একদিন হঠাৎ
সড়ক বিভাজকে বাস!রাজধানীতে বিভিন্ন রুটে চলছে ‘কাউন্টার সার্ভিস’ বাস। এতে টিকিট কেটে উঠতে হয়। যাত্রীরা ‘লোকাল’ বাসের চেয়ে এসব বাসকে কিছুটা নিরাপদ মনে করে। তবে বেপরোয়াভাবে চলতে গিয়ে নানা ধরনের দুর্ঘটনা ঘটায় বাসগুলো। সম্প্রতি আগারগাঁও এলাকায় বেঙ্গল পরিবহন নামের বাসটি রাস্তার সড়ক বিভাজকে উঠে যায়। সড়ক বিভাজকের ল্যাম্পপোস্ট ভেঙে মাঝখানে আটকে যায় বাসটি।—নুরুন্নবী হাছিবকলম না থাকলেও চাপাতি থাকে!সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যায়, পৃথিবীর সেরা দেড় হাজার বিশ্ববিদ্যালয়, এমনকি এশিয়া মহাদেশের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম। অথচ একসময় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে এখন চলে চাঁদাবাজি, রংবাজি, টেন্ডারবাজি, মারামারি, হানাহানি। সেদিন বিশ্ববিদ্যালয় থেকে হলের দিকে যাচ্ছিলাম। এফ রহমান হলের পাশে এসে মোবাইল ফোনে ফ্লেক্সিলোড করার জন্য দাঁড়ালাম। একজন ভাইয়াও হন্তদন্ত হয়ে এলেন মোবাইল ফোনে টাকা ‘ফ্লেক্সিলোড’ করার জন্য। আমি আগে এলেও তাঁর ব্যস্ততা দেখে জায়গা ছেড়ে দিলাম। তো ভাইয়া ফ্লেক্সি খাতায় নম্বর লিখতে গিয়ে দেখেন পকেটে কলম নেই, ব্যাগেও নেই। ওদিকে ফ্লেক্সিমামার কলমের কালি শেষ। শেষে আমার কলমটাই এগিয়ে দিলাম। কিন্তু অবাক হলাম, টাকা তাঁর মোবাইল ফোনে পৌঁছার সঙ্গে সঙ্গে বন্ধুকে তিনি বললেন, ‘দোস্ত, আমি চাপাতি, ওইগুলান নিয়ে বের হচ্ছি, তোরাও লাঠিসোটা নিয়ে বের হ।’ বুঝলাম, বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে। তখন অবচেতন মন বলে উঠল, বিশ্ববিদ্যালয়ের ভাইয়াদের কাছে কলম না থাকলেও চাপাতি থাকে ঢের!রোমানা রুমুবেগম ফজিলাতুননেসা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।রিকশায় বাঁধা ঘোড়া!টিএসসিতে বসে আড্ডা দেওয়ার সময় দেখা গেল রাজু ভাস্কর্যের সামনে দিয়ে একটি রিকশা চারুকলার দিকে যাচ্ছে। আর রিকশার পেছন পেছন যাচ্ছে একটি ঘোড়া। লালরঙা ঘোড়াটি দড়ি দিয়ে রিকশার সঙ্গে বাঁধা। রিকশার সঙ্গেই আস্তে আস্তে এগোচ্ছে ঘোড়াটি। ঘোড়ার পেছনে গাড়ি দেখে অভ্যস্ত যারা, তাদের কাছে গাড়ির পেছনে ঘোড়া বাঁধার এই দৃশ্য মোটেই পরিচিত নয়। এ সময় পাশের রিকশায় থাকা এক ছেলে তার সঙ্গীকে বলছিল, ‘দেখ দেখ, রিকশায় চড়িয়া ঘোড়া হাঁটিয়া চলিল।’ অল্প কিছুদূর যাওয়ার পর রিকশাটি চারুকলার গেটের সামনে গিয়ে থামল। রিকশার ভাড়া চুকিয়ে দিয়ে রিকশা-আরোহী এবার দড়ি খুলতে লাগলেন। এতক্ষণ তাঁর সঙ্গে থাকা ঘোড়াটিই বাঁধা ছিল রিকশার পেছনে। ঘোড়াটি সঙ্গে নিয়ে তিনি রাস্তা পার হয়ে ছবির হাটের দিকে হাঁটা শুরু করলেন। —অর্ক আসিফঅবরুদ্ধ যাত্রীছাউনি!