকা জমা দিতে হবে। অনেক কষ্টে পালিয়ে বেঁচেছি সেদিন, অনেক হতাশা, রাগ, ক্ষোভ মাথায় নিয়ে।’কুদরতের মতো অনেক আশাবাদী যুবকের সরলতা এবং বেকারত্ব নামক অভিশাপের সুযোগ নিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে টাকা, ছিনিমিনি খেলছে জীবন নিয়ে। এসব সক্রিয় প্রতারকচক্র আজও নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে তাদের অভিনব প্রতারণা।করণীয় কী: কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য গেলে প্রথমেই জেনে নিন ওই প্রতিষ্ঠানটি আইনগতভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। কোম্পানির রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স আছে কি না। বেতন-ভাতাদি সম্পর্কে স্পষ্টভাবে জানুন, চাকরির ধরন সম্পর্কে জেনে নিন। কয় ঘণ্টা কাজ করতে হবে, শিক্ষানবিশকাল কত দিন প্রভৃতি ভালোভাবে যাচাই করুন। নিয়োগপত্রে স্পষ্ট করে শর্তাবলি কী আছে, ভালোভাবে দেখে নিন। প্রয়োজনে লিখিত চুক্তি করে নিন। লিখিত চুক্তি করলে সুবিধা হবে, আপনি যদি কোনো কারণে প্রতারণার শিকার হন, তাহলে পরবর্তী সময় আইনি পদক্ষেপ গ্রহণ করতে সুবিধা হবে। কোনো কারণে প্রতারণার শিকার হলে দণ্ডবিধি অনুযায়ী প্রতারণার মামলা করা যায় ফৌজদারি আদালতে।