একদিন সময় আসবে, যেদিন প্রধানমন্ত্রী আপস করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারব্যবস্থা কী হবে, তা নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, যে নামেই হোক ওই সরকার হতে হবে নির্দলীয়, নিরপেক্ষ। প্রধানমন্ত্রী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেই সংলাপের পথ খোলা হবে।জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সভায় দর্শক সারিতে উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো বক্তব্য দেননি।মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বলছেন আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রস্তাব উপস্থাপন করতে। এসব বক্তব্যকে ‘বিভ্রান্তিমূলক’ উল্লেখ করে মওদুদ বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছে। এ বক্তব্য বিএনপি গ্রহণ করে না।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আবারও বলেছেন, একদিন সময় আসবে, যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপস করবেন। গণতন্ত্র রক্ষায় সংবিধান সংশোধনের ঘোষণা দেবেন।একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। তাই প্রস্তাব করাও সরকারেরই দায়িত্ব। নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে কোনো প্রস্তাব থাকলে সরকারকে তা সংসদে পেশ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্য এবং মন্ত্রীদের সম্পদের হিসাব দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির নেতা এম কে আনোয়ার অভিযোগ করেন, তাঁদের আয়-ব্যয়ে মিল না থাকায় হিসাব দেওয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না। বিএনপি ক্ষমতায় এলে এ বিষয়টি দেখা হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৫টি দুর্নীতির মামলা প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে এসব মামলা পরীক্ষা করে দেখা হবে।আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিয়া প্রমুখ বক্তব্য দেন।