দিন কয়েক আগে তাঁতীবাজার মোড়ে বানানো হয়েছে একটি যাত্রীছাউনি। ইংলিশ রোড পার্কের পাশের এই ছাউনিটিতে পথচারীদের বসার জন্য রয়েছে ধাতব বেঞ্চ। কিন্তু বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এখানে ছাউনি রয়েছে। কারণ, ছাউনিটির সামনে ও পাশে ট্রাক ও রিকশাভ্যান অবৈধভাবে রাখায় এটি অবরুদ্ধ হয়ে পড়েছে। তাই ছাউনি থাকলেও যাত্রীদের বসার সৌভাগ্য হয় না। রাস্তার ধারে অপেক্ষমাণ পথচারী লুসি রহমান আক্ষেপের সুরে জানান, ‘এখানে যে যাত্রীছাউনি আছে সেটা বোঝাই যায় না। চারদিকে ট্রাক আর ভ্যানের জটলা। যাত্রী যদি বসার ছাউনি দেখতেই না পায়, তবে এটা বানানোর কী দরকার ছিল? এ ছাউনি যারা বানিয়েছে তারা কি এ ব্যাপারে সচেতন নয়?’ —আজহার হোসেনসবই অর্ধেক‘ফাও’ শব্দটির সঙ্গে বাঙালির সখ্য বহুদিনের। বিভিন্ন সময় নানা পরিচয় ব্যবহার করে ফাও সুবিধা বাগানোর ধান্ধা থাকে অনেকেরই। এই সেদিন চার তরুণ বাণিজ্য মেলার উদ্দেশে ‘সিটিং সার্ভিস’-এর একটি গাড়িতে উঠল নীলক্ষেত থেকে। কিছু দূর গিয়ে কন্ডাক্টর বাসের ভাড়া চাইতে গেলে ছাত্র পরিচয় দিয়ে অর্ধেক ভাড়া দিতে চায় তারা। পরিচয়পত্র দেখতে চাইলে কন্ডাক্টরের ওপর উল্টো চড়াও হয় তারা। শেষমেশ অন্য যাত্রীদের চাপে পুরো ভাড়া দিতে বাধ্য হয় ওই চার তরুণ। দ্বিতীয় ঘটনাটি ঘটে মেলার টিকিট কাউন্টারে এসে। মেলায় পূর্ণবয়স্ক ব্যক্তি ১৫ এবং ১২-এর নিচে বয়স যাদের, তাদের টিকিটের মূল্য ধরা হয়েছে ১০ টাকা। সেখানে ছাত্রদের জন্য নেই আলাদা কোনো টিকিটের ব্যবস্থা। কিন্তু এবারও ছাত্র পরিচয় দিয়ে কম টাকায় টিকিট কাটার চেষ্টা করে তারা। এবারও নিরাপত্তারক্ষীদের হাতে অপমানিত হতে হয় সেই চার তরুণকে। তারা মেলায় গিয়ে অর্ধেক মূল্যে কোনো পণ্য কিনতে চাইছিল কি না, তা আর জানা যায়নি। চাইলে সেখানেও হয়তো এবার অর্ধচন্দ্র খেতে হতো। —নিরা শারমিনশেষ পর্যন্ত পোস্টার‘রাকিব’ নামের এক প্রতারকের প্রতারণায় অতিষ্ঠ এলাকাবাসী। স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে তিনি বিভিন্ন কায়দায় ঠকিয়েছেন লোকজনকে। শেষ পর্যন্ত এলাকাবাসী পোস্টার ছাপিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই বিচার দিতে বাধ্য হয়েছে। অবশ্য সেখানে অনুরোধ ছিল— স্বরাষ্ট্রমন্ত্রী যেন তাঁর তিলে তিলে গড়া সম্মান রক্ষার জন্য হলেও এই প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেন। গুলশান ও বাড্ডার দেয়ালে দেয়ালে এই পোস্টার দেখে মনে অবশ্য একটা প্রশ্ন জেগেছে, যাঁর জন্য এই পোস্টার, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে পড়েছে তো বিষয়টি? দেশি মানুষ কী দোষ করল?গাছের গায়ে ‘টু-লেট’ লেখা বিজ্ঞাপন কোনো নতুন বিষয় নয়। কিন্তু গুলশানে গাছে বাড়ি ভাড়ার একটি বিজ্ঞাপন দেখে চোখ কপালে ওঠার দশা। ইংরেজিতে স্পষ্ট করে লেখা আছে—শুধু বিদেশিকে বাড়ি ভাড়া দেওয়া হবে। অর্থাত্ বাংলাদেশিরা চাইলেও কিংবা সামর্থ্য থাকলেও এই বাড়িতে ভাড়া থাকতে পারবে না। কেউ যদি ভাড়াই দেন তাহলে দেশি আর বিদেশি কী? আর যদি বিষয়টা সামর্থ্যের হয়ে থাকে, তাহলে ভাড়ার পরিমাণটা উল্লেখ করে দিলেই হতো। বিদেশপ্রীতি আর কাকে বলে! —কাওছার শাকিল