একদিন পর পুঁজিবাজারে আবারও দরপতন
একদিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ বৃহস্পতিবার আবারও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। আজ দুই স্টক এক্সচেঞ্জে প্রায় সব কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ফলে সূচকেরও পতন হয়েছে। তবে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়।এ ব্যাপারে শেয়ারবাজার বিশ্লেষক আকতার হোসেন সান্নামাত বলেন, দেশের মুদ্রাবাজারে এক প্রকার তারল্য-সংকট বিরাজ করছে। যার প্রভাব পুঁজিবাজারেও পড়ছে। ফলে নতুন করে বাজারে তারল্য আসছে না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও যথাযথ ভূমিকা রাখতে পারছে না। আর এসব কারণে বাজারে দরপতন ত্বরান্বিত হচ্ছে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। কেননা বাজারে মূল ভূমিকা তাদের থাকতে হবে। এতে সাধারণ বিনিয়োগকারীরাও আশান্বিত হবেন। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দুই শতাংশ বা ১০৭ পয়েন্ট কমে ৫১১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ৪০ পয়েন্ট বেড়ে যায়। তবে ২৫ মিনিটে সূচক এক পয়েন্ট কমেছিল। আর আধা ঘণ্টায় আট পয়েন্ট বেড়েছিল। এরপর থেকে সূচক নিম্নমুখী হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪১টির দাম কমেছে। বেড়েছে মাত্র ১৫টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩২৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৮ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, আরএন স্পিনিং, এনবিএল, বেক্সিমকো, সোস্যাল ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিকস, জাহিন টেক্স, আফতাব অটো ও বিকন ফার্মা।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক ম–ল্যস–চক ২৩৬ পয়েন্ট কমে ১৪৬১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৭টিরই দাম কমেছে। বেড়েছে ২০টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা কম।