একদিন হঠাৎ
সারথি যখন যাত্রীপ্রয়োজন বা আভিজাত্য প্রকাশ, যে কারণেই হোক না কেন, রাজধানীতে দিন দিন বেড়েই চলেছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। চাহিদা মেটাতে পাল্লা দিয়ে চলেছে গাড়ির আমদানি। দূরের পথ তো বটেই, এমনকি কাছের দূরত্ব এক লহমায় অতিক্রম করতে ব্যবহূত হচ্ছে গাড়ি। কিন্তু ব্যাপারটি যদি ঘটে উল্টো? এই ইঞ্জিনচালিত সারথি যদি যাত্রী হয়ে বসে কোনো যানে, আর সেটি যদি হয় মালটানা ঠেলাগাড়ি, তবে কেমন হয়? বিকল একটি প্রাইভেটকার সেদিন সত্যি সত্যি ঠেলাগাড়িতে চাপিয়ে ধোলাইখাল নেওয়া হচ্ছিল মেরামতের উদ্দেশ্যে। সেই দৃশ্য কোনো পথচারীর চোখই এড়িয়ে যায়নি। পথচলতি মানুষের কৌতূহল দেখে ঠেলাগাড়ির চার শ্রমিক সমস্বরে হাঁক দিচ্ছিলেন, ‘যাত্রাবাড়ী-গুলিস্তান সিটিং সার্ভিস। বসা গাড়িতে বইস্যা যাবেন, সিটিং সার্ভিস !’—শারমিন নাহারবাসে ডিজিটাল যুগউত্তরা থেকে ফার্মগেট যাওয়ার বাসের সংখ্যা খুবই কম। তাই যে কটা বাস আসে, লোকজন গাদাগাদি করে তাতেই ওঠে। এ ছাড়া উপায় কী! এমন ভিড়ে ধাক্কাধাক্কি করে উঠতে বাধ্য হয় মেয়েরাও। সেদিন মনজিল পরিবহনের বাসে প্রচণ্ড ভিড়ের মধ্যেও কিছু কলেজছাত্রী বাসে ওঠে, কারণ, এই বাসে না উঠলে তারা ক্লাস পাবে না। কিন্তু বাসে যাত্রীরা এমনভাবে দাঁড়িয়ে ছিল যে মেয়েদের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। তবু কোনোমতে দাঁড়িয়ে থাকা। এর মধ্যে বাস হঠাত্ করে এমন ব্রেক কষল যে একটি মেয়ে মেঝেতে পড়ে গিয়ে সিটের সঙ্গে মাথায় বাড়ি খায়। তখনই শুরু হয় নানাজনের নানা কথা। একজন বললেন, ‘মেয়েদের এত ভিড়ে বাসে ওঠা কী দরকার?’ আরেকজন বললেন, ‘মেয়েগুলোকে স্বাধীনতা দিয়ে দেশটা নষ্ট করল।’ একজন তো বলে বসলেন, ‘ডিজিটাল যুগ, তাই মেয়েগুলো এমন সেয়ানা হইছে!’ যে মেয়েটি পড়ে গিয়েছিল, সে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। নানাজনের মন্তব্য শুনে সে বিরক্ত। এবার আর সহ্য করতে পারল না। বলে বসল, ‘ডিজিটাল যুগে রিমোট দিয়ে যদি পুরুষগুলার মুখ বন্ধ করা যেত, তাহলেই সবচেয়ে ভালো হতো। কেউ সাহায্য করবে না মেয়েদের, শুধু পারে বড় বড় কথা বলতে!’ মেয়েটির কথা শুনে সবাই চুপ হয়ে গেল। ডিজিটাল যুগে মুখ বন্ধ রাখাই বোধহয় তাঁরা উত্তম মনে করল।—অহনা, বাড্ডা, ঢাকামেইড ইন কামরাঙ্গীরচর! সদরঘাটে সোনালী ব্যাংকের সামনের খালি জায়গায় একটি নিচু টেবিল পেতে বসে আছেন দুজন। টেবিলে নানা ব্র্যান্ডের চকলেট পরিপাটি করে সাজানো। দূর থেকে দেখে চকলেটপ্রেমী যে কেউই আকৃষ্ট হতে পারে। কিন্তু কাছে আসার পর ভুল ভাঙবে সবারই। চকলেটগুলো কোনোটাই আসল নয়। চকলেটের দেশসেরা ব্র্যান্ডগুলোর নামের অক্ষর এদিক-সেদিক করে অবিকল মোড়কে মোড়ানো চকলেটগুলো। তবে নকল হলেও দোকানের কাটতি ভালোই। কেউ বুঝে কিনছে, আবার কেউ না বুঝেই কিনছে। তখন রাস্তার ভিড়ে থাকা বাংলাবাজার বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে উঠল, ‘মেইড ইন কামরাঙ্গীরচর। খাইবেন আর ভুগবেন।’ ঢাকায় অনেক স্থানে দেখা মিলবে এমন চকলেটের। তবে কেনার আগে বুঝেশুনে কেনা ভালো। নইলে ভুগতে হবে। —আজহার হোসেনচিড়িয়াখানার শিশুপার্ক বেহাল ঢাকা চিড়িয়াখানার ভেতর শিশুদের জন্য একটি পার্ক রয়েছে। কিন্তু পার্কের ভেতর শিশুদের খেলনাগুলো সব অকেজো। দোলনা নেই, আছে শুধু খুঁটিগুলো। খেলার মতো পরিবেশ নেই। অনেক খেলনাই চুরি হয়ে গেছে কিংবা কেউ ভেঙে নিয়ে গেছে। শিশুপার্কে শিশুরা ঢুকে মন খারাপ করে চলে যাচ্ছে। অনেক দিন থেকেই এই অবস্থা। কর্তৃপক্ষের কোনো খেয়াল নেই। একজন অভিভাবক বলেন, ‘সরকারি জিনিস তো, সে জন্যই এই অবস্থা।’—রিমন রাহীচিপা গলিতে ট্রাফিক সংকেত !নবাবপুরের মূল সড়ক থেকে রায়সাহেব বাজার যাওয়ার পথে ছোট্ট গলিপথ লালচান মুকিম লেন। গলিপথে চলতে গিয়ে ট্রাফিক সংকেত দেখে থমকে দাঁড়াতে হলো। একটি বড় হলুদ বোর্ডে লাল কালিতে আঁকা আছে বিভিন্ন রকম পথচলার সংকেত। তাতে আবার উল্লেখ রয়েছে—‘রাস্তা চলার সংকেত অবশ্যমান্য’। কিন্তু এই চিপা গলিতে ‘ট্রাফিক সংকেত’ কেন? গলির পানের দোকানি জানালেন, ব্যাপারটি আসলে তেমন কিছুই নয়। ফুলবাড়িয়া বাস স্টপেজের রাস্তায় অনেক দিন পড়ে ছিল সংকেতের বোর্ডটি। এরপর মাদকসেবীরা খুলে নিয়ে এসেছে বোর্ডটি। আর এখন সেটি ব্যবহার হচ্ছে পান দোকানের দেয়াল হিসেবে !—মুহাম্মদ আজহারচাকরি হলেই বুঝবা!সেদিন বন্ধুরা মিলে ঠিক করলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাব। সাভারগামী বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়ে বেলা একটায় ও বিকেলে। সে জন্য বিশ্ববিদ্যালয়ের বাসে করে যাব বলে ঠিক করলাম। কথামতো সকালে বঙ্গবাজার মোড়ে (যেখান থেকে জাবির বাস ছাড়ে) এসে দাঁড়িয়ে ছিলাম। হঠাত্ দেখলাম, একজন ট্রাফিক পুলিশ বঙ্গবাজার মোড় থেকে ফজলুল হক হলের গেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে রিকশাচালকদের বাধা দিচ্ছেন। তবে পাঁচ থেকে ১০ টাকা দিলে ছেড়ে দেন। এক যাত্রী দুই টাকা দেওয়ায় তাঁকে যেতে না দিয়ে উল্টো গালমন্দ করলেন। যাত্রীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়ায় তাঁকে ছেড়ে দেন। এ দৃশ্য দেখে কাছে গিয়ে ট্রাফিক পুলিশটিকে জিজ্ঞেস করলাম, ‘আপনি যে টাকা নিয়ে যেতে দিচ্ছেন, এটা তো দুর্নীতি।’তিনি বললেন, ‘চাকরি হলেই বুঝবা কেন নিই। দুই থেকে তিন লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে কতই বা বেতন পাই?’—ইসমাইল হোসেন মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়