একদিন সুন্দরবনে, মৌয়ালদের সঙ্গে
ওপরের দিকে চেয়ে পা টিপে টিপে হাঁটছেন আবদুল হালিম। বাঁ হাতে জ্বলন্ত নুড়ি (লাঠির অগ্রভাগে লাগানো আগুন), ডান হাতে ধারালো দা। গা ঘেঁষাঘেঁষি করে দলনেতাকে অনুসরণ করছেন আরও চারজন। একেবারে পেছনে থাকা শাহ আলম মোড়লের দৃষ্টি আরও তীক্ষ। কারণ, মুহূর্তের অসাবধানতায় ঘটে যেতে পারে দুর্ঘটনা।মিনিট বিশেক এভাবে হাঁটার পর সংকেত দেন হালিম। দাঁড়িয়ে পড়েন সবাই। মুখে গামছা মুড়িয়ে এগিয়ে যান দলনেতা। উঁকি মেরে দেখে নেন মৌচাকটি। এখনো কেউ হাত দেয়নি দুই ফুট দীর্ঘ চাকটায়। অনেকখানি মধু পাওয়ার আশায় সিদ্ধান্ত নেন চাক ভাঙার। নেতার ইশারায় দলের সবাই একে একে মুখে গামছা বাঁধেন। জ্বলন্ত দুটি নুড়ি মৌচাকের নিচে ধরেন হালিম। ধোঁয়ার তীব্রতায় মিনিট তিনেকের মধ্যে ছুটে পালায় মৌমাছির দল। পেছন থেকে এগিয়ে আসেন দলনেতার সহোদর জামিল। দক্ষ হাতে দা চালান চাকের নিচের অংশে। ওই অংশে মধু সংরক্ষিত থাকে। সেটা পাত্রে ভরে ফিরতি পথ ধরেন দলের সবাই। এবার দলনেতা সবার পেছনে। তবে আগের চেয়ে আরও সতর্ক। গত ১৯ এপ্রিল সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় মৌয়াল দলটির সঙ্গে ছিলেন এ প্রতিবেদকও। গিয়ে দেখা যায় মধু সংগ্রহের এ দৃশ্য। স্থানটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অবস্থিত। সেদিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় পাঁচজনের দলটি প্রায় পাঁচ কেজি মধু সংগ্রহ করে। মৌয়ালরা জানান, সুন্দরবনে এখন প্রতি পদে পদে মৃত্যুঝুঁকি। ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর বাঘের উপদ্রব কয়েক গুণ বেড়ে গেছে। সঙ্গে ডাকাতের ভয় তো আছেই। ডাকাতের হাতে একবার ধরা পড়লে মুক্তিপণ ছাড়া উদ্ধারের কোনো পথ নেই। উপজেলার চুনকুড়ি গ্রামের মৌয়াল মিজানুর রহমান বলেন, ‘বাঘের ভয়ে বনে পা দেয়া যেতেছে না।’ মথুরাপুর গ্রামের আশুতোষ মণ্ডল বলেন, ‘আইলার আগে ফসলপাতি কিছু হতো। এখন ধান, মাছ কিছুই হয় না। বাধ্য হয়ে মরণ বা অপহরণ জেনেও ঝুঁকি নিয়ে বনে যাতি হচ্ছে।’ ‘দুই শত্রুর কেউ কম ভয়ংকর না’ উল্লেখ করে নওয়াবেঁকী বিড়ালাক্ষী গ্রামের আবদুর রশিদ জানান, মহাজনের কাছ থেকে ৮২ হাজার টাকা ঋণ নিয়ে প্রথমবার বনে নামতেই পুঁজি শেষ। ডাকাতের কবলে পড়ে প্রথমবারেই ৪০ হাজার টাকা খুইয়ে বসেন তিনি।বুড়িগোয়ালিনী গ্রামের মৌয়াল দলনেতা রাজগুল মোল্লা ও দলনেতা দাঁতনেখালী গ্রামের কওছার আলী জানান, সুন্দরবন থেকে মধু সংগ্রহের পাস নিতে বন বিভাগকে দলপ্রতি আট হাজার টাকা রাজস্ব দিতে হয়। আর ডাকাতদের দিতে হয় মাথাপিছু (মৌয়াল) এক হাজার ৫০০ টাকা। সেটা বনে ঢোকার আগে স্থানীয় দালালদের মাধ্যমে পরিশোধ করতে হয়। টাকা না দিয়ে বনে ঢুকে ডাকাতদের হাতে ধরা পড়লে দ্বিগুণ টাকা আদায়সহ শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সূত্র জানায়, চলতি বছর পশ্চিম সুন্দরবন থেকে চার হাজার মণ মধু ও এক হাজার কেজি মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ১ এপ্রিল থেকে সুন্দরবনে মধু সংগ্রহ শুরু হয়। চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। প্রতিটি দলে মৌয়ালদের সংখ্যা পাঁচ থেকে ১২ জন নির্ধারণ করা হয়। শুরুর মাসে ১২০টি দলের এক হাজার ১২৫ জনকে পাস দেওয়া হয়। বন বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে পশ্চিম সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের গাবুরা, মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাঘের আক্রমণে ১৫০ জন প্রাণ হারিয়েছে। অধিকাংশ বনজীবীর জীবন গেছে মধু সংগ্রহ করতে গিয়ে। চলতি মৌসুমে মধু সংগ্রহ করতে গিয়ে ইতিমধ্যে চারজন বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম ডিমওয়ালা চাক না কাটা ও আগুন ব্যবহারে সতর্ক থাকার জন্য মৌয়ালদের পরামর্শ দিয়েছেন।