একদিন হঠাৎ
বইমেলার বাঁশিওয়ালা! গায়ে লাল মখমলের আলোয়ান। তাতে পুঁতি-চুমকির কাজ করা। মাথায় নবাবি আমলের মতো টুপি পরা। তাঁর নাম মো. আলাউদ্দীন খান। বাংলা একাডেমী প্রাঙ্গণের মাঝখানে যেখানটায় ভাষাশহীদদের স্মৃতিস্তম্ভ রয়েছে, এর আশপাশেই পাওয়া যায় তাঁর দেখা। বাঁশিপাগল এই মানুষটি আপন খেয়ালে মেলার মাঠে বসে বাঁশি বাজান। বাঁশির সুর শুনে আগ্রহী অনেকেই তাঁর সম্পর্কে জানতে আসেন। তাঁদের তিনি জানান, তাঁর বাড়ি সোনারগাঁ। এখন তাঁর আবাসস্থল ঢাকার মিরপুর ১১ নম্বরে। দুই ছেলেই পড়ালেখা করে। বইমেলার সময় মেলার মাঠে বাঁশি বাজাতে ভালো লাগে বলে তিনি এখানে আসেন। হাস্যবদনের এই মানুষটি কিন্তু আবার ছোটখাটো ‘ল্যান্ডলর্ড’। তিনি জানান, ঢাকায় তাঁর বেশ কয়েকটা বাড়ি আছে। বাড়ি ভাড়ার টাকা দিয়েই দিব্যি তাঁর সংসার চলে যায়।কপিরাইট টাস্কফোর্সে বসে ঝিমানো!বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রের পাশেই রয়েছে কপিরাইট টাস্কাফোর্সের স্টল। স্টলে টানানো রয়েছে বেশ কয়েকটি ব্যানার। এর একটিতে লেখা, ‘অন্যের সম্পদ আত্মসাত্ আর কপিরাইট সমান।’ ভেতরে চেয়ারে বসে আছেন একজন লোক। এ প্রতিষ্ঠানের কাজটা কী, তা জানার জন্য স্টলে ঢুঁ মারলে তিনি বললেন, ‘আরে ভাই, হাঁটতে হাঁটতে মাজা ব্যথা হয়ে লেগে গেছে। চেয়ার-টেবিল ফাঁকা পড়ে ছিল। কেউ নেই দেখে একটু বসে ঝিমিয়ে নিচ্ছি।’মেলার মাঠে মোটরসাইকেল কার? মেলার প্রধান দুই ফটকে মেটাল ডিটেক্টর বসানো। এই ফটকের সামনে দাঁড়ানো পুলিশ সদস্যদের পার হয়েই দর্শনার্থীদের ভেতরে ঢুকতে হয়। মেলায় যদিও যানবাহন প্রবেশ নিষিদ্ধ, তার পরও মেলার তৃতীয় দিনে একটি মোটরসাইকেল দেখা গেল মেলার মাঠে। বইমেলার নজরুল চত্বরের পাশেই রাখা ছিল ইয়ামাহা গ্লাডিয়েটর মোটরসাইকেলটি। মেটাল ডিটেক্টর গেট আর পুলিশের সতর্ক চোখ ফাঁকি দিয়ে যেভাবে মোটরসাইকেলটি ভেতরে এসেছে, সেভাবে একমাত্র গ্লাডিয়েটররাই আসতে পারে! —অর্ক আসিফবাণিজ্য মেলায় তল্লাশির ফাঁদে!গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঢুকছিলাম। ঢোকার আগে মূল ফটকের পাশে রাস্তায় দাঁড়ানো একজন লোক হঠাত্ করে ডাক দিয়ে বলেন, ‘তুমি রুবেলের ভাই না?’ আমি না-সূচক মাথা নাড়লে লোকটি বলেন, ‘তুমি কি মেলায় দোকান নিয়েছ?’ আমি আবারও ‘না’ বললে, তিনি বলেন, ‘এখানে আসছ কেন?’ আমি উত্তরে বলি, ‘আমি লেখাপড়া করি, আমার এক বোন বাণিজ্য মেলায় চাকরি করে, তার কাছে যাব।’ আমি তাঁর পরিচয় জানতে চাইলাম। তখন তিনি বললেন, ‘আমি চাকরি করি গোয়েন্দা সংস্থায়। তুমি এখানে আসছ কেন? তুমি জানো না, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দেওয়ার পর এখন সারা ঢাকা শহরে তল্লাশি চলছে? আমরা যাকে সন্দেহ হয় তাকেই তল্লাশি করি।’ এর মধ্যেই তাঁর সঙ্গে আরও দুজন লোক এসে যোগ দিলেন। তারপর তাঁরা তিনজন মিলে আমাকে তল্লাশি শুরু করলেন। আমার কাছে ছিল কলেজের আইডি কার্ড আর মোবাইল ফোনসেট কেনার জন্য তিন হাজার টাকা। আমাকে তল্লাশি করে এগুলো হাতে নেওয়ার পর ওই তিনজনের একজন মোবাইল ফোনে কাকে যেন জানাল, ‘স্যার, তার সাথে আইডি কার্ড আর টাকা আছে! স্যার, তাকে কি আপনার কাছে পাঠাব?’ মোবাইল ফোনে কথা বলা শেষ করে টাকাগুলো তাঁর কাছে রেখে আমাকে আইডি কার্ড ফেরত দিয়ে মেলার সামনে একটা সাদা গাড়ি দেখিয়ে বললেন, ‘গাড়ির ভেতর আমাদের স্যার বসা আছেন, তুমি যাও, আগে আইডি কার্ড স্যারকে দেখাও, পরে টাকা নিয়ে নিবে।’ আমি সাদা গাড়ির কাছে যেতে যেতে পেছনে তাকিয়ে দেখি লোকগুলো উধাও। আমি কাছের একজন পুলিশ সার্জেন্টকে ঘটনাটি জানাই। কিন্তু ততক্ষণে ওই লোকগুলো হাওয়া হয়ে গেছে। বুঝতে আর বাকি রইল না আমি প্রতারকের পাল্লায় পড়েছিলাম। মোবাইল ফোনসেট কেনার স্বপ্ন বিসর্জন দিয়ে আমাকে বাণিজ্য মেলা থেকে ফিরে আসতে হলো।মো. মনিরুজ্জামানতৃতীয় সেমিস্টার, ডিপ্লোমা-ইন-মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিকানাডা-বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, ঢাকামেঝেতেই ঘুম?মেট্রো বাসে প্রচণ্ড ভিড়ের মধ্যে একটি ছেলে মেঝেতে বসে বাসের গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছিল। এটা দেখে বাসের যাত্রীরা অবাক, আবার বিরক্তও। সবাই বাসে কষ্ট করে ঝুলে ঝুলে যায়, আর এই ছেলে কিনা ঘুমায়! বাস ব্রেক কষলে ছেলেটি জেগে পাশের লোককে জিজ্ঞেস করে, ‘ভাই, এটা কোন জায়গা?’ একজন বললেন, ‘বনানী।’ ছেলেটি মাথা চুলকিয়ে বলল, ‘ও আচ্ছা, এখনো অনেক দেরি।’ পাশের আরেকজন বললেন, ‘কই যাবেন?’ ছেলেটি বলল, ‘উত্তরা থেকে উঠছি, যাব মতিঝিল। গরিব মানুষ, কাজকর্ম করি, ঘুমানোর সময় পাই না। তাই রাস্তার জ্যামে ঘুমাই। তাতেই প্রতিদিন কমপক্ষে চার থেকে পাঁচ ঘণ্টা ঘুম হয়ে যায়।’ বলেই আবার হাই তুলে ঘুমিয়ে পড়ল ছেলেটি। আশপাশের সবাই মনে হয় দীর্ঘশ্বাস ফেলল। ঢাকা শহরের যানজট দিন দিন বেড়েই চলছে। কিন্তু বর্তমানে তা কত ভয়াবহ পর্যায়ে রয়েছে, ছেলেটির কথা ও কাজেই তা প্রকাশ পায়।অহনা, বাড্ডা, ঢাকা।ধুলো তাড়াতে গিয়ে জলাবদ্ধতামেলার মাঠে ধুলো এড়াতে দর্শনার্থীদের অনেকেরই নাকে-মুখে কাপড় দেখা যায়। প্রতিবারই এই ধুলো তাড়াতে পানি ছিটায় বাংলা একাডেমী কর্তৃপক্ষ। কিন্তু পানি ছিটানোতে নেই কোনো সামঞ্জস্য। তাই বুঝি মেলার কোথাও উড়ছে ধুলো, কোথাও আবার পানি জমে একাকার। ভুল বানানে শুভেচ্ছা বইমেলা ২০১০ উপলক্ষে বাংলা একাডেমী ও আশপাশের এলাকা সেজেছে নতুন করে। শাহবাগ থেকে মেলায় যেতে যেতে অনেক কিছুই চোখে পড়ে। তার মধ্যে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে বিশাল সাইনবোর্ডও একটি। বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামের একটি সংগঠন এটি বসিয়েছে। এতে সংগঠনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে দেশবাসীকে। মেলার প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রাস্তা দিয়েই যান মেলার উদ্বোধন করতে। বোঝা গেল, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই সাইনবোর্ডটি বসানো হয়েছে। কিন্তু সাইনবোর্ডের লেখার দুটি বানানে ছিল ভুল। প্রশিক্ষণ লেখা হয়েছে ‘প্রশিক্ষন’ এবং প্রতিষ্ঠাবার্ষিকী লেখা হয়েছে ‘প্রতিষ্টাবার্ষিকী’। একজন সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে বললেন, ‘ভুল করে তারা আবার ভুল শুভেচ্ছা দিল না তো? ভাষার মাসে বইমেলায় এই ভুল মেনে নেওয়া যায় না।’চীনা মেয়ের বাংলা ভাষা বইমেলার বহেরাতলার পাশেই একটি স্টল চোখে পড়ল। ‘চীন আন্তর্জাতিক বেতার’ নামের স্টলটির সামনে দাঁড়িয়ে ছিল একজন চীনা মেয়ে। তিনি অনর্গল বাংলায় কথা বলছেন। আর তাঁকে ঘিরে উত্সুক লোকজন শুনছে তাঁর কথা। কথা বলে জানা গেল, তাঁর নাম ইয়াং ওয়েই মিং, আর বাংলা নাম স্বর্ণা। তিনি চীনেই বাংলা ভাষা শিখেছেন। ২০০২ সালে বাংলাদেশে আসেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এক বছর মেয়াদি বাংলা ভাষার কোর্স করেছেন। কাজ করেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে।—ঢাকায় থাকি প্রতিবেদক